বিকেলের নরম মিষ্টি রোদ মনের মধ্যে একধরনের স্নিগ্ধতা তৈরি করেছে। সেই স্নিগ্ধতাকে সাথী করে ঢাকার শিল্পকলা একাডেমীর গ্যালারিতে প্রবেশ করি। শিল্পকলা একাডেমী আয়োজিত ১৯তম জাতীয় চারুকলা পুরস্কার ২০১১-তে অংশগ্রহণকারী শিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্যগুলো সমাজ আর বিশ্বের সব অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে যেন সোচ্চার। শিল্পকলা একাডেমী আয়োজিত জাতীয় চারুকলা প্রতিযোগিতার এবারের আসরে অংশ নিয়েছেন হাজার খানেক প্রতিযোগী, যাঁদের মধ্যে ২৮৫ জনের কাজ মনোনীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মেধাবী শিক্ষার্থী কামালুদ্দিনের ‘সমাজের ব্যথা’ শীর্ষক তৈলচিত্র তাদের মধ্যে অন্যতম। এ প্রতিযোগিতায় ‘সমাজের ব্যথা’ শীর্ষক ছবির জন্য কামাল লাভ করেন দীপা হক পুরস্কার।‘সমাজের ব্যথা’ ছবিটিতে আমাদের দেশের হতদরিদ্র শ্রেণীর কথাই তুলে ধরা হয়েছে। যে শ্রেণীর মানুষেরা সমাজে নিগৃহীত, অবহেলিত, যারা কখনোই স্বপ্ন দেখতে চায় না। কারণ, তারা জানে, তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না; স্বপ্ন দেখতেও তারা ভয় পায়। ছবিটি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রইং ও পেইন্টিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী কামালুদ্দিন। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে। সাহস ও প্রতিভা একসঙ্গে মিলে গেলে নিজের মধ্যে প্রকাশ ঘটে নতুন আমির। সাদামাটা জীবন তখন রঙিন স্বপ্নডানায় ভর করে স্বপ্নবিলাসী হয়ে ওঠে। কথাগুলো গল্পের মতো মনে হলেও এমনটা ঘটেছিল কামালের জীবনে। নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা সম্পর্কে যার কোনো ধারণাই ছিল না। স্কুলজীবনে কামালের খুবই ঘনিষ্ঠ এবং প্রিয় একজন রাখাইন বন্ধু ছিলেন, যাঁর নাম মং। তাঁর সঙ্গে কামাল দিনের প্রায় অধিকাংশ সময়ই কাটাত। এর অবশ্য বিশেষ একটা কারণ ছিল, আর তা হলো মং খুব সুন্দর ছবি আঁকতে পারতেন, যার প্রতি কামালের অন্য রকম এক আকর্ষণ ছিল। মংকে অনেক বড় শিল্পী হতে হবে এবং এ ক্ষেত্রে যদি টাকা-পয়সার অভাব হয় তবে তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করবেন কামাল নিজেই—এমনই স্বপ্ন দেখতেন কামাল। কিন্তু তখন নিজের কথা ছিল তাঁর চিন্তার জগতের বাইরে। নবম শ্রেণীতে থাকা অবস্থায় একদিন মংয়ের আঁকা একটি ছবির হুবহু নকল করে নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলেন না কামাল, তাঁর দ্বারাই এটা সম্ভব হয়েছে! তখন থেকেই যাত্রা শুরু নিজের শিল্পীজীবনের। এরপর দেড় বছরের মাথায় অনেক সুন্দর সুন্দর ছবি এঁকে ফেলেন কামাল। এইচএসসি পরীক্ষার পর তাই অন্য কোনো দিকে মনোনিবেশ না করে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হয়ে যান। প্রথম বর্ষে পা রেখেই জাতীয় চারুকলা পুরস্কার প্রতিযোগিতায় তাঁর আগের আঁকা দুটি ছবি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সবার মনে নতুন এক চমক সৃষ্টি করেন। এরপর শুধুই সামনে এগিয়ে চলা। সেই থেকে শুরু করে মোট ১৯ বার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছেন। প্রাতিষ্ঠানিক পড়ালেখায়ও তাঁর জুড়ি নেই। এখনো নিজের প্রথম অবস্থানটা ধরে রেখেছেন। কামাল জানান, তিনি জীবনের যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, প্রতিটা ক্ষেত্রেই নিজেকে প্রথম সারির একজন হিসেবে দেখতে চান। আর এ জন্য প্রতিটি কাজ তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে যত্নসহকারে করেন। কোনো ধরাবাঁধা পেশার মধ্যে নিজেকে বন্দী না করে স্বাধীনভাবে ছবি আঁকার মধ্য দিয়ে কাটাতে চান তিনি। তবে চারুকলার পড়ালেখা শেষ করার পর ইচ্ছা আছে নিজের প্রিয় জন্মভূমি কক্সবাজারের মহেশখালীতে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করার, যেখানে শিশুরা বিনা পয়সায় ছবি আঁকা শিখতে পারবে। এ ছাড়া সমাজের মেধাবী ছেলেমেয়েরা, যাদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিভা লুকিয়ে আছে, জ্ঞান-বিজ্ঞানের যে শাখায়ই হোক না কেন তাদের আলোকিত করার জন্য তাদের পাশে দাঁড়াতে চান কামাল।কামালের স্বপ্নের কথা শুনতে শুনতে বিকেলের স্নিগ্ধ রোদ মিলিয়ে নেমে এসেছে সন্ধ্যার ক্ষণস্থায়ী আঁধার। যে আঁধার কামালের মতো স্বপ্নবিলাসী মানুষের দ্বারা দূর করা সম্ভব। কারণ, মানুষ স্বপ্নে বাঁচে, স্বপ্ন গড়ে এবং স্বপ্ন বুকে ধরে পাড়ি দেয় বহু দূর...।