কারাবন্দী তোফাইলের সঙ্গে আ.লীগের শফির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা জমে উঠেছে। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কারাবন্দী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফি উল্লাহ। ২৩ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন অপর দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম ও জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ রফিক মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এই দুই প্রার্থী এখন তোফাইলের পক্ষে কাজ করছেন। এ ছাড়া তোফাইলের স্ত্রী-সন্তান ও নিকটাত্মীয়রা ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তোফাইল।

এদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফি উল্লাহও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নাইক্ষ্যংছড়িতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোট চাইছেন।

প্রার্থী ও ভোটাররা জানান, নির্বাচনে আদিবাসীদের প্রায় আট হাজার ভোট এবারও বিজয়ী নির্ধারণে ভূমিকা রাখবে।

সদরের কয়েকজন আদিবাসী ভোটার বলেন, মিয়ানমার সীমান্ত এলাকা ঘুমধুম, দৌছড়ি, বাইশারী ও সোনাইছড়ি ইউনিয়নের আদিবাসী ভোটাররা পরীক্ষিত প্রার্থী ছাড়া অন্য কারও খেলার পুতুল হবে না। অতীতে যিনি তাঁদের পাশে ছিলেন তাঁকেই ভোট দেবেন।

নির্বাচান কার্যালয় সূত্র জানায়, এই উপজেলার মোট ভোটার ৩১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে আদিবাসী ভোটার সাত হাজার ৯০০।

বাইশারী বাজারের ব্যবসায়ী আবুল কালাম (৪৪) বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সাড়া না মিললেও উপজেলা নির্বাচন বেশ জমে উঠেছে। সদর ইউনিয়নের ফুলতলি গ্রামের কৃষক আরিফ উল্লাহ (৫৫) বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকে। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক।’

দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ভোটাররা এখন অনেক সচেতন। তাঁরা অযোগ্য কোনো প্রার্থীকে ভোট দেবেন না।

তোফাইলের স্ত্রী মনোয়ারা জেসমিন বলেন, ‘রাজনৈতিক রোষানলে পড়ে আমার স্বামী কারাবন্দী হলেও এলাকার মুসলিম, আদিবাসী, হিন্দু ও বড়ুয়া সম্প্রদায়ের ভোটাররা তাঁর (তোফাইলের) পক্ষে রয়েছেন। নির্বাচনের আগে তোফাইলকে জামিনে মুক্ত করারও চেষ্টা চলছে।’ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তছলিম ইকবাল চৌধুরী বলেন, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আদিবাসী আট হাজার ভোটার তোফাইলের পক্ষে থাকলে শফি উল্লাহকে বিপাকে পড়তে হবে। আদিবাসী ভোট যেন হাতছাড়া না হয় সেজন্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর কাজ করছেন।

উপজেলা বিএনপির সহসভাপতি উফোছা মার্মা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও হেডম্যান মংনু মারমা বলেন, কারাবন্দী প্রার্থী তোফাইল আহমদের পক্ষে সাধারণ ভোটাররা সদয় হচ্ছেন। কারাগার থেকে মুক্ত করার জন্য বহু ভোটার তাঁর পক্ষে থাকার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজুল আলম বলেন, ২৩ মার্চ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুতি চলছে। পুলিশ-বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।