কারাতের দুই সোনাজয়ীর সংবর্ধনা বান্দরবানে
দারিদ্র্যপীড়িত মেয়েটিকে শুধু দুবেলা খাবার আর কাজের ফাঁকে কিছু লেখাপড়ার জন্য বৌদ্ধবিহারের অনাথা আশ্রমে ভর্তি করা হয়। জীবনের শুরুতে সমাজে, পরিবারে অবহেলিত সেই মেয়ে জ উ প্রু মারমাকে ১৪ ফেব্রুয়ারি বান্দরবানের হাজারো মানুষ বীরোচিত সংবর্ধনা দিয়েছেন। একাদশ দক্ষিণ এশিয়া (এসএ) গেমসে কারাতে প্রতিযোগিতায় একক ও দলীয় ইভেন্টে বিজয়ী হয়ে দেশের জন্য দুটি সোনার পদক ছিনিয়ে এনেছেন জ উ প্রু। সংবর্ধনা অনুষ্ঠানে আরও ছিলেন দলীয় ইভেন্টে সোনাজয়ী উছাইনু মারমা। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনায় আদিবাসী ও বাঙালি নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে দুই খেলোয়াড়কে বিভিন্ন উপহারসামগ্রী এবং ফুলের তোড়া নিয়ে স্বাগত জানান। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ব্রিগেডিয়ার জেনারেল আতিকুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামাপদ দে, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, কারাতে ফেডারেশনের সহসভাপতি শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সংবর্ধনার জবাবে জ উ প্রু বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কারাতের জন্য কঠোর পরিশ্রম করেছি। সবার আশীর্বাদ ও সহযোগিতা ছিল বলে সাফল্য পেয়েছি।’ দলীয় ইভেন্টে সোনাজয়ী উছাইনু মারমা বলেন, ‘আমি একজন খুবই সাধারণ পরিবারের মেয়ে। যখন এসএ গেমসে অংশগ্রহণের জন্য যাচ্ছিলাম তখনো আমি আশা করতে পারিনি এ রকম সাফল্য পাব।’ জ উ প্রুর জন্ম রোয়াংছড়ির দরিদ্র পরিবারে। সেখান থেকে মায়ের সঙ্গে শিশু বয়সে জেলা শহরের জাদিপাড়ায় আসেন। দারিদ্র্যের কারণে লেখাপড়া করাতে না পেরে তাকে লামার সাবেক বিলছড়ি মহামুনি বৌদ্ধবিহারের অনাথাশ্রমে ভর্তি করানো হয়। খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ দেখে তত্কালীন কারাতে প্রশিক্ষক (বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান) ক্যশৈহ্লা মারমা তাঁকে কারাতে শেখান। জানা গেছে, নিজস্ব কোনো বাড়ি না থাকায় জ উ এখনো স্বামী ও এক সন্তান নিয়ে অনাথাশ্রমেই থাকছেন। স্বামী চিংমং রাখাইন ওই অনাথাশ্রমের পরিচালক ও কারাতে প্রশিক্ষক। জ উকে আনসার থেকে কিছু ভাতা দেওয়া হয়। তিনি আনসারের হয়ে জাতীয় পর্যায়ে ও ২০০৬ সাল থেকে এএস গেমসে অংশগ্রহণ করে আসছেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ জ উ প্রুকে দেড় লাখ টাকা ও উছাইনুকে ৭৫ হাজার টাকা, ব্রিগেড সদরদপ্তর থেকে প্রাইজবন্ড, জেলা প্রশাসন বাড়ি নির্মাণের জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা, বান্দরবান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জ উ প্রুকে ৪০ হাজার টাকা, উছাইনুকে ২০ হাজার টাকার চেক দিয়েছে।উল্লেখ্য, জ উ ও উছাইনু এসএ গেমস শেষে ১১ ফেব্রুয়ারি বান্দরবানে আসেন। এ সময় পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের চৌকস বাদক দল তাঁদের সুয়ালক থেকে অভ্যর্থনা জানিয়ে মেঘলায় জেলা পরিষদে নিয়ে আসেন। জ উ প্রু স্মৃতিসৌধে স্বাধীনতার শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ‘বান্দরবানে অনেক সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা রয়েছে। কিন্তু সুযোগের অভাবে তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। সেজন্য এখানকার ক্লাবগুলোকে আরও সক্রিয় করার জন্য পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।’