কাবাবপাড়ায় বিকেলের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাজির দেউড়ি মোড় থেকে স্টেডিয়ামের পথে একটু গেলেই নাকে লাগবে কাবাবের সুঘ্রাণ। বিকেলে এদিকটায় এলে এখানে একবার ঢুঁ মারেন না, এমন কাউকে পাওয়া মুশকিল। রকমারি কাবাবের স্বাদ নেওয়া আর ফাও হিসেবে পাওয়া আড্ডা।রাত পর্যন্ত তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সীর ম্যারাথন আড্ডা চলে এখানকার কাবাবঘর ঘিরে। এক জায়গায় চারটি কাবাবঘর গড়ে ওঠায় এটি এখন কাবাবপাড়া হিসেবে পরিচিতি লাভ করেছে।খোলা আকাশের নিচে পাতা চেয়ারে বসে দলে দলে ভাগ হয়ে আড্ডার আসর জমিয়ে তোলে তরুণ-তরুণীরা। যেন প্রাণের মেলা। পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যায়, তখন আরও বেশি সরব হয়ে ওঠে কাবাবের দোকানগুলো। বসার একটু জায়গা পেতে রীতিমতো প্রতিযোগিতায় নামতে হয়—কারা আগে বসবে। অনেক সময় জায়গা না পেয়ে অপেক্ষায় থাকে অনেকে।রয়েল হাট, দারুল কাবাব, কেজিএন ও সাকুরা কাবাব হাউস—এ চারটি দোকানের সমন্বয়ে গড়ে উঠেছে কাবাবপাড়া। চিকেন টিকিয়া, চিকেন ঝালফ্রাই, চিকেন চাপ, বিফচাপ, চটপটি, ফুসকাসহ নানা পদের খাবার রয়েছে কাবাবঘরগুলোতে।তবে এখানকার চিকেন টিকিয়ার স্বাদ অতুলনীয় বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের। রয়েল হাটের ব্যবস্থাপক ভাস্কর ঘোষ বললেন, ‘প্রতিদিন গড়ে তিন থেকে চার শ ভোক্তা আসে, যাদের মধ্যে তরুণ-তরুণীই বেশি।’ তিনি জানান, চিকেন টিকিয়া খেতে চাইলে এখানে খরচ করতে হয় ৭৫ টাকা। সর্বনিম্ন ২৫ টাকায় চটপটি আর সর্বোচ্চ ১২০ টাকায় পাওয়া যায় ব্রেইন ফ্রাই। মজাদার খাবারের সঙ্গে পানীয় মিলবে হরেক রকমের।গত রোববার বিকেলে কাবাবপাড়ায় গেলে দেখা মেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর। ‘বিশ্ববিদ্যালয়ের কাছে হওয়ায় সারা দিন ক্লাস, ল্যাব, লাইব্রেরির কাজ শেষ করে বিকেলে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ক্লাসে শিক্ষক কী পড়ালেন, পরীক্ষার ফলাফল কার কেমন হচ্ছে, ক্যারিয়ার—এ বিষয়গুলো বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াই আড্ডার মূল লক্ষ্য।’ বলছিলেন বিবিএর তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেরিন তাবাসসুম। তবে বন্ধুদের সঙ্গে খুনসুটিগুলোও বাদ পড়ে না আড্ডায়।স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবিদ হোসাইন। তিনি বললেন, ‘সপ্তাহে অন্তত একটা বিকেল এখানে কাটানোর চেষ্টা করি। পাশে শিশুপার্ক থাকায় বাচ্চারা খুব মজা পায়। আবার এখানকার চিকেনচপ এদের খুব প্রিয়। এখানে আমার নিজেরও খুবই ভালো লাগে, বিশেষ করে খোলা আকাশের নিচে বসে খাওয়াটা।’