
‘কে যায়, নূরু নাকি রে। কোথায় যাস? কাঁধে ওটা কী। অস্ত্র কাঁধে নিয়ে আবার যুদ্ধে যাস। ক্যান, যুদ্ধ কি শেষ হয় নাই?’
খালের এপার-ওপার বাঁশের সাঁকো। এপারে বসে তাহিরুন্নেসা একা একা কথা বলেন। হাতে লাঠি। চোখে খুব একটা দেখেন না। অনেকবার একা একা ওপারে যেতে চেষ্টা করেছেন। পারেননি।
গ্রামের রহিম মিয়া বলেন, ‘চলো চাচি, তোমারে ওপারে লইয়া যাই।’ তিনি উত্তর দেন, ‘না না। আমি একাই যেতে পারব। জানস না, আমি মুক্তিযোদ্ধার মা। আমারে কি তোর সাহায্য নিতে হইব নাকি?’
রহিম মিয়া হাসেন। বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে। চাচি, তুমি একাই পার হইও।’ কিন্তু তাহিরুন্নেসা একা একা ওপারে যেতে পারেননি। মাঝেমধ্যে তাঁর মনে হয়, খালের ওপারে গেলেই ছেলের দেখা পাবেন।
‘আমার পোলাডা কেমন বদমাইশ। সেই যে এই সাঁকো দিয়া ওই পারে গেল, আর আইলো না। কী হারামি! ঠিক বাপের মতো। বাপ গেল একদিকে, ছেলে গেল আরেক দিকে।’
কারও পায়ের শব্দ পাওয়া যায়।
‘কে যায়?’
‘আমি আলাল, চাচি?’
‘আলাল, আমার পোলাডারে ধইরা নিয়া আয় তো।’
আলাল উত্তর দেয়, ‘জে আইচ্ছা।’
পাড়ার কুকুরটা এসে বসে তাঁর পায়ের কাছে।
তাহিরুন্নেসা লাঠি দিয়ে টের পান কুকুরটা এসে বসেছে তাঁর পায়ের কাছে। তিনি তাঁর লাঠি দিয়ে সামান্য আঘাত করেন কুকুরটাকে। এমন আঘাত সে অনেক পেয়েছে। এটা কুকুরটার আদর পাওয়ার ধরন।
‘এই, কে যায় রে?’
তোবারক ভূঁইয়া উত্তর দেয়, ‘তা দিয়া তোমার দরকার কী? খালি কে যায় কে যায়।’
কথা শুনে কুকুরটা ঘেউ ঘেউ করে। সে তোবারক ভূঁইয়ার দিকে তেড়ে যায়। তোবারকও কম যায় না। রাস্তার পাশের একটা ইট তুলে কুকুরটার দিকে ছুড়ে মারে। কুকুরটা ঘেউ ঘেউ করে ছুটে আসে। তোবারকের পায়ে কামড় বসিয়ে দেয়।
সেই সময়ই উল্টো দিক থেকে ফিরে আসে রহিম মিয়া। কুকুরের কামড়ানো দেখে সে খিলখিল করে হেসে ওঠে। ভয়ে তোবারক দৌড়ে ছুটে যায় পুব দিকে। কামড় দিয়ে আবার এসে বসে তাহিরুন্নেসার পায়ের কাছে।
‘কাল্লু, কারে কামড় দিলি রে?’
রহিম মিয়া উত্তর দেয়, ‘ঠিক মাইনষেরেই কামড় দিছে। তোমার পোলারে যারা মিলিটারির হাতে ধরাইয়া দিছিল।’
‘কী কইলি। কারে ধরাইয়া দিছিল?’
‘না চাচি, কিছু না। আমি বাড়ি যাই।’
তাহিরুন্নেসা কিছুক্ষণ পর আবার বলেন, ‘কে রে। নূরু নাকি রে। আইছোস বাজান?’