সদর দরজার ঠিক সামনে অন্ধ ল্যাম্পপোস্টের গা-ঘেঁষে এই কামিনী ফুলের গাছটা কে লাগিয়েছিল, কে জানে? কিন্তু তরুণী রাতের এই সময় ক্লান্তিতে ভেঙে আসা শরীর টেনে বাড়ি ফেরার সময় চাপা একটা সুগন্ধ বেশ লাগে রাতুলের। প্রায়ই ঘরে ঢোকার আগে এই জায়গায় সে কিছুক্ষণ দাঁড়ায়। ‘কামিনীগন্ধা সাপের পিচ্ছিল শরীরজুড়ে মৃত্যুর সুবাতাস’ লাইনটা রাতুলের খুব পছন্দের। সেই কোন সুদূর থেকে ভেসে এসে প্লাবিত করে তাকে। ছাত্র বয়সের দুর্দান্ত সময়ে রিন্টুদা হঠাৎ একদিন উচ্চারণ করেছিল শব্দগুলো। সেই থেকে লাইনটা বয়ে বেড়াচ্ছে রাতুল। কবিতাটা রিন্টুদার আর লেখা হয়নি। ক্ষয়া ছাত্ররাজনীতির বলি হয়ে এখন তিনি কবরে। কিন্তু অতি সঙ্গোপনে এবং ভালোবাসায় আজও এ লাইনটা বুকের ভেতর বয়ে বেড়ায় রাতুল। অন্ধ ল্যাম্পপোস্ট আর কামিনী ফুলগাছটা যেখানে জড়াজড়ি করে থাকে, সেখানে দাঁড়িয়ে রাতুল মনে মনে আউড়ায় রিন্টুদার রেখে যাওয়া অসমাপ্ত কবিতার চরণ।তিন দিন ধরে ভাপসা গরম। বৃষ্টি নেই। শার্টের নিচ দিয়ে হাত ঢুকিয়ে ঘামে ভেজা পিঠ চুলকে নেয় রাতুল। কোত্থেকে দৌড়ে আসা ঝিরঝিরে বাতাসে শার্টের বোতাম খোলা বুক এলিয়ে দিয়ে দাঁড়ায় সে। এ সময়টা ওর নিজস্ব, একান্ত এবং প্রিয়। এই সময় স্মৃতিরা হুড়মুড় করে দৌড়ে এসে ডুবিয়ে দেয় তাকে। একেক দিন মনে পড়ে একেক কথা। আজ বড় জ্বালাতন করে রিন্টুদা।‘কিরে পাগলা, কেমন চলছে তোর।’রাতুল চুপ করে থাকে।‘মোহালীকে নিয়ে বেশ সুখেই তো আছিস মনে হচ্ছে। তা তুই ছেলে খারাপ না, আমি জানি। না হলে কি আর সুখে ঘর করতে দিতাম রে। দরকার পড়লে ওরও স্মৃতিতে হানা দিয়ে লন্ডভন্ড করতাম তোদের সংসার। তোকে আমি পছন্দ করি বলেই না...। দ্যাখ, বেঁচে থাকলে ওর পেটের ছেলেটা তোর না হয়ে আমারই হতো।’রাতুল তবুও চুপ করে থাকে।‘তোরা মধ্যবিত্ত মেন্টালিটির ছেলেরা কেমন যেন পানসে টাইপ। আমার অ্যাক্সিডেন্টের পর আমার প্রেমিকাকে বিয়ে করে খুব তো মহৎ সাজলি। কিন্তু আমি কি আর জানি না, তুই অনেক আগে থেকেই ওকে...। নেহাত আমার জন্য কিছু বলতে পারতি না। তা আমার মৃত্যুতে তোর সুবিধাই হলো নাকি, বল। কিন্তু রাতুল, আমার প্রেমিকাকেই নিলি, কাজটাকে নিলি না কেন রে। কী দারুণ চিন্তা ছিল তোর। সমাজ, মানুষ নিয়ে কী গভীর জ্ঞান। আমিও সময় সময় তোকে কেমন হিংসা করতাম। সেই তুই কেমন কেঁচোর মতো গুটিয়ে গেলি। রাতুল হারিয়ে গেল রাইসুল আবেদীনের আড়ালে। আমার মোহালীকে বানালি রাবাতের মা। কোনো মানে হয়? কেন বিক্রি করলি আত্মাকে? রাতুলকে গলা টিপে মারলি কিসের লোভে বল তো?’আবেদীন চুপ করেই থাকে। রিন্টুদা আরও কত কথা বলে। রাতুল শুনতে পায় না। কামিনী ফুলের গন্ধটা তীব্র হয়। চোখের সামনে দাবদাহের কুয়াশা উদ্বাহু নৃত্য করে। সে প্রাণপণে রিন্টুদার অশরীরী হাত ধরে ক্ষমা চাইতে চায়। কিন্তু ওর মাথায় কাঠঠোকরা পাখি অবিরল সুর তোলে ‘কামিনীগন্ধা সাপের পিচ্ছিল শরীরজুড়ে মৃত্যুর সুবাতাস।’ঘরের ভেতর স্টাডিরুমে টিচারের সামনে রাবাত সুর করে পড়ে, বা বা ব্লাকশিপ...।ফ্যামিলি স্পেসে বত্রিশ ইঞ্চি এলসিডি টিভিতে মিসেস আবেদীন দেখে হিন্দি সিরিয়াল...।আর সদর দরজার বাইরে অন্ধ ল্যাম্পপোস্ট আর কামিনী ফুলগাছটা যেখানে জড়াজড়ি করে থাকে, সেখানে দাঁড়িয়ে মনে মনে রাতুল আউড়ায় রিন্টুদার রেখে যাওয়া অসমাপ্ত কবিতার চরণ। বিশুদ্ধ জলে তার চোখ ধুয়ে যায়...।শহিদুল হক খান [email protected]