কামার আহমাদ কান পেতে রই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাতা ওড়ানোর কাজ কিন্তু সহজ না। পাতা কমবেশি হয়ে গেলে মুশকিল’ হাসতে হাসতে বললেন, সাইমন। তাঁর ফেসবুকের পাতায় পরিষ্কার করে লেখা আছে, তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন স্থাপত্যবিদ্যায়। কাজ করেছেন নিজের বিজ্ঞাপনী সংস্থায়। কিন্তু পাতা ওড়ানোর কাজ? আদতে এই পাতা ওড়ানোর মাঝেই খুঁজে পাওয়া যেতে পারে আপাদমস্তক সিনেমাপাগল এক তরুণকে। তার আগে আমরা ফিরে যাব বছর বারো আগের কোনো এক সময়ে। দেখব, সিনেমা বানানোর ‘ভূত’ মাথায় নিয়ে শহর ঢাকায় ঘুরছেন এক তরুণ। নাম কামার আহমাদ সাইমন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ‘মেধাবী’ তকমা গায়ে লেগে আছে। কিন্তু স্থাপত্যবিদ্যার পড়ালেখা তাঁকে টানল না। সত্যজিতের পথের পাঁচালি চোখে লেগে ছিল। কিন্তু সিনেমার ঘোর লাগিয়ে দিল এক চীনা চলচ্চিত্র উৎসব। ‘সেবার পাগলের মতো ছবি দেখেছিলাম। মনে আছে উৎসবের একটা ছবিও বাদ দিইনি।’ সাইমন ঘুরে বেড়াচ্ছিলেন তাঁর স্মৃতির অলিন্দে। সিনেমা জিনিসটার প্রতি অপার কৌতূহলই তাঁকে টেনে নিয়ে গেল এফডিসি অবধি। কাজও পেয়ে গেলেন পাতা ওড়ানোর। ‘বাংলা সিনেমার বিভিন্ন দৃশ্যে দেখবেন অনেক সময় পাতা ওড়ানোর দরকার হয়। সেই পাতা ওড়ানোর কাজই করতাম আমি। কাজটা আসলে অতটা সহজ না।’ বলতে বলতে কোনো এক পুরোনো অভিমান যেন ফিরে এল সাইমনের মনে। সেই তারুণ্যের শুরুতে এক বুক অভিমান নিয়ে এফডিসি ছেড়েছিলেন। মনে মনে সেদিন কি কোনো একটা কঠিন প্রতিজ্ঞা করেছিলেন তিনি? সেই প্রতিজ্ঞার প্রমাণ মিলবে প্যারিসের এক চলচ্চিত্র উৎসবে। তার আগে আবার সাইমনের জীবনের গল্পে ফিরে যাই।এফডিসি ছেড়েছিলেন কিন্তু সিনেমার প্রেম কামার আহমাদকে ছেড়ে যায়নি। সিনেমা আর ক্লাসের সহপাঠী সারা আফরীন। এই দুইয়ের প্রেমেই যাচ্ছিল দিন। ২০০১ সালে হয়ে গেল দুজনে মিলে ঘর বাঁধার কাজও। নিরাপদ জীবিকার সন্ধানেই সম্ভবত কামার আহমাদ ও সারা আফরীন দম্পতি শুরু করলেন বিজ্ঞাপনী সংস্থার কাজ। কিন্তু সিনেমার ‘ভূত’ তখনো তাঁর পিছু ছাড়েনি। ‘ভূত’-এর তাড়া খেয়েই একদিন সাইমন ইস্তফা দিলেন বাকি সবকিছুতে। এর মধ্যে মাটির ময়নার মুগ্ধতা নিয়ে পরিচিত হতে গিয়েছিলেন নির্মাতা তারেক মাসুদের সঙ্গে। পরিচয় থেকে তাঁর দক্ষিণহস্ত হয়ে উঠতে দেরি হয়নি। কাগজের ফুল ছবির প্রধান সহকারী পরিচালক হওয়ার প্রস্তাবটা দিয়েছিলেন তারেক মাসুদ স্বয়ং! হ্যাঁ, স্বপ্ন এসে প্রায় ধরা দিতে যাচ্ছিল। কিন্তু পিছিয়ে গেল কাগজের ফুল ছবির কাজ। এল আরেক অভাবনীয় দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নির্মাতা তারেক মাসুদ।