কাপ্তাইয়ে বৃষ্টিতে লাখ টাকার আম নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার সাত একর জমিতে আম্রপালির বাগান করেছিলাম। গাছে প্রচুর আমও ধরেছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টির পর গাছের অনেক আম ফেটে যায় ও ঝরে পড়ে। সব মিলিয়ে খুব ক্ষতি হয়ে গেল।’কাপ্তাই উপজেলার ওয়াগ্গা এলাকার আমচাষি অরুণ তালুকদার এভাবেই তাঁর ফলবাগানের ক্ষতির চিত্র তুলে ধরলেন। অরুণ জানান, বৃষ্টিতে তাঁর বাগানের পাঁচ লাখ টাকার আম নষ্ট হয়েছে। তিনি বলেন, ‘গত ২৮ জুন গাছ থেকে আম পাড়ার কথা ভাবছিলাম। কিন্তু টানা সাত দিনের বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ওই ভারী বৃষ্টিতেই বাগানের আম নষ্ট হয়ে যায়। বাগান করার জন্য ছয় লাখ টাকা খরচ করেছি। দৈনিক আড়াই শ টাকা মজুরিতে প্রতিদিন ১২ থেকে ১৫ জন শ্রমিক খেটেছে। এখনো বাগানে শ্রমিক নিয়োগ রয়েছে। তাঁদের মজুরি যথারীতি চলছে। কিন্তু বাগানে বর্তমানে যে আম রয়েছে তাতে খরচ উঠবে না।’সম্প্রতি বৃষ্টিপাতের কারণে কাপ্তাই উপজেলায় বেশ কয়েক লাখ টাকার আম নষ্ট হয়েছে। উপজেলার বেশির ভাগ বাগানেই এমন চিত্র দেখা গেছে। টানা বৃষ্টিতে বহু বাগানের আম্রপালি জাতের আম গাছে থাকা অবস্থায় ফেটে গেছে। ৭ জুলাই ওয়াগ্গা এলাকায় সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, অসংখ্য পাকা আমগাছের নিচে পড়ে রয়েছে। এসব আম এখন আর খাবার উপযোগী নেই। ওয়াগ্গা ইউনিয়নের অপর একটি বাগানের মালিক অজিত তালুকদার প্রথম আলোকে জানান, তিনি সাড়ে তিন একর জমিতে আম্রপালির বাগান করেছিলেন। বৃষ্টিতে তাঁর বাগানেরও মারাত্মক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন তা তিনি জানেন না। কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা হরিমোহন দাস প্রথম আলোকে বলেন, যখন আম পাড়ার সময় হয় তখন থেকেই শুরু হয় বৃষ্টি। লাগাতার ভারী বৃষ্টির কারণে আম ফেটে যায় এবং বিপুল পরিমাণ আম গাছ থেকে বাগানে ঝরে পড়ে। বৃষ্টির কবল থেকে আম রক্ষার বিশেষ কোনো উপায় ছিল না বলেও তিনি মন্তব্য করেন। বাগানের গুণগত মান ঠিক রাখতে ঝরে পড়া পচা আম দ্রুত সরিয়ে ফেলার জন্য তিনি বাগান মালিকদের পরামর্শ দিয়েছেন বলে জানান।