
জন্ম, মৃত্যু জীবনে একবার আসে। ভালোবাসা জীবনে একবার আসে। বিয়ে জীবনে একবার আসে। কিন্তু হতচ্ছাড়া নববর্ষ কেন প্রতিবছরই আসে? বউ–বাচ্চাদের জন্য নতুন জামা কেনা, একে–তাকে নিয়ে মেলায় যাওয়া, দশ গুণ দাম দিয়ে ইলিশ মাছ কেনা। এসব ঝক্কি নিতে নিতে নাভিশ্বাস উঠে যায় জামান সাহেবের। তাই এসবের ওপর থেকে তাঁর মনই উঠে গেছে।
নববর্ষে মানুষের এই পান্তা খাওয়ার হিড়িক দেখে পাড়ার ভিখিরি রমিজ একবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ‘সারা বছর পান্তা খেয়ে আমাদের হয় আলসার/ ধনীরা এক দিন খেয়ে বলে এটাই নাকি কালচার!’
জামান সাহেব তাতে লাইক দিয়ে মেলায় ঘুরে এসে নতুন বছরের রাশিফল জানতে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। জ্যোতিষী তাঁর হাত অনেকক্ষণ নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘আপনার ভবিষ্যৎ তো খুবই ভালো! আপনি অফিসে অনেক বেশি কাজ করার সুযোগ পাবেন।’
‘আরে ভাই, আমি তো তিন বছর ধরেই অনেক কাজ করছি। আগে বলেন, এ বছর আমার প্রমোশনটা হবে তো?’
সেই জ্যোতিষী কীই বা বলবেন! গত বছর একটা চাকরির বিজ্ঞাপন দেখে অনেক চেষ্টা করেও তাতে অ্যাপ্লাই করতে পারেননি। বড় এক পত্রিকায় ছাপা হয়েছিল সে বিজ্ঞাপন। লেখা ছিল, ‘এক প্রতিষ্ঠানে উচ্চ বেতনে একজন জ্যোতিষী নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে কোথায়, কখন, কার সঙ্গে দেখা করতে হবে, তা নিশ্চয় জ্যোতিষীর জানা আছে!’
জ্যোতিষীর কাছ থেকে বাসায় ফিরতেই বাসার কাজের লোকটি সামনে এসে দাঁড়িয়েছিল। আশাভরা কণ্ঠে বলেছিল, ‘স্যার, নতুন বছরের উপহার দিবেন না?’
জামান সাহেব একটা চেক বের করে তাতে টাকার অঙ্ক বসিয়ে দিয়ে বলেছিলেন, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর অমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!’