কাপ্তাইয়ে প্রচারণায় হাতি-নৌকা সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাইয়ে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার
কাপ্তাইয়ে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার

দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাহাড়ি জনপদ কাপ্তাই সরগরম গয়ে উঠেছে। রাঙামাটি আসনে ছয়জন প্রার্থী থাকলেও কাপ্তাইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারের প্রচারণাই চোখে পড়ছে। দুই প্রার্থীই নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী।
আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে কাপ্তাইসহ রাঙামাটির ১০ উপজেলায় চষে বেড়াচ্ছেন দীপংকর তালুকদার। অপর দিকে হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারও রাঙামাটির বিভিন্ন এলাকায় জোরেশোরে প্রচারণায় নেমেছেন। কাপ্তাই উপজেলার বড়ইছড়ি, নতুনবাজার, চিৎমরম, শীলছড়ি, ওয়াগ্গা, চন্দ্রঘোনা ও রাইখালী এলাকায় এই দুই প্রার্থীর পক্ষে এক সপ্তাহ ধরে চলছে প্রচার অভিযান। এ ছাড়া উপজেলার নানা স্থানে পোস্টারও সাঁটানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হলেও ঊষাতন তালুকদারের পক্ষে প্রচারণায় নেমেছেন জনসংহতি সমিতির নেতা-কর্মীরা। জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, ‘আমাদের দল নিবন্ধিত না হওয়ায় এবার নির্বাচনে কোনো দলীয় প্রার্থী নেই। তবে দলের পক্ষ থেকে ঊষাতন তালুকদারকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। তাঁর পক্ষে আমাদের কর্মীরা দুর্গম এলাকাগুলোতেও প্রচারণা চালাচ্ছেন।’
দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে মাঠে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংশুচাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা বলেন, ‘কাপ্তাইয়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের সব সংগঠনের নেতা-কর্মীরা দীপংকর তালুকদারের পক্ষে কাজ করছেন। তাঁকে আবার বিজয়ী করার জন্য আমরা ৫ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকব।’

টেকনাফ সদরে চাঁদের গাড়িতে মাইক লাগিয়ে চলছে নির্বাচনী প্রচারণা  প্রথম আলো
টেকনাফ সদরে চাঁদের গাড়িতে মাইক লাগিয়ে চলছে নির্বাচনী প্রচারণা প্রথম আলো

গত ২৯ ডিসেম্বর কাপ্তাইয়ে কথা হয় দীপংকর তালুকদারের সঙ্গে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুখে যা বলে কাজেও তাই করে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই হচ্ছে তার প্রমাণ। কাজেই মানুষজনকে আর নতুন করে কিছু বলার নেই। আমি যেখানেই যাচ্ছি, সবার ইতিবাচক সাড়া পাচ্ছি। আগামী ৫ জানুয়ারি দলে দলে মানুষ নৌকায় ভোট দিয়ে রাঙামাটির আসন আবারও শেখ হাসিনাকে উপহার দেবেন।’
একই দিন কথা হয় স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারের সঙ্গে। তিনি বলেন, ‘ফাঁকা বুলিতে পাহাড়ের মানুষকে আর ভোলানো যাবে না। রাঙামাটির মানুষ গত পাঁচ বছরে কতটুকু শান্তিতে ছিল সেটা মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায়। ১৬ বছর অতিক্রান্ত হলেও পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন হয়নি। আমরা যেখানে যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ হাতি মার্কায় ভোট দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। ৫ জানুয়ারি হাতি মার্কারই বিজয় হবে।’