কাপড়ে দাগ লেগে গেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চকলেট খাচ্ছেন বা আইসক্রিম খাচ্ছেন, তার থেকে একটুখানি লেগে গেল পোশাকে। ব্যস, হয়ে গেল বিপদ! তরকারি বা ঝোলের দাগও কাপড়ে লাগেনি এমন মানুষের সংখ্যা কম। পকেটে রাখা কলম থেকে রং বের হয়ে লেগে গেলে তো কাপড়ের শ্রী আর দেখতে হয় না। এসব দাগ তুলতে টুথপেস্ট বা লেবু ব্যবহারের কথা আমরা জানি। এর বাইরেও আরও কিছু উপায় আছে, জেনে নিন।
১. দাগ লাগলে শুরুতে এটা-সেটা ব্যবহার না করে সবার আগে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সম্ভব হলে ৪ থেকে ৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
২. কাদার দাগ লাগলে প্রথমে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর সাবান দিয়ে ঘষুন। না উঠলে লেবু বা ভিনেগার দিয়ে ঘষে রোদে মেলে দিন।

৩. সুতি কাপড়ের দাগ তুলতে কাপড় কাচার সোডা, ক্লোরিন ব্যবহার করতে পারেন।
৪. কাপড়ে তেল জাতীয় দাগ লাগলে সেখানে পাউডার দিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন।
৫. রক্তের দাগ লাগলে অনেক সময় গরম পানি ব্যবহার করি আমরা। এতে দাগ স্থায়ী হয়। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৬. কাপড়ে চায়ের দাগ লাগলে দুধ দিয়ে ধুয়ে ফেললেও দাগ উঠে যাবে।
৭. সুতি কাপড়ে কলমের কালির দাগ তুলতে লঘু অক্সালিক অ্যাসিড দিয়ে অ্যামোনিয়া দ্রবণে ধুয়ে নিতে হবে। অ্যামোনিয়ার পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন।
৮. দাগ কখনোই এলোমেলোভাবে ঘষে তোলা উচিত নয়। তুলা বা স্পঞ্জে দাগ তোলার উপাদান নিয়ে বৃত্তাকারে ঘষবেন। তাহলে দাগ চারপাশে ছড়িয়ে পড়বে না।
৯. সস বা চকলেট লাগলে ঘষাঘষি না করে ৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন।