কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের বেগে ছুটে আসছে বোলার। বোলিংয়ের সময় কনুইয়ের কাছে তার হাতে ভাঁজ পড়ল না। এটা কি ‘নো বল’? এই বিচারের ভার ম্যাচ রেফারি অর্থাৎ পঞ্চম রেফারির ওপর বর্তায়। অবশ্য এসব বিষয় মাঠের দুই আম্পায়ার দেখবেন নাকি ম্যাচ রেফারি দেখবেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। পঞ্চম রেফারি সরাসরি খেলা নিয়ন্ত্রণ করেন না। তিনি একজন দর্শকের মতো খেলা দেখেন ও প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখেন। আপনি হয়তো ভাবছেন, এক ক্রিকেট খেলায় কয়জন আম্পায়ার লাগে? দুজন তো মাঠে থেকেই খেলা চালান। আরেকজন কম্পিউটার নিয়ে খেলার খুঁটিনাটি বিশ্লেষণ করে মতামত দেন। আর কত? প্রশ্ন অযৌক্তিক নয়। কিন্তু মনে রাখতে হবে, প্রযুক্তির অগ্রগতি ও ক্রিকেট খেলায় উত্তেজনা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আম্পায়ারের সংখ্যা। চতুর্থ আম্পায়ারের কথা কমই শুনেছি, আর পঞ্চম আম্পায়ারের কথা তো শোনাই যায় না। চতুর্থ আম্পায়ার আসলে একজন ক্রিকেট কর্মকর্তা। সব আন্তর্জাতিক ক্রিকেট খেলায় চতুর্থ আম্পায়ার থাকেন। তিনি নতুন বল সরবরাহ, মাঠে আম্পায়ারদের জন্য পানীয় সরবরাহ, লাঞ্চ ও চা-বিরতির সময় পিচ পরিদর্শন করাসহ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করেন। বাইরের হস্তক্ষেপমুক্ত খেলা পরিচালনা নিশ্চিত করার দায়িত্ব তাঁর। মাঠের দুই আম্পায়ারের কেউ কোনো কারণে দায়িত্বপালনে অপারগ হলে তৃতীয় আম্পায়ার তাঁর স্থলাভিষিক্ত হন, আর তখন চতুর্থ আম্পায়ার বসেন কম্পিউটার নিয়ে। এর পরও থাকেন আরেকজন আম্পায়ার (ম্যাচ রেফারি)। টেস্ট ম্যাচ ও ওয়ানডে ইন্টারন্যাশনালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ম্যাচ রেফারি নিয়োগ দেয়। তিনি দেখেন মূলত খেলাটি ক্রিকেট আচরণবিধি মেনে চলছে কি না।