কারিগরি প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে চাকরি
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটির বেশি।বিপুল পরিমাণ জনসংখ্যার এই দেশে বেশির ভাগ মানুষেরই কর্মসংস্থান হয় না।তবে কারিগরি শিক্ষা পেলে অনেকেই নিজের কর্মসংস্থান নিজেই করতে পারেন।দক্ষ জনশক্তি দেশের জন্য কোনো সমস্যা নয়।তাই চাকরির জন্য বসে না থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। আত্মকর্মসংস্থানের সুযোগ দেশে যেমন আছে, তেমনি বিদেশেও রয়েছে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা। আমাদের দেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী বিভিন্ন দেশে কাজ করছে। প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বড় অবদান রাখছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০০৯ সালে চার লাখ ৭৫ হাজার লোক বিভিন্ন দেশে গিয়েছে। দেশে পাঠিয়েছে প্রায় এক হাজার ৭২০ কোটি ডলার। তবে এখন জনশক্তি আমদানিকারক দেশগুলো দক্ষ লোক নিয়োগেই বেশি আগ্রহী। তাই যাঁরা বিদেশে যাবেন বলে ভাবছেন বা দেশে আত্মকর্মসংস্থানের পথ খুঁজছেন, তাঁরা নিতে পারেন নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ। সারা দেশে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। প্রশিক্ষণটা জরুরিআপনি যদি দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যান, তাহলে আপনি আর্থিকভাবে যেমন বেশি লাভবান হবেন, তেমনি আপনার চাহিদাও থাকবে বেশি। বিদেশে প্রতিবছর প্রায় চার লাখ দক্ষ লোকের চাহিদা রয়েছে; কিন্তু দক্ষ লোকের সংখ্যা অনেক কম; বলছিলেন কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং সিঙ্গাপুর যেতে ইচ্ছুক লোকমান হোসেন। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। প্রশিক্ষণ নিয়েছেন জাহাজ নির্মাণের ওয়েল্ডিংয়ের ওপর। দুবাই, আবুধাবি ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ—কুয়েত, কোরিয়া, লেবানন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রশিক্ষিত লোকের চাহিদা বাড়ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও রয়েছে দক্ষ জনশক্তির চাহিদা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ) মো. আহসান হাবীব বলেন, ‘বিদেশে আমাদের শ্রমবাজার ধরে রাখতে হলে দক্ষ লোকের সংখ্যা বাড়াতে হবে। বিদেশে দক্ষ কর্মীরা ভালো বেতন পান। এ ছাড়া প্রশিক্ষণ নিয়ে দেশের ভেতরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ নিয়ে চাইলে দেশের ভেতর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন আপনি। সারা দেশে ৩৮টি কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।’ কী কী বিষয়ে প্রশিক্ষণজনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সব সময় চেষ্টা করে যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন কোর্স পরিচালনা করতে। বিদেশে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোয় সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মো. আহসান হাবীব জানান, বর্তমানে আমাদের পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোয় ৪৫টি বিষয়ে (ট্রেড) প্রশিক্ষণ দেওয়া হয়। শিপ ফেব্রিকেশন, ড্রাফটিং সিভিল, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, রেডিও, টেলিভিশন, অটো মেকানিকস, কার্পেন্টারি, উড ওয়ার্কস, প্লামবিং ও পাইপ ফিটিং, ইমারত নির্মাণ, সিভিল নির্মাণ, জেনারেল মেকানিকস, তৈরি পোশাক, কম্পিউটার, নেটওয়ার্কিং, ওয়েল্ডিং, হাউস ওয়্যারিং, হাউস কিপিং, গ্রাফিক্স, ক্যাটারিং, রড বাইন্ডিং, প্যাটার্ন মেকিং, টাইলস ফিকচার, মিড লেভেল গার্মেন্টস সুপারভাইজিং, সুইং মেশিন অপারেটিং (ওভেন, নিটিং, লিংকিং), বৈদ্যুতিক যন্ত্র রক্ষণাবেক্ষণ, সেলাই যন্ত্র রক্ষণাবেক্ষণ, সিএনজি মেশিন অপারেটর, অটোক্যাড (টুডি-থ্রিডি), ড্রাফটিং, প্লাস্টিক টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, ব্লক-বাটিক—এ রকম বিষয়ে কেন্দ্রগুলোয় প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নানা ধরনের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়।ভর্তি হতে চাইলেদারিদ্র্যের কারণে দেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী লেখাপড়া শেষ করতে পারে না। এসব প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা থেকে যাঁরা ছিটকে পড়েছে তাদের কারিগরি শিক্ষা দিয়ে বিভিন্ন বিষয়ে দক্ষ করে বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাই প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতাকে খুব একটা গুরুত্ব সহকারে দেখা হয় না। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক মো. আনিসুর রহমান জানান, প্রশিক্ষণকেন্দ্রগুলোয় বেশির ভাগ কোর্সেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় অষ্টম শ্রেণী উত্তীর্ণ। তবে কোনো কোনো কোর্সে ভর্তির ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ চাওয়া হয়। এসব কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম বয়স এক বছর হতে হবে। আর মেয়েদের জন্য ২৫ বছর। কোর্সের মেয়াদ ও ফিপ্রশিক্ষণকেন্দ্রগুলোয় দুই সপ্তাহ থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু আছে। রয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সও। কোর্স অনুযায়ী প্রশিক্ষণ ফি ধরা হয়। এ ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রে কোর্সের ফি ভিন্ন হতে পারে। তবে কোর্স ফি তুলনামূলকভাবে অনেক কম। বেশির ভাগ কোর্সেই ফি দেড় থেকে দুই হাজার টাকা। কোর্সগুলো প্রতিটি প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে পরিচালনা করে থাকে। ভর্তির সময় ও অন্যান্য তথ্যমো. আনিসুর রহমান জানান, সারা বছরই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। একটি কোর্স শেষ হলে কেন্দ্রে আরেকটি কোর্স শুরু করা হয়। প্রশিক্ষণ শুরুর তারিখ, কোর্সের মেয়াদ, ফি প্রভৃতি যাবতীয় তথ্য জানিয়ে কেন্দ্রগুলো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে থাকে। তাই ভর্তির জন্য আপনাকে কেন্দ্রগুলোয় যোগাযোগ করতে হবে। ভর্তির জন্য কোনো কোনো ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। তবে সব কেন্দ্রেই যে পরীক্ষার সম্মুখীন হতে হবে, তা নয়। আর সব কেন্দ্রে হয়তো সব কোর্স চালু নাও থাকতে পারে। বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র: বিদেশে শ্রমিক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অনেকে নিজ নিজ উদ্যোগে প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করে থাকে। এ ধরনের প্রায় ৩০টির মতো প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। তবে ভর্তি হওয়ার আগে জেনে নিন, সেটির অনুমোদন আছে কি না। বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ খরচ একটু বেশি।