কার্জন হলে একদিন
‘কার্জন হল যাবেন?’ রসির ডাকে রিকশাটা থেমে গেল টিএসসি সড়কদ্বীপে। রিকশায় উঠতেই রিকশাওয়ালা বলে উঠল, ‘মামা, আমার নাম লিটন।’ চলেন, লিটন মামা, পঙ্খীরাজের মতো। যেতে যেতে রসির বেশ গল্প চলল লিটল মামার সঙ্গে। দোয়েল চত্বর পেরিয়ে ততক্ষণে পৌঁছে গেছে কার্জনের গেটে। তারেক, শাকিলা, মাসুদ, রুমিরা আড্ডা দিচ্ছিল কার্জনের সবুজ ঘাসে। রসিও গিয়ে যোগ দিল তাদের সঙ্গে। আলোচনা চলছিল কার্জন হলের নতুন রং করা নিয়ে। পুরোনো ঐতিহ্যটা ঝকঝকে রং দিয়ে ঢেকে দিয়েছে প্রশাসন, এ মন্তব্য ছিল মাসুদের। পাশাপাশি ১ জুলাই নিয়েও চলছিল আলোচনা। বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে ব্যাপক প্রস্তুতি তাদের। রুমি আর শাকিলা পরবে নীল রঙের শাড়ি। বর্ষাকাল তো, তাই নীল রংটা বেশ ভালো লাগবে বলে রুমির ধারণা। তারেক আর মাসুদ পরবে ফতুয়া। এই হচ্ছে সকালের শোভাযাত্রার সাজ। নোমান যাচ্ছিল সে পথ ধরে। সে এসে বসল সবুজ ঘাসে। বসেই পাশের ঝোপ থেকে তুলে নিল দুটো নয়নতারা ফুল। ফুল দুটো দিল দুই বালিকাকে। ‘মানুষ হলি নারে, কেন ছিঁড়লি ফুল দুটো, গাছেই তো কত সুন্দর দেখাচ্ছিল।’ বলল শাকিলা। ‘এই দেখ, যার জন্য করি চুরি, সেই বলে চোর।’ বলে মুখটা বেশ ভার করে ফেলল নোমান। পদার্থবিজ্ঞানের ছাত্র তাজিমকে দেখে ডাক দিল রসি, ‘এই যে পদার্থ-সাহেব, আসবেন একটু। সারা দিন গবেষণা করতে করতে তো মাথার চুল সব হারাতে বসেছেন।’‘দেখ, আমাকে চটাবি না। ল্যাব আছে, এখন গেলাম।’ বলেই হাঁটা দিল সে। এর মধ্যে চায়ের দোকানের পিচ্চিটা দিয়ে গেছে ধোঁয়া তোলা চা। চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা বেশ আবেগতাড়িত হয়ে গেল। আর বেশি দিন নেই ওদের বিশ্ববিদ্যালয় থেকে বের হতে। তখন এ আড্ডাবাজি, এ চায়ের কাপটা হয়ে পড়বে অচেনা। এর মধ্যে তারা হারিয়েছে কণাকে। বৃত্তি নিয়ে ও চলে গেছে কানাডা। অবশ্য ভুলেনি সে বন্ধুদের, প্রায়ই ফোনে কথা বলে সবার সঙ্গে। তবুও তাকে খুব মনে পড়ে রুমির। একসঙ্গে হলে থাকত দুজন। একসঙ্গে কার্জনে ক্লাসে আসা, শপিংয়ে যাওয়া হতো তাদের। ফার্মেসির বন্ধু ফারুকের আজ জন্মদিন, ভুলেই গিয়েছিল সবাই। মনে করিয়ে দিল রশিদ এসে। সবাই ঝটপট উঠে রওনা হলো ফার্মেসি বিভাগের দিকে। শাহবাগ থেকে কেক আনতে ছুটল নোমান। ওখানে গিয়ে সবাই মিলে ফারুককে শুভেচ্ছা জানাল। ততক্ষণে চলে এল কেক। কেকে খাওয়ার সমানতালে চলল কেক মাখামাখিও। এরপর সবাই মিলে ঘুরতে গেল কার্জনের পুকুর পাড়ে। ভাঙা ঘাটে বসে চলল কিছুক্ষণ রস-আড্ডা। আবার চলল চা। ‘এই চা খুব মিস করব রে একটা সময়।’ বলে উঠল ফারুক। ধ্যাৎ! একদিন তো সবাইকেই ছাড়তে হবে, এ কার্জন হল। ‘যেদিন যাব, সেদিন দেখা যাবে, এখন মন খারাপ করে কী লাভ।’ বলল রসি। ততক্ষণে তাদের ক্লাসের সময় হয়ে গেছে। ফারুক চলে গেল ফার্মেসিতে। রসি হলে, বাকিরা হিজল তলা মাড়িয়ে কার্জনের ক্লাসে। কার্জনের পুকুরে মাছরাঙাটা মাছ ধরতে তখন টুপ করে একটা ডুব মারল।