কার স্বার্থে করা হচ্ছে তা খতিয়ে দেখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: আট-নয় বছর আগে চারদলীয় জোট সরকারের আমলে জারি করা একটি প্রজ্ঞাপন এবার অনুসরণ করে চট্টগ্রামের সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি করা হয়। এতে কমপক্ষে এক-চতুর্থাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। জনপ্রতিনিধি হয়ে কি আপনি এর প্রতিবাদ করেছেন? নুরুল ইসলাম: চট্টগ্রামের সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি-প্রক্রিয়া জেলা প্রশাসক নিয়ন্ত্রণ করেন। তিনি আমাদের কথা শোনেন না। এসব বিদ্যালয়ে কারা ভর্তির সুযোগ পাচ্ছে তা আমরা জানি না। প্রথম আলো: পদাধিকারে আপনি বড়, নাকি জেলা প্রশাসক?নুরুল ইসলাম: জনপ্রতিনিধি হিসেবে তো আমি বড়। প্রথম আলো: আপনি বড় হলে চট্টগ্রাম মহানগর এলাকায় কেন শিক্ষা সংকোচন নীতি বাস্তবায়ন করা হলো? তাও আবার আট-নয় বছর আগে জোট সরকারের জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। অথচ এটা জারি করে তা বাস্তবায়ন করেনি জোট সরকার, আওয়ামী লীগ সরকার তা করেছে। এতে কি আপনাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষতি হবে বলে মনে করেন? নুরুল ইসলাম: ভালো মানের সরকারি বিদ্যালয়গুলোতে সন্তানদের পড়ানোর ইচ্ছে আছে অনেক অভিভাবকের। অথচ আসনসংখ্যা সীমিত। আগের বছরগুলোর তুলনায় এবার আসন আরও কমানো হয়েছে। এতে আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসক নিজের মর্জিতে এসব করছেন। আর বিএনপির আমলে জারি করা প্রজ্ঞাপন কেন আওয়ামী লীগ শাসনামলে বাস্তবায়ন করা হচ্ছে? কার স্বার্থে করা হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। প্রথম আলো: এ বিষয়টি কী প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর নজরে আনবেন? নুরুল ইসলাম: শিক্ষা সংকোচনসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আমি সংসদে ইতিপূর্বে একাধিকবার বক্তব্য দিয়েছি। শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। শিক্ষা সম্প্রসারণের স্বার্থে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। কারা এসব করছেন এবং কার স্বার্থে করছেন তা তো মাননীয় প্রধানমন্ত্রী জানেন না। আমরা এসব তাঁর নজরে আনব।