কাপড়ে ঘামের দুর্গন্ধ এড়াতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে মানুষের জীবন যেন অতিষ্ঠ। আর এই অসহনীয় গরমের কারণে মানুষের শরীর থেকে নিঃসৃত হয় প্রচুর পরিমাণে ঘাম। এই ঘাম পরনের কাপড়ে দুর্গন্ধ সৃষ্টি করে। সাধারণত লবণাক্ততার কারণে ঘর্মাক্ত কাপড়ে দাগ পড়ে যায়। তবে একটু সচেতন থাকলে ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায়। কাপড় থেকে যেন ঘামের দুর্গন্ধ না আসে এবং কাপড়ে ঘামের দাগ যেন না পড়ে, সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন ফ্যাশন হাউস কালোর ফ্যাশন ডিজাইনার তাহসীনা শাহীন।জেনে নিন সিনথেটিক কাপড়ে ঘামের দুর্গন্ধ হয় দ্রুত। তাই সুতির কাপড় ব্যবহার করাই ভালো। কেননা সুতি কাপড় ঘাম শোষণ করে দ্রুত। ফলে ঘামের দুর্গন্ধ হয় কম। এই সময়ের আবহাওয়ার জন্য ছাপা সুতি কাপড়ের পোশাক ব্যবহার করা ভালো। কারণ, ছাপা কাপড়ে ধুলোবালি কম জমে। ফলে সহজে পরিষ্কার করে ব্যবহার করা যায়।  প্রতিদিন কাপড় ব্যহারের আগে শরীরে ডিওডরেন্ট, বডি স্প্রে কিংবা সুগন্ধি এসব ব্যবহার করলে কাপড় থেকে ঘামের দুর্গন্ধ বেরোয় না। সাধারণত ঘাম জমে কাপড়ের রং জ্বলে যায়। সে ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকতে হবে যেন কাপড়ে ঘাম জমে না থাকে। প্রতিদিন ব্যবহারের পর সুতির ব্লাউজের ঘর্মাক্ত স্থান ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে রাখতে হবে, যাতে কোনো ধরনের দাগ না পড়ে এবং দুর্গন্ধ না বেরোয়। দামি ব্লাউজ ব্যবহারের পরে ঘামে ভেজা অংশটুকু সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হবে। কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে কাপড় রাখার স্থানে রেখে দিলেও ঘামের দুর্গন্ধ হয়। কারণ ঘাম কাপড়ে বসে গেলে কাপড়ের বুননের ক্ষতি হয়, আর দুর্গন্ধটাও বসে যায়। তাই প্রতিদিনের ব্যবহার করা কাপড়গুলো পানি দিয়ে কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলতে হবে। আজকের ব্যবহারের ঘর্মাক্ত কাপড় আলসেমি করে না ধুয়ে কালকের জন্য ফেলে রাখা যাবে না। প্রতিদিনের ঘামে ভেজা কাপড় বাসায় ফিরেই কষ্ট হলেও পানি দিয়ে ধুয়ে রাখতে হবে। অন্তর্বাসগুলো প্রতিদিনই ব্যবহারের পর ধুয়ে ফেলতে হবে; না হলে ঘর্মাক্ত স্থানে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। যতবার বাইরে যাচ্ছি ততবারই ঘামে ভেজা অন্তর্বাস পরে যেন না যাই, সেদিকে লক্ষ রাখতে হবে। কখনোই ঘামে ভেজা কাপড় দলা করে রাখা যাবে না, এতে কাপড়ে তিলা পড়ে যেতে পারে। এ জন্য ব্যবহারের পরপরই ঘামে ভেজা কাপড় বাতাসে শুকিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে।