কাফকো স্কুলে আই জেন উৎসব
অন্তর্জালের রহস্য ভেদে মেতেছে সারা দেশ। প্রথম আলো-গ্রামীণ ফোনের উদ্যোগে চলছে আই–জেন উৎসব। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয় ১০ প্রতিযোগী, যারা অংশ নেবে পরবর্তী প্রতিযোগিতায়। কিন্তু আনোয়ারার কাফকো স্কুলের কয়েক শ শিক্ষার্থী থেকে ১০ জন বেছে নিতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আয়োজকদের। বাছাই পরীক্ষায় অনেকে সমান নম্বর পাওয়ায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।
৫ মে কাফকো স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে ইন্টারনেট সম্পর্কিত বিভিন্ন তথ্য জানানো হয় শিক্ষার্থীদের। এরপর শুরু হয় আলোচনা পর্ব। সভা সঞ্চালনা করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি শিহাব জিসান। এতে বক্তব্য দেন কাফকো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মজিদ ও বিদ্যালয়ের পরিচালনা সংসদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।
মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘প্রথম আলো দেশের প্রথম শ্রেণির পত্রিকাগুলোর মধ্যে প্রথম। তাদের সৃজনশীলকাজে সঙ্গী হতে পেরে আমরা গর্বিত।’
অনুষ্ঠানে বিজয়ী ১০ জনের হাতে হাতে অভিজ্ঞানপত্র ও গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের লোগো–সংবলিত উপহার তুলে দেন মোহাম্মদ আবদুল মজিদ।