কাপ্তাইয়ে প্রথমবারেই বিএন স্কুলের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। তবে বাংলাদেশ নৌবাহিনী (বিএন) স্কুল প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছে। ১৬ মে বিএন স্কুলের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান জানান, ‘১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হবার পর এবারই প্রথম আমাদের বিদ্যালয় এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর আগে অন্যান্য বিদ্যালয়ের নামে আমাদের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিত। এবার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন।’ কৃতী শিক্ষার্থীদের আজ (২০ মে, বৃহস্পতিবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা দেওয়া হবে।বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আফরোজ, শামীমা নাসরিন, মুর্শিদা আক্তারসহ আরও কয়েকজন জানান, ‘শিক্ষকদের আন্তরিকতা এবং নৌবাহিনী কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভে সাহায্য করেছে। পাশাপাশি নিয়ম মেনে লেখাপড়া করার ফলে আজ আমরা আনন্দের হাসি হাসতে পারছি।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৭১ জন। পাস করেছে ৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাসের হার ৯২ দশমিক ৯৫। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন জানান, গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বেড়েছে একজন। তিনি বলেন, ‘চাপে পড়ে যেসব দুর্বল ছাত্রকে পরীক্ষায় অংশ নেবার সুযোগ দেওয়া হয়েছিল তারাই অকৃতকার্য হয়েছে। নয়তো আমাদের বিদ্যালয়ও শতভাগ পাসের তালিকায় থাকত।’ কেপিএম উচ্চবিদ্যালয় ও কলেজের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩ জন পাস করেছে। উপজেলায় মোট ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৮ জন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৩১ ভাগ। ২৩ জন জিপিএ-৫ পেলেও অকৃতকার্য হয়েছে ৩৪ জন। পাসের হার ৮৪ দশমিক ৫২। এ ছাড়া নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন, কাপ্তাই উচ্চবিদ্যালয় থেকে তিনজন এবং পাহাড়িকা উচ্চবিদ্যালয় থেকে দুজন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা শতভাগ পাসের তালিকায় আছে।