কাপ্তাইয়ে শিশুসদনের ঝুঁকিপূর্ণ ভবনে বাস করছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা ও শিশুসদনের নড়বড়ে ভবনে ঝুঁকি নিয়ে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। বাঁশের বেড়া ও টিনের ছাউনি দেওয়া দোতলা ভবনটি একদিকে হেলে পড়েছে। এর খুঁটিগুলো জীর্ণ। সামান্য বাতাসে পুরো ঘর নড়ে ওঠে। ১৮ এপ্রিল সরেজমিন গেলে মাদ্রাসার তত্ত্বাবধায়ক সৈয়দ আহমদ শকুর প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে ৩৩৫ শিক্ষার্থীর সবাই সারাক্ষণ ভয়ের মধ্যে থাকে।’ মাদ্রাসার শিক্ষক মো. একরাম বলেন, ‘শুধু শিক্ষার্থীরা নয়, আমরা ১৭ শিক্ষক-কর্মচারীও আতঙ্কের মধ্যে আছি। কখন যে নড়বড়ে ভবনটি হুড়মুড় করে মাথার ওপর ভেঙে পড়ে—এ ভয়ে সবাই অস্থির থাকি।’ মাদ্রাসা পরিচালিত শিশুসদনের আবাসিক ছাত্র মো. সোলায়মান ও সাব্বির হোসেন জানায়, তারা এখানে সব সময় শঙ্কিত থাকে। মাদ্রাসার ছাত্র সাইফুল হোসেন, মো. সালাহউদ্দীন, সকিবুর মুহিত জানায়, ‘একটু জোরে বাতাস হলেই মনে হয় এই বুঝি ভেঙে পড়ল। আর বৃষ্টি বা ঝড় তুফান হলে আতঙ্কে আমরা সবাই দিশেহারা হয়ে পড়ি।’ তত্ত্বাবধায়ক সৈয়দ আহমদ শকুর জানান, ভবনটি কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অংসুই চাইন চৌধুরী জেলা পরিষদের অর্থায়নে ২০০৮ সালে একটি পাকা ভবন করে দেন। কিন্তু ওই ভবনে ছাত্র সংকুলান হয় না। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহার করতে হয়। তিনি আরও জানান, জরাজীর্ণ ভবন ভেঙে ফেলার জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু উপজেলা প্রশাসন ভেঙে ফেলার বদলে ভবন সংস্কার করার ব্যাপারে জোর দেয়। কিন্তু সংস্কারকাজও এগোচ্ছে না। তা ছাড়া বর্তমানে ভবনের যে অবস্থা তাতে ওই ভবন সংস্কার করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী মাদ্রাসা ভবনের দোতলা টিনের ছাউনির কাঁচা ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ার কথা স্বীকার করেন। ঝুঁকিপূর্ণ ওই ভবনটি নতুন করে নির্মাণ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিষয়টি পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তাঁর নির্দেশ পাওয়া গেলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।