কাবাবের হাট আনন্দের বাজার
সামনে গরম কাবাব, তাই অভাব নেই কথার। কথায় কথায় কাটে বিকেল, সন্ধ্যা গড়িয়ে আসে রাত। এ যেন এক আনন্দের হাট।কাজীর দেউড়ি মোড় পেরিয়ে আউটার স্টেডিয়ামের দক্ষিণ পাশ দিয়ে কিছুটা এগোলেই দেখা মিলবে এ হাটের। এম এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ পাশে জিয়া স্মৃতি শিশুপার্কের বিপরীতে প্রতিদিন বসে আড্ডাবাজদের মেলা। তিন দশক ধরে জমজমাট এ আড্ডা। তরুণ-তরুণী থেকে শুরু করে বয়সীরাও শামিল হন আড্ডার আনন্দে। এখানে শুধু আড্ডা হয় তা নয়, অনেকে পরিবার ও বন্ধু নিয়ে কেবল খেতে আসেন। বর-কনে দেখাদেখিও হয়। আড্ডা থেকে অনেক সামাজিক ও বাণিজ্যিক উদ্যোগও নেওয়া হয়েছে। এখানে চারটি কাবাবের দোকান আছে। আউটার স্টেডিয়ামের পশ্চিম পাশে আড্ডার পসরা সাজায় সাকুরা। বসার জন্য আছে গোলঘর। তার পাশেই দারুল কাবাব। পশ্চিমে আছে রয়েল হাট, তরুলতার ফাঁকে সাজানো বসার চেয়ার-টেবিল। চারদিকে কাবাবের ম ম গন্ধ। জানা গেল, স্বাধীনতার আগে থেকেই এখানে কাবাবের দোকান ছিল। তখন এত পসার ছিল না। ১৯৮১ সাল থেকে দোকানগুলো জমজমাট হতে শুরু করে, সেই সঙ্গে জমে আড্ডাও।কথা হলো সাকুরা রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. হায়াতুন নবীর সঙ্গে। কখন থেকে এখানে চাকরি করছেন? প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘সেই ১৯৮১ সাল থেকে আমি এখানে আছি। শুনেছি স্বাধীনতার পর থেকে এখানে লোকসমাগম বাড়তে থাকে।’ তিন দশক ধরে চাকরি করছেন? প্রশ্ন করলে কথায় পেয়ে বসে তাঁকে—‘এত বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি, তাই অভিজ্ঞতা অনেক, আর মালিকও ভরসা রাখেন আমার ওপর।’ দারুল কাবাবের কর্মচারী মো. জাকির হোসেন বললেন, তাঁদের আয়োজনে অনেক কিছুই আছে—পরোটা, কাবাব, চিকেন ঝাল ফ্রাই, চিকেন টিকা, চিকেন লিভার, মগজ ফ্রাই, চিকেন ফ্রাই, কফি, লাচ্ছি আরও কত কী। কোন খাবার বেশি চলে? ‘সাধারণত কাবাবের সঙ্গে পরোটাই বেশি খান লোকজন, তবে অন্য খাবারও ভালো চলে।’ বলেন তিনি।কোন সময় লোকজনের ভিড় বেশি থাকে? জাকির বলেন, ‘সন্ধ্যার পরেই বেশি আসেন লোকজন। স্টেডিয়াম এলাকা বলে অনুশীলন শেষে খেলোয়াড়েরা এখানে আসেন খেতে। এমনও হয় অনেক সময় জায়গা দেওয়া যায় না।’ এখানে চিকেন ঝাল ফ্রাই ৭৫ টাকা, চিকেন ফ্রাই ৭৫ টাকা, টিকা ৬৫ টাকা, বিফ কাবাব ৪৫ টাকা ও পরোটা প্রতিটি ছয় টাকা। গত চার-পাঁচ বছর ধরে এই স্থানের সঙ্গে সখ্য প্রশাসনের কয়েকজন কর্মকর্তার। তাঁরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেন। সপ্তাহান্তে একবার মিলিত হন এখানে। অন্য পেশার বন্ধুরাও আসেন। কিন্তু এখন সবাই নেই, কেউ বদলি হয়ে গেছেন চট্টগ্রামের বাইরে। তবে সুযোগ হলেই তাঁরা মিলিত হন আড্ডায়। জানা গেল তাঁদের আড্ডার দলে আছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জসিম উদ্দিন, নাসির উদ্দিন খান, রবীন্দ্রশ্রী বড়ুয়া, শহীদুল আলম, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল ত্রিপুরাসহ আরও কয়েকজন। জেলা পরিষদের প্রধান নির্বাহী রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, ‘আসলে এখন ব্যস্ততা অনেক বেড়ে গেছে। আমরা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনেই বেশি সময় কাটাচ্ছি। তবে একদম আড্ডা দিই না তা নয়। মাঝেমধ্যে এখানে আসি।’কী বিষয়ে কথা হয় বেশি? উত্তরে শহীদুল আলম বলেন, ‘আসলে আড্ডা দেওয়ার সময় মনে থাকে না কোন বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি। সব বিষয়ে আলোচনা হয়। অনেক সময় আমাদের সংগঠনের বার্ষিক সভাও আমরা এখানে সেরে ফেলি।’ বদলি হয়ে কক্সবাজারে চলে গেলেও রয়েল হাট বা দারুল কাবাবের আড্ডার কথা ভুলতে পারেন না অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। ‘এখানে এলে কাজের ক্লান্তিটা দূর হয়ে যেত। মুক্ত আকাশের নিচে বসে খাওয়া আর আড্ডা চলত। এখনো চট্টগ্রামে গেলে বন্ধুদের সঙ্গে সেখানেই মিলিত হই।’চিকিৎসক জাহাঙ্গীর আলম রোগী দেখা শেষ করেই ছুটে আসেন এখানে। তিনি বলেন, ‘এখানে একদিন না এলে মনে হয় কী যেন হারিয়ে গেছে। আমাদের আড্ডার সদস্য মেজর নাসির সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেন। তিনি মুঠোফোনে প্রায়ই আড্ডায় যোগ দেন।’প্রবর্তক বিদ্যালয়ের ছাত্র সৈয়দ মিরাজ আহমেদ অনুশীলন শেষে বিদ্রোহী পেটকে বশ মানাতে এসেছে। একা কেন বন্ধুরা কই? হাসতে হাসতে উত্তর দেয় সে—‘বন্ধুদের একসঙ্গে আনলে ফতুর হয়ে যাব তো!’