ঘূর্ণিঝড় আইলার ভয়াবহতা তাঁকে কষ্ট দিয়েছিল। তার চেয়েও বেশি ভাবিয়েছিল এত বড় এই দুর্যোগের খবর সংবাদপত্রের পাতায় ক্রমশ ফিকে হয়ে আসার ঘটনা। সাইমন কিছু একটা করতে চেয়েছিলেন। সেই করতে চাওয়াটাই হয়তো তাঁকে টেনে নিয়ে গিয়েছিল সাতক্ষীরার সুন্দরবনের কাছের এক গ্রামে। সেই গ্রামটার নাম সুতারখালী। আইলার ভয়াবহতার শিকার এই গ্রাম সাইমনকে টানল। গৃহবধূ রাখী তার শিশুপুত্র রাহুল আর স্বামী সৌমেন। বাস্তবের এসব বিচিত্র চরিত্র জাগিয়ে তুলল নির্মাতা সাইমনকে। শুরু হলো জীবনসঙ্গী সারা আফরীনকে নিয়ে নির্মাতা সাইমনের সংগ্রাম। পাক্কা ১৮ মাস লাগল শুনতে কি পাও তথ্যচিত্রের শুটিং শেষ করতে। মোট ফুটেজ দাঁড়াল ১৭০ ঘণ্টা! শুনতে কি পাও একে একে খুলে দিতে শুরু করল সম্ভাবনার দুয়ার। ইডফা (ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডম) একাডেমির পর পর সাইমন ২০১২ সালে ডাক পেলেন বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাস থেকে। শুনতে কি পাও আমন্ত্রণ পেল বিশ্বের অন্যতম প্রাচীন প্রামাণ্যচিত্র উৎসব লাইপজিগ থেকে। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে ছবিটি প্রশংসিত হলো। কিন্তু অল্পের জন্য ফসকে গেল পুরস্কার।পরের আমন্ত্রণ প্যারিস থেকে। সিনেমা দ্যু রিল-এর ৩৫তম আসর। লাইপজিগের হতাশা তাড়া করছিল সাইমনকে। তাই, ছবি দেখার পর শিল্পী শাহাবুদ্দীন আর পার্থ প্রতিম মজুমদারের মতো মানুষদের প্রশংসা শুনেও ঠিক আত্মবিশ্বাস পাচ্ছিলেন না। ৩০ মার্চ, ২০১৩। প্যারিস সময় রাত আটটা। জর্জ পম্পিদ্যু সেন্টারে পুরস্কার ঘোষণা চলছে। শুরু থেকেই সাইমন খানিকটা ম্রিয়মাণ। সে কারণেই মঞ্চ থেকে যখন শুনতে কি পাও-এর নাম ঘোষণা হলো, সেটা বিশ্বাস করতে দীর্ঘ সময় লাগল তাঁর। ঘোরের মধ্যেই সাইমন ফোন করলেন শিল্পী শাহাবুদ্দীনকে। ‘ভাই, ওরা তো আমাকে গ্রাঁ প্রি দিয়ে দিয়েছে!’ খবর শুনে আনন্দের আতিশয্যে নিজেকে আর ধরে রাখতে পারছিলেন না শিল্পী শাহাবুদ্দীন। ফোন রাখার আগে সাইমন ওপাশ থেকে পরিষ্কার শুনলেন—‘জয় বাংলা!’ গ্রাঁ প্রি বাংলাদেশে এসেছে। সাইমন, আপনি সামনে আরও বড় সুসংবাদ দেবেন। আমরা কান পেতে রইলাম!