
বর্ষা ঋতু মানেই বৃক্ষরোপণের মৌসুম। বেদনাদায়ক হলেও সত্য যে, আজকাল মানুষ বৃক্ষরোপণ করতে চায় না। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ টাইপের স্লোগান এখন অকার্যকর। তাই বৃক্ষরোপণে উৎসাহী করতে আমাদের অন্য রকম কিছু পরামর্শ শুনুন।
ছোটবেলায় আমরা কত কিছুই না কল্পনা করতাম। কল্পনায় আমরা অনেক কিছু হয়েও যেতাম। সবচেয়ে বেশি হতাম যে জিনিসটা, সেটা হচ্ছে পাখি। ছোটবেলার সেই কল্পনা বড়বেলায়ও অনেকের মধ্যে কাজ করে। আর এখন তো কাজ করছেই। কারণ, এখন আমাদের ফ্যাশনে যুক্ত হয়েছে পাখি ড্রেস। তো পাখি ড্রেস পরে পাখি হওয়ার চেষ্টা করেন কিংবা ছোটবেলার কল্পনার সূত্র ধরেই পাখি হতে চান, আপনার উচিত বেশি বেশি গাছ লাগানো। কারণ, পাখিরা গাছের ডালে বসে। চেয়ার, বেঞ্চ বা সোফায় বসে পাখিরা আরাম পায় না।
যতগুলো মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে, সবাই নিজেদের শক্তিশালী নেটওয়ার্কের কথা বলে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখনো প্রায়ই সেই দৃশ্য আমাদের চোখে পড়ে। কোন দৃশ্য? ওই যে টাওয়ারের নিচে দাঁড়িয়েও নেটওয়ার্ক না পাওয়ার দৃশ্য আরকি। তাই প্রয়োজনের সময় আমাদের কী করতে হয়? নেটওয়ার্ক পাওয়ার জন্য উঁচু জায়গায় যেতে হয়। বিশেষ করে ছাদে। কিন্তু সবার বাড়িওয়ালা তো আর এত উদার মনের অধিকারী নয় যে ছাদে যেতে দেবে। আপনার বাড়িওয়ালাও যদি এই কিসিমের হয়, তাহলে বেশি করে গাছ লাগান। মনে রাখবেন, গাছের মগডালে বসে নেটওয়ার্ক তালাশ করলে সহজেই নেটওয়ার্ক মেলে

কিসের মণিমুক্তা আর কিসের হীরা–জহরত! কোনো কিছুই নিজের জীবনের চেয়ে মূল্যবান নয়। আপনি নিশ্চয়ই আমাদের এই দার্শনিকসুলভ কথাবার্তার সঙ্গে একমত পোষণ করবেন। তবে অনেকেই আপনাকে নানাভাবে জীবননাশী হুমকি দিতে পারে। এসব হুমকির মধ্যে একটা হুমকি এমন—মেরে তক্তা বানিয়ে ফেলব। আপনি যদি নিজে তক্তা না হতে চান, তাহলে বেশি করে গাছ লাগান। আশা করা যায়, হুমকিদাতারা আপনাকে মেরে তক্তা বানানোর চেষ্টা না করে গাছ দিয়ে তক্তা বানাবে।
কথায় কথায় আমরা অনেক কথাই বলে ফেলি। এমন অনেক কাজের কথাও বলে ফেলি, যে কাজ করা হয়তো আমাদের পক্ষে রীতিমতো দুঃসাধ্য। যেমন ধরা যাক নিজের বাহাদুরি জাহির করতে গিয়ে ফট করে বলে বসি—তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দেখা গেল গুরুত্বপূর্ণ কারও সামনে এই কথা বলতে গিয়ে পড়লেন বিপদে। সে চ্যালেঞ্জ করে বলল—আপনি যে বললেন পাতায় পাতায় চলেন, কীভাবে চলেন একটু নমুনা দেখান তো। আপনি যদি এই চ্যালেঞ্জে জিততে চান, তাহলে বেশি বেশি গাছ লাগান। আরে বাবা, আশপাশে পর্যাপ্ত গাছ না থাকলে পাতায় পাতায় চলার প্র্যাকটিসটা করবেন কীভাবে? প্র্যাকটিসের দরকার আছে না?
সেই গল্পটা নিশ্চয়ই শুনছেন। দুই বন্ধু একবার গভীর বনে ঘুরতে গিয়ে ভালুকের সামনে পড়ে গেছিল। তখন এক বন্ধু লাফ দিয়ে গাছে উঠেছিল, আরেক বন্ধু রিস্ক নিয়ে শুয়ে পড়েছিল মড়ার মতো। আপনি যদি কখনো এই পরিস্থিতিতে পড়েন আর যদি রিস্ক নিতে না চান, তাহলে আপনাকেও লাফ দিয়ে গাছে উঠতে হবে। কিন্তু গাছ না থাকলে উঠবেন কোথায়! তাই বেশি করে বৃক্ষরোপণ করুন, জীবন বাঁচান।