কারুশিল্পীদের মেলায়

রঙিন কাপড়, মাটির পুতুল আর সাদা শঙ্খের কাজে শিল্পীদের ভালোবাসার ছোঁয়াই খুঁজে পাওয়া যাচ্ছিল। কোনো বিপণনের সঙ্গে যুক্ত নন—এমন সৃজনশীল কারুশিল্পীদের উৎসাহিত করা ও হারিয়ে যাওয়া এবং হস্ত ও কারুশিল্পের ঐতিহ্য তুলে ধরতেই ছিল এমন আয়োজন। ঢাকার ধানমন্ডির জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ১৪২২ ও কারুমেলার। কারুশিল্পীদের উৎসাহিত করার জন্য এ বছর চারটি শিল্পমাধ্যমে চারজন শ্রেষ্ঠ শিল্পীকে সম্মাননা জানানো হয়েছে। ৪ ফেব্রুয়ারি এই আয়োজনের উদ্বোধন করা হয়।
আয়োজনের শুরুতেই চারজন কারুশিল্পীকে তাঁদের অসাধারণ সৃষ্টির জন্য বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা বলেন, ‘কারুশিল্পীদের অনুপ্রেরণা দেওয়া এবং এই পেশা যে সম্মানের, তা বোঝাতে হবে। কারুশিল্পীদের অসাধারণ মেধা, শ্রমের স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের জাতিগত দায়িত্ব।’
রঙিন সুতায় তাঁতের বুনন টাঙ্গাইলের নলুয়া গ্রামের রাজ্জাককে এনে দিয়েছে প্রথম পুরস্কার। আদি তাঁত শাড়ির এই কারিগর প্রায় ১৭ বছর থেকে স্বাধীনভাবে কাজ করছেন এই পেশায়। ছেলেবেলা থেকেই বাবার কাপড় বোনা দেখেছেন তিনি। তাই বংশপরম্পরায় পাওয়া এই পেশাকে কখনোই ছাড়তে পারেননি।
সাদা শঙ্খ নিয়েই যাঁর কাজ, সেই অনুপ নাগ পেলেন পটুয়া কামরুল হাসান পুরস্কার। রাজধানীর শাঁখারীবাজারে তিনি বহু বছর ধরে এই কাজটাই করে যাচ্ছেন। কুড়িগ্রামের চিলমারীর কারুশিল্পী নিত্য মালাকার শোলা দিয়ে অপরূপ ও অসাধারণ সব সৃষ্টির কারিগর। তিনি প্রায় ৩৫ বছর ধরে এই ঐতিহ্যকে লালন করছেন, যদিও তাঁর পরিবারে কেউই এর সঙ্গে জড়িত ছিলেন না। শ্রম ও ধৈর্য তাঁকে কাজ করার উৎসাহ দেয় বলে জানালেন।
রংবেরঙের মাটির পুতুলও দেখা গেল এই মেলায়। মাটির পুতুলের শিল্পী বিজলী রানী পাল এসেছেন রাজশাহীর বসন্তপুর থেকে। প্রায় সাত বছর থেকে এই কাজ করছেন। তিনি প্রথমবার পুরস্কার পেলেও তাঁর স্বামী আগে দুবার পেয়েছেন এই পুরস্কার। প্রথমে বাবার কাছে ও পরে স্বামীর কাছে শিখেছেন মাটির পুতুলে কাজ।
কারুশিল্প পুরস্কার ও কারুমেলার উদ্বোধন করেন মানবাধিকারকর্মী আইনজীবী সুলতানা কামাল এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ। পুরস্কার পাওয়া চারটি মাধ্যমসহ ১১টি কারুপণ্য আদিবাসী কারুশিল্প, পাটজাত শিল্প, কাঁথাশিল্প, গামছা ও লুঙ্গি, ধাতবশিল্প, বাঁশজাত শিল্প ও হাতে আঁকা পটচিত্র বিক্রির জন্য প্রদর্শন করা হয়।
৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই মেলা।