কারিগরি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত অটিস্টিক ব্যক্তিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের স্বাবলম্বী করে তোলার জন্য চট্টগ্রামে কোনো আলাদা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে অটিজমে আক্রান্ত ১৫ বছরের বেশি বয়সীরা উপযুক্ত কারিগরি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া জায়গা না পাওয়ায় অভিভাবকহীন অটিস্টিক শিশুদের পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া যায়নি। চট্টগ্রামে প্রায় ৫০০ অটিস্টিক শিশু রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এসব শিশুকে প্রচলিত ধারার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। তাই তাদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে সরকারি-বেসরকারি কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।চট্টগ্রামে অটিস্টিক শিশুর কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। জানা যায়, অনেক পরিবার বিষয়টি প্রকাশ করতে চান না। আবার কেউ কেউ আর্থিক সামর্থ্যের অভাবে শিশুদের প্রশিক্ষণকেন্দ্রে পাঠাতে চান না। ফলে অটিজমে আক্রান্ত শিশুদের সঠিক হিসাব পাওয়া কঠিন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক বাসনা মুহুরী বলেন, ‘চট্টগ্রামে অটিস্টিক শিশুর সঠিক পরিসংখ্যান নেই। ২০০ জন অটিস্টিক শিশুর অভিভাবকের নাম তালিকাভুক্ত আছে। কিন্তু এখন আমরা প্রায়ই কয়েকজন করে নতুন অটিস্টিক শিশুর খোঁজ পাচ্ছি। সে হিসাবে বলা যায়, এই সংখ্যা ৫০০-এর কাছাকাছি হবে।’বিশেষজ্ঞদের মতে, অটিজমের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা কিংবা ওষুধ নেই। একটি শিশুকে দ্রুত সঠিক শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের কিছুটা রোগমুক্ত করা সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক বা পরিচর্যাকারী।জানা যায়, প্রতিটি অটিস্টিক শিশুর জন্য একজন করে প্রশিক্ষক প্রয়োজন। কিন্তু পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষক এখানে না থাকায় কোনো কোনো ক্ষেত্রে দুই পালা করে প্রশিক্ষণ দিতে হচ্ছে। কিন্তু এসব প্রশিক্ষককে পর্যাপ্ত সম্মানী ভাতা দিতেও হিমশিম খেতে হয় স্কুল পরিচালনা কমিটিকে। অপর দিকে, দেশের বাইরে থেকে প্রশিক্ষক আনাও ব্যয়বহুল। এ অবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।জানা যায়, চট্টগ্রামে অটিস্টিক শিশুদের জন্য ১৪টি স্কুল রয়েছে। এসব স্কুল পরিচালনা, প্রশিক্ষণের সঙ্গে সাধারণত সংশ্লিষ্ট শিশুদের বাবা-মা কিংবা পরিবারের সদস্যরা জড়িত।এ প্রসঙ্গে অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের সাধারণ সম্পাদক ঝুলন কুমার দাশ বলেন, ‘অটিস্টিক শিশুদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কিন্তু স্কুলগুলোতে প্রশিক্ষণের খরচ মেটাতে আমাদের হিমশিম খেতে হয়। ৬ ও ৭ এপ্রিল দুই দিনের জন্য বাইরে থেকে প্রশিক্ষক আনতে আমাদের প্রায় দেড় লাখ টাকা খরচ পড়ছে। এ অবস্থায় অটিস্টিক স্কুলগুলোকে এমপিওভুক্তির ব্যবস্থা করা হলে আমাদের বেশ উপকার হয়।’অটিস্টিক শিশুদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের স্বাবলম্বী করে তোলার ব্যবস্থা নিতে হয়। কিন্তু নগরে সে রকম ব্যবস্থা নেই। চট্টগ্রামে অটিস্টিক শিশুদের শতকরা প্রায় ২৫ জনের বয়স ১৫ বছরের ওপরে। এদেরকে স্কুলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে রাখাও নিরাপদ নয়। এদের জন্য দরকার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এ রকম কোনো প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি শহরে। দু-একটি অটিস্টিক স্কুলে বিক্ষিপ্তভাবে দু-একজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুইড বাংলাদেশ অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক শামীম আহমেদ বলেন, ‘আমরা যদি চট্টগ্রামে ৫০০ অটিস্টিক শিশু আছে ধরে নিই, তাহলে ১২৫ জনের বয়স হবে ১৫ বছরের ওপরে। আমরা এ রকম পাঁচজন অটিজম আক্রান্তকে প্রশিক্ষণ দিচ্ছি। এদের বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া গেলে তারা স্বাবলম্বী হতে শিখবে।’জানা যায়, অসহায় ও অভিভাবকহীন অটিস্টিক শিশুদের জন্য দরকার পুনর্বাসনকেন্দ্র। কিন্তু জায়গার অভাবে সেই প্রচেষ্টাও ভেস্তে যেতে বসেছে। এ ব্যাপারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়েও সাড়া পাওয়া যায়নি।অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের সাধারণ সম্পাদক ঝুলন কুমার দাশ বলেন, ‘আমরা রেলওয়ে ও সরকারের খাসজমির জন্য আবেদন করেছি। কিন্তু এ ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া পাইনি। জায়গা পেলে আমরা অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পারতাম।’ প্রসঙ্গত, অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার গতকাল ১০ স্কুলের সহযোগিতায় বিশ্ব অটিজিম সচেতনতা দিবস পালন করে।