বাসচালক
বাসচালকেরা গতিপ্রিয়। আর মাঝেমধ্যে একে-ওকে গুঁতানোর অভ্যাসও তাঁদের আছে। তাই তাঁদের পোষা প্রাণীর তালিকায় অবশ্যই ষাঁড়কে অগ্রাধিকার দেওয়া উচিত।
সুবিধাবাদী কর্মী
অফিসের সুবিধাবাদী কর্মীরা ক্ষণে ক্ষণে রং বদলান। বস যা বলেন, তাতেই ‘জি হুজুর’। তাই তাঁদের পোষা প্রাণী হিসেবে গিরগিটিই সবচেয়ে মানানসই।
সেলফিবাজ তরুণ
সেলফিবাজদের জন্য সেলফি তুলতে যেটার দরকার পড়ে সেটা হলো সেলফিস্টিক। এ জন্য তাঁরা জিরাফ পুষতে পারেন। তাতে প্রাণী পোষাও হবে, আবার সেলফিস্টিকের অভাবও ঘুচবে।
ফেসবুক সেলিব্রিটি
রাতের পর রাত নতুন নতুন সব ইস্যু নিয়ে ভাবেন ফেসবুক সেলিব্রিটিরা। ফলে দিনের বেলাটা তাঁদের ঘুমিয়েই কাটাতে হয়। এ ক্ষেত্রে প্যাঁচাই তাঁদের প্রিয় প্রাণী হবে, সন্দেহ নেই।
সরকারি অফিসের কর্মী
তাঁদের পোষা প্রাণী হবে কচ্ছপ। এ বিষয়ে সন্দেহ প্রকাশের কোনো অবকাশই নেই। অধিকাংশ সরকারি অফিসের কাজের যে গতি, তার সঙ্গে কচ্ছপ প্রাণীটির অদ্ভুত রকমের মিল।
ট্রাফিক পুলিশ
ট্রাফিক পুলিশেরা সারা দিন ঠায় দাঁড়িয়ে থাকেন। মাঝেমধ্যে যানবাহন নিয়ন্ত্রণও করেন। তাই পোষা প্রাণী হিসেবে তাঁদের জন্য উপযুক্ত বক।
রস+আলোর লেখক
দুনিয়ার অলসদের রাজা বলা যায় রস+আলোর লেখকদের। একটা আইডিয়া বের করতে তাঁরা যে ধরনের আলস্যের উদাহরণ স্থাপন করেন, তাতে তাঁদের পোষা প্রাণী হতে পারে স্লথ।