রবীন্দ্রনাথ থেকে সিকান্দার আবু জাফর। আধুনিক বাংলা কবিতার ক্রমবিবর্তনের চিহ্ন যেন ধরা আছে তাঁদের সৃষ্টিতে। দর্শকের সামনে বাংলা কবিতার রূপ, রস ও ছন্দ তুলে ধরতেই বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্র রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমকালের কবিদের ২৪টি কবিতা নিয়ে মনোজ্ঞ এক আসরের আয়োজন করে। ২ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ‘কাব্যে ছন্দে বাংলা’ শিরোনামে আয়োজিত এই আবৃত্তি অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধতায় ভাসিয়েছেন বিভাসের আবৃত্তিশিল্পীরা।
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ জায়া মুশতারী শফী। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে যারা অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে, তাদের রুখতে সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। শিল্পের মাধ্যমে সচেতন করতে হবে সবাইকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে হলে মানুষের মন থেকে সব ধরনের গোঁড়ামি মুছে ফেলতে হবে। এ সময় আরও বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, কবি জিন্নাহ চৌধুরী, আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্রের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ।
‘কাব্যে ছন্দে বাংলা’ শিরোনামের আবৃত্তি প্রযোজনার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন শামীমা শিলা। এক ঘণ্টা ৪৫ মিনিটের এ প্রযোজনায় শুরুতেই ছিল জীবনানন্দ দাশের কবিতা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, অমিতাভ দাশগুপ্ত, সুকুমার রায়, সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বুদ্ধদেব বসু, দিনেশ দাশ, ফজলে এলাহী, নির্মলেন্দু গুণ ও সিকান্দার আবু জাফরের প্রায় ২৪টি কবিতা পরিবেশনা করেন শিল্পীরা। প্রযোজনায় অংশ নেন শামীমা শিলা, গৌরী নন্দিতা, সাজন ভৌমিক, ফেরদৌস কান্তা, নারজুমা শিরিন, পূজা বিশ্বাস, ইমরান হোসেন প্রমুখ।