তুমি রবে অনুভবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সংগীতশিল্পী ফিরোজা বেগম। তাঁর সঙ্গে বিটিভির সাবেক উপমহাপরিচালক কামরুননেসা হাসানের ছিল আন্তরিক সম্পর্ক। এই সুরতাপসীকে নিয়ে তিনি লিখেছেন বর্ণিল কিছু স্মৃতি

ফিরোজা বেগম (২৮ জুলাই ১৯৩০—৯ সেপ্টেম্বর ২০১৪), ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
ফিরোজা বেগম (২৮ জুলাই ১৯৩০—৯ সেপ্টেম্বর ২০১৪), ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

তিনি এমনই একজন, যিনি মাত্র নয় বছর বয়সে গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন গ্রামোফোন কোম্পানির সেকালের প্রধান সংগীতশিক্ষক কবি কাজী নজরুল ইসলামকে। আজ থেকে সেই ৮০ বছর আগে মুসলমান মেয়েদের গান করা দূরে থাক, শোনাও হয়তো নিষিদ্ধ ছিল। কিন্তু যাঁর রক্তে বইত সুরের ধারা, তাঁকে কি কখনো থামানো যায়! তিনি ফিরোজা বেগম, যাঁর কণ্ঠের নজরুলসংগীতের আভা ছড়িয়েছে সারা বিশ্বে।
সেদিনও ছিলেন জীবন্ত কিংবদন্তি! এখন অতীত হয়ে গেল সবই।
শ্রদ্ধেয় ফিরোজা আপার সঙ্গে আমার আঁতাত দীর্ঘ দিনের। আমি রেডিওতে অনুষ্ঠান ঘোষণা করি ১৯৬০-এর দশকের শেষের দিকে; সকাল সাড়ে সাতটায় তখন সিনিয়র শিল্পীরা সরাসরি গান করতেন। একদিন ভোরে আপা স্টুডিওতে গানের মহড়া দিচ্ছেন। সংগীত পরিচালক তখন আবদুল আহাদ। যন্ত্রসংগীতে থাকতেন খাদেম হোসেন খান, আবেদ হোসেন খানের মতো বিখ্যাতজনেরা।
‘আপা, কোন গানটি প্রথমে গাইবেন?’
ভুবনমোহিনী মিষ্টি হাসি দিয়ে বলতেন, ‘তুমি কেমন আছো?’

বাংলাদেশ টেলিভিশনের গানের অনুষ্ঠানের সেটে, লেখকের সঙ্গে ফিরোজা বেগম
বাংলাদেশ টেলিভিশনের গানের অনুষ্ঠানের সেটে, লেখকের সঙ্গে ফিরোজা বেগম

১৫ মিনিটের সরাসরি অনুষ্ঠান শেষে স্টুডিও থেকে বেরিয়ে যেতে যেতে কথা হতো আপার সঙ্গে। হালকা রঙের শাড়ি। গলায় লম্বা মালা। সাক্ষাৎ অপরূপা কোনো দেবী। সেই তখন থেকেই তাঁকে সবার চেয়ে আলাদা মনে হতো। পরে আমি বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে যোগ দেওয়ার খবরটা দিলে ভীষণ খুশি হয়েছিলেন।
নজরুলের জন্মদিনে আপার পরিবেশনায় অনুষ্ঠানের পরিকল্পনা করি। শুটিং হবে রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানে। আবদুল আহাদের এক ভাই বন বিভাগে চাকরি করতেন। আহাদ ভাই সব ব্যবস্থা করে দিলেন। আপাসহ আমরা সবাই মিলে রওনা দিলাম। ‘চমকে চমকে পল্লীবালা’ গানটির জন্য একজন মডেল নিয়েছিলাম। আপার গানে মেয়েটি অভিনয় করেছিল। সূর্যাস্ত পর্যন্ত শুটিং চলল। তাঁর এতটুকু ক্লান্তি বা বিরক্তি দেখিনি। কী নিষ্ঠার সঙ্গে যে আপা গানে কণ্ঠ দিলেন!
অনুষ্ঠান প্রচারিত হলো পরদিন। আপা অনেক খুশি হয়েছিলেন। তারপর কোনো অনুষ্ঠানের জন্য অনুরোধ করলে কখনোই আর ‘না’ বলতেন না। কোনো আবদারই আপা ফেরাতেন না।
একদিন আপা ফোন করলেন, ‘সামনে কমলবাবুর মৃত্যুদিবস। বিটিভিতে একটা অনুষ্ঠান করলে ভালো হয়। আমি তাঁর সুর দেওয়া কিছু গান গাইতে চাই।’
কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেল। ৩ নম্বর স্টুডিওতে রাতের বেলা অনুষ্ঠান ধারণ করা হবে। আপার অপেক্ষায় আছি। শুভ্রবসনা, রুদ্রাক্ষের মালা গলায় নম্র পদে এসে বললেন, ‘শোনো, বাসা থেকে তোমার সেটে ব্যবহার করার জন্য কিছু জিনিস এনেছি। এতে তোমার সেটের শোভা বাড়বে।’
বিটিভির তখন খুব দৈন্যদশা ছিল না। আপার আনা জিনিসগুলো সত্যিই সেটের শোভা বাড়িয়ে দিয়েছিল।
আপার মৃত্যুদিনে সেই অনুষ্ঠানের একটি গান কোনো এক চ্যানেলে প্রচারিত হলো। দেখে নিজেকে সামলাতে পারিনি।

