কাপ্তাইয়ের ঘরে ঘরে ডায়রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে ডায়রিয়া আশঙ্কাজনকহারে বেড়েছে। চন্দ্রঘোনা, কাপ্তাই, রাইখালী ও ওয়াগ্গা ইউনিয়নে বিপুলসংখ্যক নারী পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।কাপ্তাই উপজেলার মারমাপাড়ায় ডায়রিয়ায় গত ১২ এপ্রিল সাইপ্রুচিং মারমা (৩২) মারা গেছেন। গত ২৩ এপ্রিল মারা যান চিৎমরম ইউনিয়নের মাবিয়া খাতুন (৭০)। মাবিয়া খাতুনের ডায়রিয়ায় আক্রান্ত নাতিনকে গত ২৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গত কয়েকদিনে স্থানীয় প্রতিটি হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় বেড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ২ মে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দেখা গেছে, আটজন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশু। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ হাসান চৌধুরী জানান, প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তিনি সবাইকে বেশি করে পানি পান করার পরামর্শ দেন এবং বাসি ও খোলা খাবার না খেতে অনুরোধ জানান। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান মিশন হাসপাতাল, কেপিএম হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং পিডিবি হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে।এর আগে গত ৩০ এপ্রিল সরেজমিনে চন্দ্রঘোনা দোভাষী বাজারে দেখা গেছে চিকিৎসক এসএ চৌধুরী, তাপস দেব ও মো. কাউসারের চেম্বারে ৫০-৬০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে শিশুর সংখ্যাই ছিল বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম মারমাপাড়ায় ডায়রিয়ায় এক আদিবাসীর মৃত্যু হয়েছে বলে জানান। ডায়রিয়া আক্রান্ত এলাকায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও খ্রিশ্চিয়ান মিশন হাসপাতালের চিকিৎসা প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও তিনি জানান।