এ বছর উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৩৬৯ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এদের কেউই আসনস্বল্পতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না। তবে নানা কারণে আবার খালি থাকবে কিছু আসন।এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৬৭১ জন। আর জিপিএ-৪ থেকে জিপিএ-৫ পেয়েছেন আরও এক লাখ ৪২ হাজার ৩৪৫ জন। অর্থাৎ জিপিএ-৪-এর ওপর পেয়েছেন এক লাখ ৭১ হাজার ১৬ জন শিক্ষার্থী। তাঁরা সবাই মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার স্বপ্ন বুনছেন। কিন্তু তাঁদের সে স্বপ্ন পূরণের পথে বাধা মানসম্মত প্রতিষ্ঠানে সীমিত আসন। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ মিলিয়ে আসন আছে মাত্র ৩৮ হাজারের মতো। অর্থাৎ উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হলেও কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন এক লাখ ৩৩ হাজার শিক্ষার্থী।সবাইকে কাঙ্ক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে না পারলেও এ সুযোগ বাড়াতে আরও নতুন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে সরকার। পাশাপাশি কলেজগুলোয় উচ্চশিক্ষার মান বৃদ্ধির জন্য জোর দেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটেস্টিকসের (ব্যানবেইস) দেওয়া সর্বশেষ (২০০৮) তথ্য অনুযায়ী সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় ১৭টি, সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় (মেডিকেল কলেজ) তিনটি, সরকারি ডেন্টাল কলেজ মিলিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মোট আসন আছে প্রায় ৩১ হাজার। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আসনসংখ্যা ৩৫ হাজারের মতো। এর বাইরে মেডিকেল কলেজগুলোয় আছে দুই হাজার ৪০০টি আসন। সব মিলে আসন হয় ৩৮ হাজারের মতো।স্বপ্ন পূরণের পথে প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র: মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আসনসংখ্যা সীমিত। তাই মানসম্মত উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে শিক্ষার্থীদের নামতে হবে তীব্র লড়াইয়ে। বুয়েটসহ চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ১৭টি সরকারি মেডিকেল কলেজ, তিনটি ডেন্টাল কলেজ আর নতুন সাতটি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে আসন আছে মাত্র সাত হাজার ৮৫০টির মতো।সুতরাং এ ক্ষেত্রে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জিপিএ-৫ পাওয়া ১৬ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতায় নামবেন জিপিএ-৪ পাওয়া আরও হাজার হাজার শিক্ষার্থী।এরপর যাঁরা বাকি থাকবেন, তাঁরাসহ সাধারণত মানবিক, বাণিজ্য বিভাগ থেকে ভালো পাস করা শিক্ষার্থীদের সবার নজর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। দেশের সবচেয়ে প্রাচীন ু বৃহৎ এ বিশ্ববিদ্যালয়ে আছে মাত্র পাঁচ হাজার ৮০০টির মতো আসন। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরসহ বাকি নয়টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন আছে ১৫ হাজারের কিছু বেশি।আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ু্ল শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়—এ চারটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন এক হাজার ৬৪৭টি। মূলত এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকেই নজর থাকে ভালো ফল করা শিক্ষার্থীদের।খালি থাকতে পারে কিছু আসন: একদিকে যেমন কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার সুযোগ পাবেন না লক্ষাধিক শিক্ষার্থী, অন্যদিকে আবার লক্ষাধিক আসন খালি থাকার আশঙ্কা করছে শিক্ষা মন্ত্রণালয়।ভালো ফল করা শিক্ষার্থীদের চোখ থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কলেজগুলোর দিকে। এর বাইরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় (সম্মান ও ডিগ্রি পাস), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল, লেদার টেকনোলজি, আর দেড় হাজারের মতো মাদ্রাসা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজের সংখ্যা দুই হাজারের মতো। প্রতিবছর এসব কলেজে বিশেষত গ্রামের কলেজগুলোয় অনেক আসন খালি থেকে যায়। এ বছরও কলেজগুলোয় অনেক আসন খালি থাকতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষামন্ত্রী।জোর দেওয়া হবে কলেজগুলোয়: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বপ্ন নিয়েকে বলেন, উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক হবে এটা স্বাভাবিক। সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে। কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, যদিও সেগুলো ব্যয়বহুল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক নামকরা কলেজ আছে। সে সব কলেজ শিক্ষার্থীরা বেছে নিতে পারে।তিনটি নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এটা ঠিক, ভালো ফলাফল করেও অনেক শিক্ষার্থীই পাবলিক বিশ্ববিদ্যালয় বা কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। অনেককে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হতে হবে, ভালো কলেজগুলোয় যেতে হবে। নতুন তিনটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশালে একটি বিশ্ববিদ্যালয় ও একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা আছে। এর মধ্যে প্রথম দুটির কার্যক্রম সামনের শিক্ষাবর্ষ থেকে শুরু করা যাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এসব বিশ্ববিদ্যালয় হলে হয়তো ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থীর জায়গা হবে। তিনি আরও বলেন, জেলা পর্যায়ে নামকরা কলেজ আছে। এসব কলেজের দিকে নজর দেওয়া দরকার।