কারাগারে পরিচয় বিয়ে, অতঃপর...
ছিনতাইয়ের মামলায় চট্টগ্রাম কারাগারে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে গিয়ে মো. এরশাদ মিয়ার পরিচয় হয় এক নারী কয়েদির সঙ্গে। কারাগার থেকে মুক্তির পর চলতি বছরের জানুয়ারিতে বিয়ে হয় তাঁদের। সাত মাস তাঁরা সুখেই সংসার করেছিলেন। কিন্তু ফৌজদারি অপরাধের অভিযোগে আবারও কারাগারে যেতে হলো এরশাদকে। পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে জাল টাকাসহ গ্রেপ্তার হন এরশাদ মিয়া। তাঁকে থানায় নেওয়ার পর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, অস্ত্র আইনের একটি মামলায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে তাঁর। ২০০৪ সালে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় দুটি এলজি ও সিএনজিচালিত অটোরিকশাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এরশাদ। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে এই মামলা {নম্বর ১(১১)২০০৪} হয় বলে জানা গেছে।এরশাদ মিয়া নগর গোয়েন্দা কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘পাহাড়তলী থানার একটি ছিনতাই মামলায় আমার পাঁচ বছর কারাদণ্ড হয়। কয়েদি হিসেবে আমাকে কারাগারে কাজ করতে হয়েছে। এই সুযোগে মাদক মামলার সাজাপ্রাপ্ত আরেক তরুণীর সঙ্গে আমার পরিচয় হয়। সেখান থেকে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই।’এরশাদ আরও বলেন, ‘কয়েদি হিসেবে কারাগারে আমাদের অবাধ বিচরণ ছিল। কাজ করার সময় জানালার ফাঁক দিয়ে সেই তরুণীকে আমি দেখি। তাঁর সঙ্গে আমার তখন নিয়মিত কথা হতো। কারাগার কর্তৃপক্ষ বিষয়টি জানার পর ওই জানালাটি বন্ধ করে দেয়। গত বছরের ১৭ জুন আমি সাজা ভোগ করে মুক্তি পাই। এর তিন মাস পর মেয়েটিও মুক্তি পায়। চলতি বছরের জানুয়ারিতে আমরা কাজি অফিসে গিয়ে বিয়ে করি।’পুলিশ সূত্র জানায়, এরশাদের স্ত্রী নগরের মতিঝরনা এলাকায় ফেনসিডিল ব্যবসায় জড়িত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। বড় বোনের সঙ্গে মতিঝরনায় থাকেন। প্রতিবেশী মাদক ব্যবসায়ীদের দেখে এরশাদের স্ত্রীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাঁকে ফেনসিডিলসহ পুলিশ গ্রেপ্তার করে, যে কারণে ওই মামলায় তাঁর ছয় মাসের কারাদণ্ড হয়।নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ‘এরশাদের মধ্যে প্রেম ও ভালোবাসার কোনো ঘাটতি নেই। খারাপ কাজেও পিছিয়ে নেই সে। একটি মামলায় সাজা ভোগ করে বেরিয়ে এসে বিয়ে করেছে। তার নতুন সংসার হয়েছে। তাদের সংসারে নতুন অতিথিও শিগগির আসছে। তবু সে খারাপ কাজ ছাড়ছে না। তাকে গ্রেপ্তার করার পর আমরা জানতে পারি, পাঁচলাইশ থানার আরেকটি মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে সে আবার জাল নোটের টাকার ব্যবসায় জড়িয়ে পড়েছে।’