কারাতে প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে র্যাংকপ্রাপ্তরা!
জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে পরিচালিত কারাতে প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন র্যাংকপ্রাপ্ত খেলোয়াড়েরা। নিয়ম অনুযায়ী এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল ১৪-১৬ বছর বয়সী নবীনদের। এমন অভিযোগ করেছেন নগরের কারাতে ক্লাবগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিরা। দেশের প্রত্যন্ত অঞ্চলের কারাতে খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে পরিচালিত হয়েছে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি। কর্মসূচির আওতায় নবীনদের নিয়ে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে ২ অক্টোবর। চট্টগ্রামে এই কর্মসূচি ব্যবস্থাপনা ও খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে ছিল জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। কর্মসূচি বাস্তবায়নে জাতীয় ক্রীড়া পরিষদ সিজেকেএসকে এক লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে বলে জানা গেছে।সিজেকেএসের তালিকাভুক্ত ফ্রেন্ডস ক্লাবের কারাতে প্রশিক্ষক রতন তালুকদার অভিযোগ করে বলেন, ‘সিজেকেএস কারাতে কমিটি আমাদের মতো ক্লাবগুলোকে সুযোগ না দিয়ে পরিচিত কিছু র্যাংকপ্রাপ্ত খেলোয়াড়দের প্রশিক্ষণে পাঠিয়েছে। এতে কর্মসূচির লক্ষ্য বাস্তবায়িত হয়নি। এমনকি নির্ধারিত বয়সসীমাও অনুসরণ করা হয়নি।’রতন তালুকদারের এই অভিযোগের সত্যতা মিলেছে কারাতে প্রশিক্ষণ কর্মসূচির সহকারী প্রশিক্ষক এম এ হান্নানের কথায়। প্রথম আলোকে তিনি জানান, ঢাকায় ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রামের ব্ল্যাক বেল্টধারী হোসেন আলী, ব্লু বেল্টধারী রোকন উদ্দিন, ব্রাউন বেল্টধারী তসলীমা আক্তারসহ বেশ কয়েকজন র্যাংকপ্রাপ্ত খেলোয়াড় অংশ নেন। জানা গেছে এঁরা সবাই কিক ফাইটার কারাতে ক্লাবের সদস্য। অভিযোগের জবাবে সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম বলেন, ‘২১ দিনের স্বল্পসময়ে একেবারে নতুনদের কারাতে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তাই অন্তত কিছু জানে এ রকম খেলোয়াড়দের সুযোগ দিয়েছি। তবে আমরা নির্দিষ্ট বয়সের বেশি কাউকে সুযোগ দিইনি।’কিক ফাইটারের প্রশিক্ষক এ বি রনি বলেন, ‘আমাদের সংগঠন থেকে ১০ জনের মতো খেলোয়াড় প্রশিক্ষণে অংশ নিয়েছে। এদের মধ্যে কেউই একেবারে নবীন ছিল না।’ এ বিষয়ে জানতে চাইলে সিজেকেএসের কারাতে প্রশিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘প্রশিক্ষণার্থীদের মধ্যে কয়েকজন ছিলেন পুরোনো খেলোয়াড়। বয়সের ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বলেন, ‘এই কর্মসূচি নবীনদের জন্য।’আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তা জাতীয় ক্রীড়া পরিষদকে জানাব।’জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিভা অন্বেষণ কর্মসূচির আহ্বায়ক শাহীদুর রহমান বলেন, ‘কারাতে প্রতিভা অন্বেষণ কর্মসূচি র্যাংকপ্রাপ্তদের জন্য নয়, এটি নবীনদের জন্য। প্রথমবারের মতো এই কর্মসূচি হওয়ায় ভুল-ভ্রান্তি থাকতে পারে। আগামী দিনে এ ব্যাপারে নজর দেওয়া হবে।’