কাপ্তাইয়ে বৈসাবির হাওয়া
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী মানুষ এখন দিন গুনছে। আর মাত্র কদিন পরই বৈসাবি উৎসব। ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই ও চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসবের প্রথম অক্ষর নিয়েই বৈসাবি। আলাদা আলাদা নাম থাকলেও উৎসবের মূল সুর একটাই। বিদায় জানাতে হবে পুরোনোকে আর স্বাগত জানাতে হবে নতুনকে। তিন সমপ্রদায়ের উৎসব হলেও পাহাড়ের বৈসাবি উৎসবে যোগ দেবে বাঙালিরাও। আসবেন বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক।অন্যান্য বছরের মতো কাপ্তাইয়ে এবারও বৈসাবিকে ঘিরে ঘরে ঘরে প্রস্তুতি চলছে। কাপ্তাইয়ের চিৎমরমে চিংম্রং বৌদ্ধবিহার প্রাঙ্গণে বৈসাবি উৎসব হবে প্রতিবারের মতো। বৈসাবি উদ্যাপন পরিষদের আহ্বায়ক হলাসুই মং মারমা জানান, চিংম্রংয়ে এবারের বৈসাবি উৎসবে নারী, পুরুষ, শিশু-কিশোর মিলে ১০ হাজার আদিবাসীর সমাবেশ ঘটবে। ওই উৎসবে বিপুলসংখ্যক বাঙালি অতিথিকেও আমন্ত্রণ জানানো হবে। চিংম্রংয়ের উৎসবে বান্দরবান সার্কেলের চিফ (বোমাং রাজা) অংসুই প্রু চৌধুরী ও খাগড়াছড়ির চিফ (মং রাজা) সাচিং প্রু চৌধুরী উপস্থিত থাকবেন। এ ছাড়া স্থানীয় সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেবেন উৎসবে।হলাসুই মং মারমা জানান, চিংম্রং বৌদ্ধবিহার মাঠে উৎসবের মূল আকর্ষণ থাকবে পানিখেলা। কর্ণফুলী নদী থেকে মাঠে পানি তোলার জন্য সেচযন্ত্র বসানোর কাজ চলছে। কয়েকটি নৌকায় পানি ভর্তি করে রাখা হবে। ১ বৈশাখ (১৪ এপ্রিল) উপজাতি তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসব করবে। ওইদিন আসা অতিথিদের গায়েও পানি ছিটানো হবে। এ ছাড়া ঐতিহ্যবাহী গ্রামীণ লাটিম খেলা, মার্বেল খেলা, ঘুড়ি ওড়ানো, তৈলাক্ত বাঁশে আহরণ, হা-ডু-ডু, ডাংগুলি ইত্যাদি খেলাধুলার আয়োজন থাকবে। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাগানের আয়োজন থাকবে। চিংম্রংয়ে বসবে চৈত্রসংক্রান্তির মেলা। মেলা চলবে তিন দিন।বৈসাবিকে ঘিরে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মারমা সাংস্কৃতিক সংসদ (মাসাস) ১৫ এপ্রিল উৎসবের আয়োজন করেছে। মাসাসের আহ্বায়ক অংসুইছাইন চৌধুরী জানান, উৎসবে পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ অনেক বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। বাংলা নববর্ষকে বরণ করে নিতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে বাঙালিরাও। চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজকলের কর্মকর্তা কল্যাণ সমিতি, মহিলা ক্লাব এবং ভিউ ক্লাব যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কাপ্তাই নৌবাহিনী, চার বিজিবি, কাপ্তাই উপজেলা প্রশাসন, প্রথম আলো বন্ধুসভা, চম্পাকুঁড়ি খেলাঘর আসর, লালন সংঘসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। প্রতিটি উৎসব যাতে নির্বিঘ্ন ও আনন্দমুখর হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ সিদ্দিকী ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহ।