বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডির জন্ম ১৯৩২ সালের ২২ ফেব্রুয়ারি, মৃত্যু ২৫ আগস্ট ২০০৯।যুক্তরাষ্ট্রের লাখো মানুষের ভালোবাসা ও তাদের প্রার্থনা নিয়ে আমি বাংলাদেশে এসেছি। বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সংগ্রাম ও প্রতিবাদের অগ্নিশিখা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আমি খুব গর্বিত।স্বাধীনতা, সেটা যে দেশেরই হোক না কেন, যে এলাকার মানুষেরই হোক না কেন, যুক্তরাষ্ট্র সেই স্বাধীনতার দিকে খুব আগ্রহভরে তাকিয়ে থাকে সব সময়। এটা যুক্তরাষ্ট্রের ঐতিহ্য।যারা স্বাধীনতার জন্য, মানুষের মর্যাদার জন্য, মানুষের মহৎ উচ্চাকাঙ্ক্ষার জন্য সংগ্রাম করে, যুক্তরাষ্ট্রের জনগণ সব সময় তাদের পাশে দাঁড়ায়।আপনারা জানেন, বিশ্বের অনেক দেশের সরকার এখনো আপনাদের স্বাধীনতার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। কিন্তু এটাও জেনে রাখুন, পুরো বিশ্বের মানুষ আপনাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বাধীনতাসংগ্রামে অন্যায়-অবিচার আর নিষ্ঠুরতার বিরুদ্ধে আপনারা যে বীরত্ব দেখিয়েছেন, সারা বিশ্বের মানুষ অনেক আগেই এর স্বীকৃতি দিয়েছে।আপনাদের সংগ্রামে আপনাদের পাশে থাকার জন্যই আমি বাংলাদেশে এসেছি। এই তো কিছুদিন আগে আগস্ট মাসে আমি ভারতে একটি শরণার্থী শিবিরে গিয়েছিলাম। আমি দেখেছি, শিশুরা অনাহারে ভুগছে এবং ভয়াবহ যুদ্ধে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। আমি বাংলাদেশেও আসতে চেয়েছিলাম, কিন্তু পশ্চিম পাকিস্তানি সরকার আমাকে আসতে দেয়নি কিছুতেই। ওই সামরিক সরকার সীমান্তের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিল পুরো বিশ্বকে। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আপনাদের কষ্ট দেখে বিশ্বও উদ্বিগ্ন ছিল। কিন্তু এখন আমি আনন্দিত, আপনারা পৃথিবীর স্বাধীনতার ইতিহাসে নতুন একটি উজ্জ্বল অধ্যায় সংযোজন করেছেন। বাঙালির শ্রেষ্ঠ কবি ও দার্শনিকদের প্রার্থনার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত...।’স্বাধীনতা আপনাদের এবং এই স্বাধীনতার ভবিষ্যৎ নতুন এই বাঙালি জাতির ওপর নির্ভর করছে। পরবর্তী সময় যত প্রজন্ম আসবে, বাংলাদেশের স্বাধীনতার গল্প হবে বিশ্বের কাছে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। অন্যান্য দেশের মানুষের কাছে বাঙালি জাতি হয়ে থাকবে একটি অনুপ্রেরণার নাম।যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে। ২০০ বছর আগে, যুক্তরাষ্ট্রে—আজ আমরা যেখানে আছি, তা থেকে ১০ হাজার মাইল দূরে—যারা স্বাধীনতার তারাটি খুঁজছিল, তাদের শুরুটা আপনাদের চেয়ে খুব সহজ ছিল না। ঠিক আপনাদের মতোই আমাদেরও স্বাধীনতা দিতে অস্বীকৃতি জানিয়েছিল একটি শক্তিশালী ও প্রতিষ্ঠিত সরকার। জয়ের আগে আপনাদের মতো আমাদের নেতারাও অনেক অবর্ণনীয় কষ্ট সহ্য করেছিলেন। আপনাদের মতো একসময় যখন যুক্তরাষ্ট্র জাতি হিসেবে জন্ম নিয়েছে, তখন অনেকে বলেছিল, এমন দুর্বল ও দরিদ্র দেশ কখনো আধুনিক বিশ্বে টিকে থাকতে পারবে না। তাদের ধারণা ছিল, আমাদের স্বাধীনতার বিশাল এই অভিযান অবশ্যই ব্যর্থ হবে।