কারেন্ট জালে পাখি হত্যা
খেতের চারপাশে বাঁশের খুঁটিতে টানানো হয়েছে কারেন্ট জাল। তাতে দুটি ঘুঘু ও একটি বুলবুলি পাখি আটকা পড়েছে। এর মধ্যে দুটি মারা পড়লেও একটি ঘুঘু জাল থেকে বের হওয়ার চেষ্টা করছিল তখনো। ওই খেতে কাজ করছিলেন কৃষক মো. আবদুল নাসের। বললেন, ফসল বাঁচাতেই এই ব্যবস্থা।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিস্যা ইউনিয়নের পুরান মারিস্যা এলাকায় গিয়ে এমন পাখি হত্যার দৃশ্য দেখা গেছে। ওই এলাকায় আবদুল নাসেরের খেতের পাশে অবস্থিত ছোট-বড় সব জমিই কারেন্ট জাল দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। টিয়া, বুলবুলি, ঘুঘুসহ বিভিন্ন পাখির পাশাপাশি জালে আটকা পড়ে মরছে বাদুড়ও।
তবে কৃষকেরা অজ্ঞতা থেকেই এমন কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তরা। তাঁদের মতে, পাখি সবজিখেতের ক্ষতি করে না, বরং উপকার করে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম বলেন, সবজিখেতে পাখি বসলে কোনো ক্ষতি হয় না।
উল্টো বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পাখি ফসল রক্ষা করে। খেতে পাখি বসার জন্য আমরা তাই কৃষকদের একটি ডাল পঁুতে দিতে বলি।
সরেজমিনে দেখা গেছে, পুরান মারিশ্যা ছাড়াও উপজেলার মাস্টারপাড়া, লাল্যাঘোনা, উলুছড়ি ও সিজক এলাকার বেগুন ও শিম খেতে চাষিরা কারেন্ট জাল টানিয়েছেন। পাখির পাশাপাশি কীটপতঙ্গও মারা পড়ছে এসব কারেন্ট জালে।
কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ হলেও পুলিশ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হককে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারেন্ট জালের ব্যবহার মৎস্য আইনে নিষিদ্ধ। কেবল মাছ ধরা নয়, এই জাল দিয়ে পাখি শিকারও নিষিদ্ধ। খোঁজখবর করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
পাখি হত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেই বন বিভাগেরও। বাঘাইছড়ি বন বিভাগের সিজক রেঞ্জ কর্মকর্তা ফকরুল আহমেদ বলেন, কারেন্ট জাল দিয়ে পাখি হত্যা বেআইনি। তবে লোকবলের অভাবে প্রত্যন্ত এলাকায় গিয়ে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে সোচ্চার পরিবেশ আন্দোলনের কর্মীরাও। বাঘাইছড়ি পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, ‘সবজিখেত রক্ষার নামে কারেন্ট জাল না টানাতে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে চাষিদের কাছে অনুরোধ করেছি। উপজেলার সবজিখেতগুলোতে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক পাখি মারা যাচ্ছে বলে আমাদের কাছে হিসাব আছে। প্রশাসন উদ্যোগ না নিলে এই কার্যক্রম বন্ধ হবে না।’