কাপ্তাইয়ে ব্যতিক্রমী আয়োজন
সারা দেশে ছাত্রলীগের বিরুদ্ধে যখন একের পর এক অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আসছিল তখন কাপ্তাই উপজেলা ছাত্রলীগ ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। উপজেলা ছাত্রলীগ বিভিন্ন বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। নিরপেক্ষভাবে আয়োজিত এ প্রতিযোগিতায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। কেপিএম স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, তাঁর প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিনি বলেন, ‘কুইজগুলো আমি পড়েছি। সেগুলো ছিল শিক্ষণীয় এবং সময় উপযোগী।’১৬ মে কর্ণফুলী কাগজকল (কেপিএম) উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফিজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী। বক্তব্য দেন কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, কেপিএম সিবিএর সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, নুরুল্লাহ ভূঁইয়া ও মোহাম্মদ হানিফ।বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগ গতানুগতিক ও সমালোচিত হবার মতো কোনো কাজ না করে কুইজ প্রতিযোগিতার মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।