কাপ্তাইয়ে হাতে হাতে নিষিদ্ধ পলিথিন
কাপ্তাইয়ের হাটবাজারে অবাধেই ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। মাছ, মাংস, তরকারি থেকে শুরু করে যাবতীয় পণ্য পলিথিনে করেই দিচ্ছেন দোকানিরা। ব্যবহারের পর যত্রতত্র পলিথিন ফেলায় ভরাট হচ্ছে নালানর্দমা।এদিকে সম্প্রতি পলিথিন ব্যবহার ও মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত উপজেলার পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। অভিযানে কাপ্তাই নতুন বাজারের ঝলক বিতান থেকে প্রায় এক মণ পলিথিন উদ্ধার করা হয় বলে নির্বাহী কর্মকর্তা কাজি মো. আব্দুর রহমান জানান।সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই উপজেলার কলাবাগান, দোভাষী বাজার, বারঘোনা বাজার, নতুন বাজার, বরইছড়ি বাজার, চিৎমরম বাজার, রাইখালীসহ স্থানীয় সব বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহার হচ্ছে। উপজেলা বাজার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে বাজারে তদারকির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, কোনো দোকানে নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।