চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালের আট চিকিৎসককে গত ১৪ জুন কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ। কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও চিকিৎসকেরা হাসপাতালে সময়মতো আসছেন না বলে জানান রোগীরা। রোগীরা জানান, ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুমন বড়ুয়াসহ হাসপাতালের অধিকাংশ চিকিৎসক পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বাস করেন। ফলে চিকিৎসকেরা সকাল সাড়ে ১০টা বা ১১টার আগে হাসপাতালে আসতে পারেন না। আবার দেড়টা থেকে দুইটার দিকে চলে যান। এতে বহির্বিভাগ ও অভ্যন্তর বিভাগে চিকিৎসাধীন রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ১২ জুলাই প্রথম আলোর আলোকিত চট্টগ্রামের পাতায় ‘সময়মতো আসেন না চিকিৎসকেরা, চলে যান আগেভাগে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সময়মতো হাসপাতালে না আসায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ ১৪ জুলাই শনিবার আট চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশ দেওয়ার পরও চিকিৎসকেরা সময়মতো হাসপাতালে আসছেন না বলে অভিযোগ করেন রোগীরা। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, ১২ জুলাই প্রথম আলোর আলোকিত চট্টগ্রামের পাতায় প্রকাশিত প্রতিবেদন চট্টগ্রাম সিভিল সার্জনের নজরে আসে। ফলে ১৪ জুলাই শনিবার সকাল নয়টা ২০ মিনিটে মুঠোফোনে চিকিৎসকদের খোঁজ-খবর নেন তিনি। এ সময় হাসপাতালে না আসায় আটজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে হাসপাতালের চিকিৎসক মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্দেশ মোতাবেক নোটিশের জবাব দেওয়া হয়েছে। এখন সময়মতো চিকিৎসকেরা হাসপাতালে উপস্থিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।