কাফকো বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের আসর
ফলমূল থেকে তৈরি হবে বিদ্যুৎ আর আলু দিয়ে ব্যাটারি! মোটেই অবাস্তব কল্পনা নয়। হাতে-কলমে দর্শকদের বিষয়টি দেখিয়ে বিস্মিত করল আনোয়ারার কর্ণফুলী ইউরিয়া সারকারখানা (কাফকো) স্কুল ও কলেজের খুদে বৈজ্ঞানিকেরা।
বিদ্যালয়ের শিক্ষাসপ্তাহ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলা শেষ হয় ৮ মে। মেলার দ্বিতীয় দিন ৭ মে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন দেখতে এসেছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বিজ্ঞান মেলায় গণিত, জীববিজ্ঞান, রসায়ন, কৃষি ও পদার্থবিজ্ঞানের ওপর নানা প্রকল্প উপস্থাপন করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে গণিতের সাতটি প্রকল্প নজর কেড়েছে দর্শকদের। এগুলো হলো মনোরহস্য উদ্ঘাটন, আপনার জন্মদিন, গণিতের মজার খেলা, জাদুর বাক্স, অসাধারণ স্মৃতিশক্তি, ক্যালেন্ডারের পাতায় গণিতের মজা ও অবাক ব্যাপার। পাশাপাশি কৃষির ওপর ১১টি, জীববিজ্ঞানের নয়টি, রসায়নের ১৬টি ও পদার্থবিজ্ঞানের সাতটি প্রকল্প ছিল প্রদর্শনীতে।
রসায়ন ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন মজার পরীক্ষা আনন্দ দিয়েছে দর্শককে। ফলমূল থেকে বিদ্যুৎ সঞ্চালনের উপায় নিয়ে ‘ফ্রুট সার্কিট’ শিরোনামে একটি প্রকল্প উপস্থাপন করে নবম শ্রেণীর শিক্ষার্থী জিসান আহমেদ ও নিয়াজ রহমান। নিয়াজ জানায়, ‘কীভাবে ফলমূল বিদ্যুৎ বর্তনীর মাধ্যমে সঞ্চালিত হয়, আমরা তা দেখালাম।’
পাশের প্রকল্পে ষষ্ঠ শ্রেণীর ফারিহা আনজুম ও তানিয়া চৌধুরী দেখাচ্চ্ছিল আলুর ব্যাটারি বা ‘পটেটো সেল।’ ফারিহা বলে, ‘আলু থেকে কীভাবে বিদ্যুৎ সঞ্চালন করা যায়, সেটি এ প্রকল্পের মাধ্যমে দেখিয়েছি।’ মেলায় বিজ্ঞানের বিস্ময় টের পাওয়ার পাশাপাশি দর্শকেরা নিম ও নিশিন্দার উপকারিতাসহ কৃষিভিত্তিক বিভিন্ন তথ্যও জানতে পেরেছেন।
বিজ্ঞান মেলা পরিষদের আহ্বায়ক ও জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক তুহিন কুমার তালুকদার জানান, শিক্ষার্থীরা মেলায় আসা অতিথিসহ বহু দর্শককে বিজ্ঞানের নানা বিষয় দেখিয়েছে হাতে-কলমে। এতে দর্শকদের চেয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বেশি লাভবান হয়েছে। এর মধ্য দিয়ে বিজ্ঞান বিষয়ে তাদের আগ্রহ আরও বাড়বে।
বাংলা বিভাগের শিক্ষক মাঈন উদ্দিন বলেন, ‘মেলা থেকে শুধু বিজ্ঞান বিষয়ে নয়, অন্য অনেক কিছু সম্পর্কেই জানা সম্ভব। এ কারণেই প্রতিবছর বিদ্যালয়ে আমরা এ ধরনের মেলার আয়োজন করি।’
কাফকো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘আমরা প্রতিবছরই এ রকম মেলা করে থাকি। এ মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানের কঠিনতম বিষয়গুলো হাতে-কলমে প্রদর্শন করে। এতে করে তাদের সৃজনশীলতারও বিকাশ ঘটে।’