কাবাবের টানে স্টেডিয়ামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশের ফুটপাতের ওপর ধোঁয়া ছড়ানো চুলায় তৈরি হচ্ছে নানা রকম কাবাব আর পরোটা। খোলা জায়গাটি ভরে যাচ্ছে কাবাবের ম-ম গন্ধে। সড়কের পাশেই কিছুটা নিচু এবং খোলা জায়গায় পাতা রয়েছে প্লাস্টিকের টেবিল-চেয়ার। আর সেখানে জমে উঠেছে গল্প আর অড্ডা।চট্টগ্রাম শহরের কাবাবের কথা উঠলেই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কোল ঘেঁষে গড়ে ওঠা কাবাব ঘরগুলোর নাম চলে আসে। বিকেল থেকে রাত পর্যন্ত বসে খাওয়াদাওয়া আর আড্ডার জমজমাট আসর। এখানকার কাবাবের স্বাদই আলাদা। তাই ভোজনরসিকেরা এখানকার কাবাবের টানে ছুটে আসেন বারবার। আউটার স্টেডিয়াম এলাকায় চারটি কাবাবের দোকান রয়েছে। অনেকের কাছে পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করা মানেই এই কাবাব হাউসগুলোতে ঢুঁ মারা। তরুণ-তরুণীদের আনাগোনা তো রয়েছেই। আবার পরিবারের সদস্য কিংবা অফিসের সহকর্মীদের নিয়ে অনেকে খেতে আসেন স্টেডিয়ামের বাইরের এই খোলা জায়গায়। আলো-আঁধারিতে খাওয়া ও আড্ডা দুটোই চলে। বিভিন্ন ধরনের কাবাবের পদ তো আছেই। এ ছাড়া রয়েছে নানা খাবারের আয়োজন। বন্ধুদের সঙ্গে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশেদ জামান বলেন, ‘সপ্তাহের কোনো একটি দিন বন্ধুদের সঙ্গে নিয়ে এখানে না এলে ভালো লাগে না। আড্ডা তো চলেই, আর ধোঁয়া ওঠানো ব্রেইন ফ্রাইটা খেতে এখানে আসা চাই-ই চাই।’ যেভাবে শুরুএখানকার দারুল কাবাবের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম জানান, বর্তমান চট্টগ্রাম শিশুপার্কটি তখনো স্থাপিত হয়নি। তখন এটি ছিল খোলা মাঠের মতো। দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালে বিশাল এলাকার খালি মাঠজুড়ে প্লাস্টিকের চেয়ার-টেবিল বসিয়ে কাবাবসহ অন্যান্য খাবার বিক্রির চল শুরু করে দারুল কাবাব। ১০-১২ বছর আগে ওই খোলা মাঠে পার্কটি স্থাপিত হলে দারুল কাবাব স্টেডিয়ামের পাশে স্থানান্তরিত হয়। এরপর দারুল কাবাবের পাশাপাশি ধীরে ধীরে এখানে গড়ে ওঠে রয়েল হাট, সাকুরা কাবাব এবং কেজিএন নামে আরও তিনটি কাবাবের দোকান। রয়েল হাটের জ্যেষ্ঠ নির্বাহী ভাস্কর ঘোষ বলেন, ‘এখানকার খাবারগুলো উন্নত মানের। ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের সন্তুষ্টি। কাবাবের টানে ছোট-বড় সবাই ছুটে আসে এখানে।’ খাবারের দরদামগরুর মাংসের কাবাব প্রতিটি ৬০ টাকা, খাসির কাবাব ৯০ টাকা, জালি কাবাব ৩০ টাকা, মুরগির টিক্কা ৮৫ টাকা, মুরগির মসল্লা ফ্রাই ৯৫ টাকা, রোল ৯৫ টাকা, চাপ ৯০ টাকা, ব্রেইন ফ্রাই ১৩০ টাকা, গরুর মসল্লা ফ্রাই ৯৫ টাকা, লিভার ফ্রাই ৯০ টাকা, নান রুটি ও পরোটা ১০ টাকা। এ ছাড়া প্রতি প্লেট দই ফুচকা ৬০ টাকা, পানিপুরি ৪০ টাকা, চটপটি ৩০ টাকা, কফি ২০ টাকা, লাচ্ছি ৪০ টাকা, কোমল পানীয় ২০ টাকা।