নেভাল অ্যাভিনিউ নামে পরিচিত এম এ আজিজ স্টেডিয়ামের পাশের রাস্তাটি পথচারী ও ভ্রমণকারীদের বিশেষ পছন্দের। তবে বছরের এ সময় পথচারীদের একটা মধুর অসুবিধা ঘটে। নেভালের গোলচত্বরের কাছাকাছি এসে তাঁদের অনেককেই কাজ ফেলে দাঁড়িয়ে পড়তে হয়। গোলচত্বরের ওপর দাঁড়িয়ে থাকা পলাশ গাছটি এর জন্য দায়ী। গাছটির ঊর্ধ্বমুখী ডালগুলোতে যেন আগুন লেগেছে।এই মধ্য ফাগুনে নগরে এখন পলাশের রাজত্ব চলছে বললে বাড়াবাড়ি হবে না। বসন্ত আসার আগে মাঘের শেষে ফুটেছে আমের মুকুল। কিন্তু আমের মুকুলের মৃদু রূপ ও গন্ধ চাপা পড়েছে প্রকট পলাশের উপস্থিতিতে। কেবল প্রকট বললে কম বলা হয়, পলাশ যেন কিছুটা পাগল, ছন্নছাড়া ও বিদ্রোহীর মতো। সংস্কৃত কবি জয়দেব বাঁকানো পলাশের পাপড়িকে বলেছেন কামদেবের নখ। প্রেমিকের হূদয়কে ক্ষত-বিক্ষত করতেই যেন ফুটেছে।চট্টগ্রাম শহরের সারি সারি বৃক্ষরাজির দলাপাকানো সবুজের মধ্যে দূর থেকে লাল কমলা ছোপ দেখে পলাশের উপস্থিতি শনাক্ত করা যায়। সড়কের পাশের ছোট ছোট টিলার ওপর বুক চিতিয়ে দাঁড়িয়ে সগর্বে বসন্তের উপস্থিতি জানান দিচ্ছে পলাশ। নগরের পাহাড়তলী, টাইগারপাস, লালখান বাজারের জিলাপি পাহাড়, ষোল শহর বন গবেষণা ইনস্টিটিউট, নন্দনকানন ডিসি পাহাড়, কোর্ট হিলসহ অনেক এলাকায় পলাশ গাছের দেখা মেলে।গাঢ় কমলা রঙের পলাশ ফুল লম্বা মঞ্জরিতে ঘনবদ্ধ হয়ে ফোটে। উদ্ভিদতাত্ত্বিক নাম butea monosperma। মাঝারি আকারের এই পাতাঝরা গাছে ফুল ফোটে বসন্তে। তিনটি পত্রিকা নিয়ে গঠিত হয় এর যৌগিক পত্র। ফুলের সঙ্গে শিম ফুলের বেশ মিল আছে। একেকটি পাপড়ি নখের মতো বাঁকানো। বসন্তের শেষে পলাশের সব পাতা ধীরে ধীরে ঝরে যায়। তখন সারা অঙ্গজুড়ে ফুল ফোটে।পলাশের নানা নামের মধ্যে কিংশুক এ দেশে কিছুটা পরিচিত। এ ছাড়া এটি প্যারট ট্রি, পলাশি, ঢাক, ফ্লেইম ট্রি নামেও নানা দেশে পরিচিত। নবাবি আমলের ঐতিহাসিক পলাশি নগরের নামও পলাশ থেকেই হয়েছে বলে ধারণা করা হয়।পলাশের আদিনিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, কম্বোডিয়া ও মালয়েশিয়ায় পলাশ গাছ জন্মায়। ঐতিহাসিকদের মতে, গঙ্গা ও যমুনা নদীর অববাহিকা ও দোয়াব অঞ্চলে একসময় ঘন নিবিড় পলাশের বন ছিল। এ দেশে আসা ইউরোপিয়ানরা পলাশের এই শোভা দেখে গাছটির নাম দিয়েছিলেন ফ্লেইম অব ফরেস্ট। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য শুরু করার পর পলাশ বন উজাড় করে তাকে কৃষিজমিতে পরিণত করে। রবীন্দ্রনাথের অনেক গানেও আছে পলাশের উপস্থিতি। ‘রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে...’ এই গানের কলিটি তার উদাহরণ হয়ে আছে। ফুলগুলি সব কথা ও শ্যামলী নিসর্গ বইয়ের লেখক উদ্ভিদবিদ দ্বিজেন শর্মার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাংলা কবিতা ও গানে পলাশ ঘুরেফিরে এসেছে। ভারতীয় পুরাণে বলা আছে, শিব ও পার্বতীর অভিশাপে অগ্নিদেব পলাশে পরিণত হন। এ কারণে পলাশ অগ্নিদেবের আরেক রূপ। ভারতে যজ্ঞের অগ্নিতে পলাশের কাঠ ব্যবহার করা হয়।’