যন্ত্রটি আপনার কাপড় ধুয়ে তো দেবেই, তাতে ইস্ত্রির ভাঁজও করে দেবে। জাপানি ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক এই স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন বানিয়েছে। এটি বাজারে আসবে ২০১৯ সাল নাগাদ। ‘লনড্রয়েড’ নামের একটি রোবট এই ওয়াশিং মেশিন নিয়ন্ত্রণ করবে।
এমন হরেক রকম অত্যাধুনিক পণ্যের পসরা বসেছে বার্লিনে। নাম আইএফএ ফেয়ার। সেখানকার বড় আকর্ষণ ভার্চু৵য়াল রিয়েলিটি হেডসেট। এটির সাহায্যে পাওয়া যায় বিভিন্ন দৃশ্য ও আওয়াজ অনুভবের বাস্তব অনুভূতি। আর কী কী আছে ওই মেলায়? এমন কয়েকটি উদাহরণ:
রেস্তোরাঁয় গত রাতের খাওয়াটা হয়তো চমৎকার ছিল। কিন্তু আপনার পরনের জ্যাকেট পোশাক থেকে যদি দুর্গন্ধ বেরোয়, সেই খাবার উপভোগের আনন্দ অনেকটাই মাটি হয়ে যেতে পারে। এ সমস্যার সমাধান দিয়েছে জার্মান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্স। কী সেটা? জামাটা শুধু ওয়াশিং মেশিনে দিয়ে দিন। নিমেষে এটি দুর্গন্ধ দূর করে দেবে। যে প্রক্রিয়ায় এ কার্য সমাধা হবে, তার নাম ‘সেনসোফ্রেশ’।
এসএমএস পাঠাতে চান? সে জন্য ফোনটা বের করতে হবে। সেই ঝক্কি এড়ানোর উপায়ও আছে। অথবা আপনি কি চান, কানে কানে কেউ বলে দিক আবহাওয়ার পূর্বাভাস? এসব সুবিধার জন্য আপনাকে সনি ‘এক্সপেরিয়া ইয়ার’ নামের একটি ছোট্ট ব্লুটুথ ইয়ারফোন কানে লাগাতে হবে। এটি আপনার স্মার্টফোনকে বলে দেবে এসএমএস পাঠানোর কথা। আবার বিভিন্ন তথ্য উচ্চারণ করে শোনাবে আপনাকে। সনি মোবাইল ফ্রান্সের মহাপরিচালক জ্যঁ-রাউল দো গোলি বলেন, এটা কেবল ব্লুটুথ ইয়ারফোন নয়, বরং একজন ব্যক্তিগত সহকারীর মতো। এর সাহায্যে আপনি স্মার্টফোন না ছুঁয়েই অনেক কাজ করে নিতে পারবেন।
এবার শুনুন স্মার্টওয়াচের কথা। ফিক্সিটাইম নামের এই ঘড়ি কেবল পূর্ণবয়স্কদের জন্য নয়, ছোটদেরও কাজে লাগে। জিপিএস প্রযুক্তির সাহায্যে স্মার্টফোনের সঙ্গে যুক্ত এই ঘড়ির সাহায্যে মা-বাবা জানতে পারবেন, তাঁদের সন্তান ঠিক কোন জায়গাটায় আছে। পোষা প্রাণীকে অনুসরণের কাজেও এই প্রযুক্তি ব্যবহারের সুবিধা রয়েছে।
মোটরগাড়িতে জিপিএসের ব্যবহার আগেই শুরু হয়েছে। এবার মোটরবাইক বা স্কুটারেও তার ব্যবহার শুরু হয়েছে। হ্যান্ডেলবারে লাগানো এই যন্ত্র স্মার্টফোনের একটি অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করতে হয়।