‘প্রবাহ’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে একবার ফিরোজা আপা আর চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী মুখোমুখি আলোচনা করছেন। নানা কথার পর আপা বললেন, ‘কাইয়ুম সাহেব, আপনি তো অনেক বড় চিত্রশিল্পী। আমি একজন সংগীতশিল্পী।’ এই বলে চেয়ারের পাশ থেকে আপা তাঁর নিজের আঁকা দুটি চিত্রকর্ম তুলে দেখালেন। কাইয়ুম চৌধুরী তো হতবাক! ‘আপনি এত সুন্দর ছবি আঁকেন, তা তো জানা ছিল না!’
‘শখের বশে মাঝেমধ্যে আঁকি। আমি তো ছবি আঁকা দেখালাম। এবার আপনি একটা গান গেয়ে শোনান।’
কাইয়ুম চৌধুরী হাত জোড় করে বললেন, ‘না, না। আমি গান গাইতে পারি না। আমাকে মাফ করবেন।’
ফিরোজা বেগম ভালো ছবি আঁকতে পারতেন, অনেকেই তা জানেন না। এসব কাজ তিনি করতেন নীরবে-নিভৃতে। এমন অজস্র স্মৃতি আজ ভিড় করছে মনের মধ্যে।
একদিন রেকর্ডিং শেষে আপার সঙ্গে গল্প করছি। অপত্যস্নেহের অধিকারে জানতে চাইলাম কমল দাশগুপ্তের সঙ্গে তাঁর পরিচয় ও পরিণয়সূত্র। কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন। তারপর সেই ভুবনমোহিনী মিষ্টি হাসি ছড়িয়ে বললেন, ‘কবি নজরুল আর কমলবাবু ছিলেন হরিহর আত্মা। অল ইন্ডিয়া গ্রামোফোন কোম্পানির তাঁরা কর্ণধার। ভারতের সেরা শিল্পীরা তখন ঘরের বাইরে বসে অপেক্ষা করেন, কখন তাঁদের ডাক আসে। একদিন হেমন্তবাবু, তালাত মাহমুদ, সতীনাথসহ আরও অনেকে অপেক্ষা করছেন। আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি দূরের একটা চেয়ারে। একে একে সবাই ভেতরে গিয়ে গান তুলে চলে যাচ্ছেন। সবশেষে আমার পালা। কমলবাবুর সৌম্যমূর্তি দেখে আমি শিহরিত। এত বড় সংগীতব্যক্তিত্ব, বিশাল গড়ন, আকাশছোঁয়া প্রতিভা। তাঁর দিকে চোখ তুলে তাকাতে পারিনি। স্নেহভরে গান শুনলেন, গান শেখালেন। সেই যে শুরু। ভালোবাসার বন্ধনে গানের গুরু হয়ে গেলেন জীবনসঙ্গী।’
আরও অনেক কথা বললেন। আপা আবেগে আপ্লুত, আমি মন্ত্রমুগ্ধ।
আপার ছোট ভাই সাবেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সংগীতজ্ঞ আসাফউদ্দৌলার লেখা ও সুরে অসাধারণ কিছু আধুনিক গান করেছেন তিনি। জনপ্রিয় ব্যান্ড মাইলসের দুই তারকা হামিন-শাফিনের মা ফিরোজা বেগম যখন দেখলেন তাঁর ছেলেরা রক সংগীতের পাশাপাশি তাঁদের বাবার সুর করা নজরুলসংগীত রেকর্ড করছেন, সেদিন নিশ্চয় অনেক খুশি হয়েছিলেন।
আনিসউদ্দৌলা ভাইয়ের মেয়ে সুস্মিতা। আপা অনেক ভলোবেসে, যত্ন করে তাঁকে গান শিখিয়েছেন।
ফিরোজা বেগম আর দ্বিতীয়টি হবে না। অনন্যসাধারণ ব্যক্তিত্ব, নিভৃতচারিণী। সংগীতকে ভালোবেসে সারাটা জীবন পার করে দিলেন।
নজরুলচর্চার জন্য নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় যুক্ত হয়েছিলেন। বড় অভিমানী ছিলেন। কিন্তু কোনো অভিযোগ করেননি কখনো। ফিরোজা বেগম আমাদের জন্য রেখে গেছেন তাঁর সংগীতের অফুরন্ত ভান্ডার।

ফিরোজা বেগমকে নিয়ে আরও লেখা