কাপ্তাইয়ে মাধ্যমিকের এক হাজার শিক্ষার্থী পাঠ্যবই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে মাধ্যমিক পর্যায়ের এক হাজার শিক্ষার্থী এখনো বিনা মূল্যের পাঠ্যবই পায়নি। বইয়ের জন্য শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার দপ্তরে ধরনা দিচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে সুষ্ঠু সমাধান দিতে পারেননি।চন্দ্রঘোনা কেপিএম উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্রী রুসসামা মৌফুল জানায়, সে বিদ্যালয় থেকে ছয়টি বই পেয়েছে। আরও নয়টি বই প্রয়োজন। অভিভাবক কাউছার জাহান চৌধুরী জানান, তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও বই জোগাড় করতে পারেননি। বছরের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উপজেলার বেশির ভাগ বিদ্যালয়েই প্রয়োজনীয় বই সরবরাহ করা হয়নি বলে জানা গেছে। নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল বড়ুয়া জানান, তাঁর বিদ্যালয়ের সব শিক্ষার্থী এখনো পর্যন্ত বই পায়নি। ফলে অনেকে বিদ্যালয়ে আসছে না। ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণ মিত্র জানান, তিনি একাধিকবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ধরনা দিয়েও বই জোগাড় করতে পারেননি।১১ মার্চ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল শতভাগ শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিতে পারেননি বলে স্বীকার করেন। তিনি জানান, কাপ্তাইয়ে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে চার হাজার ২২ জন। রাঙামাটি জেলা শিক্ষা কার্যালয় থেকে বই পেয়েছেন তিন হাজার ২৫০ সেট। তাই বাকি শিক্ষার্থীর হাতে এখনো বই তুলে দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, ‘বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র অনুপাতে বইয়ের জন্য যেরকম চাহিদা দিয়েছে সেই মোতাবেক নতুন বইয়ের জন্য গত বছর কেন্দ্রে (রাঙামাটি) চাহিদা পাঠানো হয়। ওই চাহিদামতো বই পেয়েছিও। কিন্তু বছরের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রভর্তির সংখ্যা বেড়ে যায়। যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে থেকে অনুমান করতে পারেনি। অতিরিক্ত ছাত্ররাই এখনো বই পায়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম বলেন, ‘এ বিষয়ে উপজেলা প্রশাসনের কিছু করার নেই।’ তবে নতুন করে বইয়ের জন্য চাহিদা পাঠানো হয়েছে বলে তিনি জানান। কিন্তু চাহিদা অনুযায়ী বই পাওয়া যাবে কি না তা তিনি নিশ্চিত করতে পারেননি। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ইন্টারনেটে সব বইয়ের পাণ্ডুলিপি রয়েছে। প্রয়োজন হলে ইন্টারনেট থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করা যাবে। কিন্তু বাজারে বিক্রির উদ্দেশ্যে কেউ এ ধরনের বই বাজারজাত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি ছাত্রদের সুবিধার্থে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় টাকা নিয়ে বই সরবরাহ করেন সে ক্ষেত্রে প্রশাসন হয়তো কোনো হস্তক্ষেপ করবে না।’