আমরা সব দিক থেকে দরিদ্র হতে পারি, কিন্তু আশা ও সাহসের দিক থেকে কখনোই নয়।আমাদের কোনো সম্পত্তি নেই, কিন্তু সম্পদ আছে, যেটি সম্পত্তির চেয়েও মূল্যবান ও গুরুত্বপূর্ণ। আমাদের দেশকে শক্তিশালী করতে আমাদের সঙ্গে আছে শক্তিসম্পন্ন ও অঙ্গীকারবদ্ধ জনগণ এবং এ বিষয় নেতারাও এ দৃষ্টিতেই দেখছেন এবং তাঁরা জনগণের ভবিষ্যৎ গড়তে সাহায্য করছেন।১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের বিপ্লব শেষ হয়নি। এটি কেবল ওয়াশিংটন ও জেফারসনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি, এটি স্বাধীনতার লক্ষ্যকে এবং সব নাগরিকের সমান অধিকার পূর্ণ করতে এখনো আমাদের প্রচেষ্টার মধ্যে বেঁচে আছে।এ জন্যই বাঙালি জাতির সংগ্রাম যুক্তরাষ্ট্রকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি আমাদের অতীতের সাহসিকতার স্মৃতির কথা মনে করিয়ে দেয় এবং স্বাধীনতার প্রতি ভালোবাসা প্রমাণ করে সব জাতি, বর্ণ, ধর্ম ও জাতীয়তাকে আমরা অতিক্রম করতে পেরেছি।যুক্তরাষ্ট্রের জনগণ এখন আপনাদের সঙ্গে আছে, যদিও আমাদের সরকার আপনাদের সঙ্গে নেই। আমরা এখন আপনাদের সঙ্গে আছি চেতনায় এবং যুক্তরাষ্ট্রের নেতারাও এ থেকে দূরে থাকতে পারবেন না।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সত্যিকারের স্তম্ভ হচ্ছে নাগরিকের সঙ্গে নাগরিকের, বন্ধুর সঙ্গে বন্ধুর, জনগণের সঙ্গে জনগণের, অন্য রাষ্ট্রের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন, যা কেউ নস্যাৎ করতে পারবে না। সে কারণে এক অর্থে আমরা সবাই বাঙালি, আমরা সবাই আমেরিকান এবং আমরা সবাই মানবতার মহান বন্ধনে আবদ্ধ। যাদের এ নিয়ে সন্দেহ আছে যে স্বাধীনতা ও স্বায়ত্তশাসন আজও কাজ করছে কি না, তারা যেন বাংলাদেশে আসে।আমি এসেছি, এ দেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে শিখতে। আমি এসেছি তাদের সঙ্গে আবারও কথা বলতে, যারা শরণার্থী শিবিরে কষ্টে আছে; যারা বেঁচে আছে, তাদের কষ্ট কমাতে এবং যারা স্বাধীনতাকে রক্ষা করতে আত্মত্যাগ করেছে, তাদের কাছে।আমাদের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর আব্রাহাম লিংকন বলেছিলেন, ‘কারও প্রতি বিদ্বেষ নয়, সবার প্রতি দয়াবান হও; সত্যের প্রতি দৃঢ়বদ্ধ হও, যেমন ঈশ্বর সত্যের পথে যাওয়ার কথা বলেছেন।’ যে কাজ এখনো অসমাপ্ত রয়েছে, চলুন, সে কাজ শেষ করি; দেশের সব দুঃখ-কষ্ট একত্র করে, যুদ্ধের সময় যাঁরা বীর হিসেবে নতুন জন্ম নিয়েছেন, তাঁদের বিধবা ও এতিম সন্তানদের জন্য কিছু মহৎ কাজ করে শুধু আমাদের দেশেই নয়, সব দেশকে শান্তির পথে নিয়ে যেতে পারি।আমাদের যুক্তরাষ্ট্রের সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্রের চেতনা নিয়ে আমি আপনাদের স্বাধীনতার নতুন জন্মকে অভিবাদন জানাই এবং আমি বলতে চাই ‘জয় বাংলা’। বাঙালি জাতির জয় হোক।ইংরেজি থেকে অনূদিত