কারাগারে 'রক গ্রুপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সকালে জেগে উঠে সিজার কাম্পো তড়িঘড়ি নাশতা সেরে কাজ করতে ছোটেন। জায়গাটা একটা রূপান্তরিত গুদাম। সেখানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাম্পো বানান টেবিল, চেয়ার, বইয়ের তাকসহ নানা রকমের আসবাব। পাশেই তাঁর প্রতিবেশীরা থাকেন। কেউ ইট বানান, কেউ সবজি ফলান, আবার কেউ কফির দোকান বা বেকারি, নাপিতের সেলুন বা উলকি (ট্যাটু) বসানোর স্টুডিও চালান।
এসব শ্রমিকের প্রত্যেকেই কয়েদি। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর কাছে পুন্তা দে রিয়েলেস কারাগারে তাঁদের বসবাস। সেখানে তাঁরা ‘উন্মুক্ত’ ও ইতিবাচক জীবনযাপনের সুযোগ পাচ্ছেন। ৫০ বছর বয়সী কাম্পো ব্যাংক ডাকাতির দায়ে ইতিমধ্যে ২৩ বছর কারাবাস করেছেন। তিনি বলেন, ‘কল্পনাও করিনি এখানে এসে এমন সব কাজ করতে পারব। এটা একটা আদর্শ কারাগার। এখানে এমন সব সুযোগ দেওয়া হয়, যেগুলো আপনি আর কোথাও পাবেন না।’
কয়েদখানার ভেতরে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগও আছে। শিক্ষা কর্মসূচির পুরস্কারও কয়েদিরা পেয়ে থাকেন। ভেতরে একটা বর্ণিল মিউজিক স্টুডিওতে ব্যান্ড সংগীতের চর্চাও তাঁরা করেন। সান্তিয়াগো গারিদো নামের এক তরুণ কয়েদি একটা রক গ্রুপ গড়ে তুলেছেন। তিনি অন্যদের গিটার বাজাতে শেখান। এখন তাঁরা একটি অ্যালবামের জন্য কাজ করছেন, যেটার রেকর্ডিং হবে বাইরে।
লাতিন আমেরিকার দেশগুলোয় কারাগারে হানাহানির খবর প্রায়ই সংবাদমাধ্যমে আসে। ব্রাজিলের একটা কয়েদখানায় গত জানুয়ারিতে দাঙ্গায় শতাধিক লোক মারা যায়। তাদের জন্য উরুগুয়ের এই বিশেষ সংশোধনাগার একটি উদাহরণ বটে। সেখানকার পরিচালক লুইস পারোদি একসময় স্কুলশিক্ষক ছিলেন। তিনি বিশ্বাস করেন, পরিবেশ বদলে দিলে মানুষও বদলায়। তিনি তিনটি মৌলিক নীতি অনুসরণ করে কারাগারটি চালান: শ্রম, শিক্ষা এবং সংস্কৃতি।
পারোদি বলেন, ‘আমরা যতটা সম্ভব সেরা দৈনন্দিন জীবনযাপনের সুযোগ দিতে চাই, যাতে কয়েদিরা শান্তিতে ঘুমাতে পারেন। অপমান বা আতঙ্কের বোধ তাঁদের গ্রাস করতে পারে না।’
কারাগারের ভেতরে বাইরের জগতের আদলে একটা ‘গ্রাম’ তৈরি করে দিয়েছেন পারোদি। সেখানে কয়েদিরা একধরনের মুক্ত জীবনে ফেরার সুযোগ পেয়েই ধীরে ধীরে নিজেদের বদলাতে শুরু করেন। মোট ৬৩০ জন কয়েদির অনেকেরই সাজার মেয়াদ ফুরাতে চলেছে। কারামুক্ত সবাইকে পারোদি নিজের ফোন নম্বর দিয়ে বলেন, ‘কোনো কিছু চুরি করার ভাবনাও যদি মনে আসে, আমাকে একবার জানিও।’
পুন্তা দে রিয়েলেসের বাসিন্দারা সন্ধ্যা সাতটা পর্যন্ত কারাগারের সীমানার ভেতরে অবাধে চলাফেরা করতে পারেন। বাইরের পৃথিবীর সংস্পর্শে থাকতে অনেকে মুঠোফোন ব্যবহার করেন। ট্যাব বা কম্পিউটার ব্যবহারের অনুমতিও তাঁদের আছে। পাশাপাশি টেলিভিশন, খেলাধুলার সরঞ্জাম, রেফ্রিজারেটর ও বাদ্যযন্ত্রও রয়েছে। পরিবারের সদস্যরা সপ্তাহে তিনবার দেখা করতে আসেন। কখনো কখনো তাঁরা এসে কয়েদিদের কাজে সহযোগিতা করেন, উৎপাদিত পণ্য বাইরে নিয়ে বিক্রি করেন। এভাবে সেখানে ৩৮টি ‘কোম্পানি’ গড়ে উঠেছে। এসবের ৩৫টিই কয়েদিরা চালান। বাকিগুলো সাবেক কয়েদিরা পরিচালনা করেন। ব্যবসায়িক কাজে এখনো তাঁরা ওই কারাগারে যাতায়াত করেন।
আদ্রিয়ানো বারালদো নামের এক কয়েদি ডাকাতির অপরাধে ১৯ বছরের সাজা ভোগ করছেন। তিনি অভিনয় ও গান জানেন। স্বীকার করলেন, ‘ভুল করেছি। ছেলেমেয়েদের এতিম করে ফেলে আসা উচিত হয়নি। কারাগারগুলো পুঁজিবাদী ব্যবস্থার নর্দমা, তবে মানুষ সব সময়ই নিজেদের পুনর্গঠন করতে জানে।’