কাবুল থেকে ফিরলাম
অনলাইনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি খুঁজতে গিয়ে আফগান ওয়্যারলেসের সন্ধান পেয়েছিলাম। সেটা ২০০৭ সালের কথা। বিজ্ঞপ্তি দেখে নিয়ম মেনে আবেদন করি। প্রকৌশলী হিসেবে চাকরিটা আমি পেয়েও যাই। তারপর প্রয়োজনীয় অনুমতিপত্র নিয়ে ওই বছরের নভেম্বরে আফগানিস্তানে পৌঁছাই। বর্তমানে আফগান ওয়্যারলেসের পিবিএক্স ও কন্ট্রাক্ট সেন্টার পরিচালন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি আমি।
২০০৭ সালে কাবুলে পৌঁছার পরই দেখলাম, যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানী শহরের জনজীবন স্বাভাবিক। তবে আফগান ওয়্যারলেসের কর্মীদের বাইরে যাওয়ার আগে প্রতিষ্ঠান থেকে অনুমতি নিতে হতো। বলা যায়, একধরনের নিরাপত্তা প্রটোকল মেনে চলতে হতো। কারণ, আফগান ওয়্যারলেস প্রতিষ্ঠানটি মার্কিন-আফগান যৌথ মালিকানার। অনেক মার্কিন নাগরিক কাজ করেন। তালেবানের পাশাপাশি আফগানিস্তানের অন্যান্য জঙ্গিগোষ্ঠী বিদেশি বিশেষজ্ঞদের ওপর হামলা চালাতে পারে, এই আশঙ্কা থেকে নিরাপত্তা মেনে চলা হতো। শুরু থেকে আফগান ওয়্যারলেসের কাবুলের প্রধান দপ্তরেই আমি কাজ করছি।
দেশে ফেরার দোলাচল
এই তো গত জুলাই মাসেও দেশে ছিলাম। ছুটি কাটিয়ে সে মাসেই কাবুলে ফিরে গিয়েছি। তখনো ভাবিনি, এত দ্রুত দেশে ফিরতে হবে। আগস্টের শুরুতে মার্কিন সহকর্মীদের মাধ্যমে একটি বার্তা সম্পর্কে জানতে পারলাম। কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে। কারণ, ৩১ আগস্ট মার্কিন সেনারা আফগানিস্তান থেকে পুরোপুরি নিজেদের গুটিয়ে নেবেন। আফগান ওয়্যারলেসের মার্কিন সহকর্মীদের মতো আমরাও দ্রুত কাবুল ছাড়ার সিদ্ধান্ত নিই। আমরা বলতে সহকর্মী মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। পেশায় আমার মতো তাঁরাও প্রকৌশলী। আফগান ওয়্যারলেসে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন।
এরই মধ্যে মার্কিন সৈন্যদের প্রত্যাহার ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রতিষ্ঠান ১৪ জন বিদেশি বিশেষজ্ঞের সবাইকে নিজেদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। আফগান ওয়্যারলেস কর্তৃপক্ষের সিদ্ধান্ত হচ্ছে, বিদেশিরা দেশে ফিরে অনলাইনে কাজে যুক্ত থাকবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আফগানিস্তানে গিয়ে কাজে যোগ দেবে। সেভাবেই ১৬ আগস্ট দেশে ফেরার টিকিটও কাটা হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আমাদের আর ফেরা হয়নি।
মার্কিন গোয়েন্দাদের অনুমান ছিল, আফগান বাহিনী তালেবানকে প্রতিহত করলে তাদের আফগানিস্তানের রাজধানী দখল করতে এক মাস লাগতে পারে। দেশটির সেনাবাহিনী, পুলিশের যত শক্তিমত্তা, তার পুরোটাই কাবুলজুড়ে। এই ধারণা থেকে তালেবানের কাবুল দখলে এক মাসের ধারণাটা তৈরি হয়। কিন্তু তালেবান কাবুলের কাছাকাছি চলে এলে আফগান বাহিনী ভড়কে যায়। ১৫ আগস্ট তালেবান কাবুলের গেটের কাছাকাছি পৌঁছে যায়। এ তথ্য সবার কাছে চলে আসে। সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা কর্মস্থল ছেড়ে বাড়ির দিকে চলে যান।
তালেবানের কাবুল দখলের পরপরই বিভিন্ন দেশের নাগরিকেরা আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে ওঠেন। এর পাশাপাশি মার্কিন সেনাবাহিনী, বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক সাহায্য সংস্থার সঙ্গে কর্মরত আফগান নাগরিকেরা পরিবারের সদস্যদের নিয়ে পা বাড়ান কাবুল বিমানবন্দরের দিকে। সব মিলিয়ে সেখানে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।
বিমানবন্দরে বোমা হামলা
দেশে ফেরার আশায় আমরা ২৫ আগস্ট প্রথম কাবুল বিমানবন্দরের কাছাকাছি গিয়েছিলাম। আত্মঘাতী বোমা হামলার কারণে ওই দিন ২৪ ঘণ্টার বেশি সময় অপেক্ষার পরও বিমানবন্দরে প্রবেশ করতে পারিনি। সেদিন আমরা ১৫ বাংলাদেশি এবং চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থী বিমানবন্দরে প্রবেশের অপেক্ষায় ছিলাম। সাতটি বাসে আমরা গাড়িতেই বসা ছিলাম। কিন্তু বোমা বিস্ফোরণের পর আমাদের মূল বাণিজ্যিক ফটক দিয়ে প্রবেশ করতে বলা হয়েছিল। কারণ, বিস্ফোরণের আগেও আমরা হামিদ কারজাই বিমানবন্দরের পেছনের সামরিক ফটকের কাছে ছিলাম। ওই ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করছিলাম। নিরাপত্তার ছাড়পত্রসহ আনুষঙ্গিক অনুমতি না থাকায় সেটি দিয়ে প্রবেশ করতে ব্যর্থ হই।
বাধা দেয়নি তালেবান
সেদিন ৪০ ঘণ্টা সময় নিয়ে আমাদের আবার কাবুলে ফেরত আসতে হয়। রাতে যখন ফিরি, তখন বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ছিল। বাসায় ফেরার পথে বিভিন্ন জায়গায় তালেবান গাড়ি থামিয়েছে। গাড়িতে উঠে আমাদের প্রশ্ন করেছে। সশস্ত্র তালেবান যোদ্ধাদের জানিয়েছি, আমরা বাংলাদেশের নাগরিক। এই কথা বলার পর তারা আমাদের সম্মানের সঙ্গে বাড়ির পথে যেতে দিয়েছে।
ফ্লাইট কাবুল টু দোহা
বিমানবন্দরে প্রবেশের পর আমরা সেখানে কর্মরত মার্কিন সেনা কর্মকর্তাদের কাছে যাই। তাঁদের আমরা বাংলাদেশি পাসপোর্ট দেখিয়ে বলি, আমরা দেশে ফিরতে চাই। শরণার্থী হিসেবে তৃতীয় কোনো দেশে যাওয়ার ইচ্ছা আমাদের নেই। এরপর আমাদের পাসপোর্ট দেখে মার্কিন কর্মকর্তারা কাবুল ছাড়ার অপেক্ষায় থাকা মার্কিন বিমানবাহিনীর পরের ফ্লাইটটিতে তুলে দেওয়ার আশ্বাস দেন।
২৭ আগস্ট ছিল সেদিন। কাবুলে বিমানবন্দরে যেমন বিশৃঙ্খলা দেখা গেছে, মার্কিন বিমানঘাঁটিতে বিশৃঙ্খলা বলতে তেমন কিছু ছিল না। শুধু যাঁরা ফ্লাইটে উঠবেন, তাঁদেরই বিমানঘাঁটির সামনে জড়ো করা হয়। কাবুল থেকে মার্কিন বিমানবাহিনীর ওই ফ্লাইটে প্রায় ৬০০ মানুষের মধ্যে আমরাও ছিলাম। আর ফ্লাইটের বেশির ভাগ লোকই ছিলেন আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁদের অনেকের ছিল মার্কিন পাসপোর্ট ও গ্রিন কার্ড। এ ছাড়া কিছু বেসামরিক আফগান নাগরিকও ছিলেন।
ফ্লাইটটি প্রথমে আমাদের নিয়ে কুয়েতে অবতরণ করে সেখানে জ্বালানি নেয়। এরপর আবার অবতরণ করে কাতারের দোহায়। দোহায় নামার পর উড়োজাহাজ থেকে গাড়িতে করে আমাদের মার্কিন ঘাঁটিতে নেওয়া হয়। পরের ২৪ ঘণ্টা সেখানেই ছিলাম।
ডেডলাইন ৩১ আগস্ট
মার্কিন বাহিনী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে। তালেবান ক্ষমতা নেওয়ার পর এখনো সরকার গঠনের প্রক্রিয়া শেষ হয়নি। পরিস্থিতি কোন দিকে যায়, সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। সে ক্ষেত্রে দেশে ফেরাই আমাদের একমাত্র লক্ষ্য ছিল। হয়তো এই মরিয়া মনোভাবের কারণে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মার্কিন বাহিনীর সহায়তা নিয়ে আমরা দেশে ফিরতে পেরেছি।
১৬ আগস্ট থেকে পরের দুটো সপ্তাহ আমাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল, যা কখনো ভোলার নয়। দেশে ফেরার পর পরিবার ও আপনজনদের পাশাপাশি দেশের মানুষের উৎকণ্ঠাও কেটেছে। নিজেদের ভেতরের গুমোট ভাব যেন কেটেছে। এখন আমরা ঢাকায় বসে অফিসের কাজ করছি। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, যত দিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, তত দিন বিদেশি কর্মীরা বাসা থেকেই কাজ করবেন। আমরাও অপেক্ষায় সুদিনের।
অনুলিখন: রাহীদ এজাজ