কার্টুনের কারখানা
>

আঁকান্তিস ও কার্টুন পিপল—কার্টুনিস্টদের এই দুটি দল কিশোর-তরুণ থেকে শুরু করে নানান বয়সী মানুষকে এক করেছে। সরাসরি ও অনলাইনে তাঁরা কার্টুন আঁকেন, শেখেন এবং শেখান। পড়ুন, কী করে বাংলাদেশের কার্টুনশিল্প আরও বর্ণিল হয়ে উঠছে।
আসিফুর রহমানের সঙ্গে পরিচয় বেশ ক বছরের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ থেকে স্নাতক করেছেন এই তরুণ। তারপর এমবিএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে। পড়াশোনা শেষে একটা বেসরকারি প্রতিষ্ঠানে ১০টা-৫টা অফিসও করছেন জানতাম। সেই আসিফ কদিন আগে বললেন, ‘চাকরিটা ছেড়ে দিয়েছি।’ জানতে চাইলাম, ‘নতুন কোথাও যোগ দিচ্ছেন?’ আসিফ মৃদুভাষী। দুই কথায় জবাব দিলেন, ‘না। শুধু কার্টুনই আঁকব।’ বেশ অবাক হলাম, ‘সত্যি?’ আসিফের মুখে স্বভাবসুলভ মাপা হাসি, ‘হ্যাঁ, শুধু কার্টুনই আঁকব।’
বুয়েট, আইবিএ থেকে বের হয়ে এক তরুণ কার্টুনেই ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, বিষয়টা যাকে বলে ‘ইন্টারেস্টিং’। কীভাবে এমন ঝুঁকি নেওয়ার সাহস দেখাচ্ছেন আসিফ? এর মধ্যে বেশ কয়েকবার কথা হলো তাঁর সঙ্গে। এই কথাবার্তার সারাংশে যে নামটা এল, সেটা হলো— আঁকান্তিস। এই নামটার সঙ্গেও পরিচয় বেশ কবছরের। ক্যালেন্ডার দেখে বললে ২০১১ সাল থেকে। আঁকান্তিস একটা দল, যাঁরা নিজেদের পরিচয় দেন এভাবে, ‘আঁকান্তিস হলো আঁকিয়ে আড্ডাখানা। এখানে আমাদের প্রধান কাজ “আঁকা”। আমরা আমাদের চারদিক আবিষ্কার করতে নিয়মিতভাবে স্কেচ খাতা নিয়ে বের হই। ওসব স্টাডি থেকে নতুন কী শিখলাম ও নতুন কী ভাবলাম সেটা নিজেদের মধ্যে ভাগাভাগি করি।’
বুয়েটে ভর্তি হওয়ার পরপরই আঁকান্তিসে যোগ দেন আসিফ। সেখানেই মূলত কার্টুন আঁকায় ‘হাতেতুলি’। আঁকতে আঁকতে একসময় খেয়াল করলেন, ছোটবেলার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া খুব সম্ভব। এখন সেটার জন্যই আদাজল খেয়ে নেমেছেন তিনি। মোটকথা এই বিশ্বাস ও সাহস তাঁকে জুগিয়েছে আঁকান্তিস।

আঁকিয়ে আড্ডাখানা আঁকান্তিস
দলটির প্রতিষ্ঠাতা তরুণদের ‘আইকন’ কার্টুনিস্ট মেহেদী হক। ‘২০১১ সালে একটা কার্টুন কর্মশালা করেছিলাম আমরা।’ আঁকান্তিসের শুরুর কথা বলছিলেন এভাবে, ‘কর্মশালা শেষে চিত্রশিল্পী সব্যসাচী মিস্ত্রী বললেন, আমাদের একটা গ্রুপ গড়ে তোলা দরকার; যেখানে সবাই মিলে আঁকাআঁকি করা যাবে। তখন থেকেই চিন্তাটা মাথায় এল। আমরা অনেক দিন বিদেশি কার্টুন দেখে আঁকাআঁকির অনুশীলন করতাম। ফলে সেটাতে বিদেশি ছাপ থাকত। আমরা চেয়েছিলাম, আমরা আমাদের চারপাশটা দেখে দেখে আঁকব। যাতে করে নিজেদের ছবিটা কার্টুনে তুলে আনতে পারি। তো সেই থেকে শুরু হলো আঁকান্তিসের পথচলা।’
আক্ষরিক অর্থেই পথচলা যাকে বলে, সেটাই হলো। ২০১১ সালে ঢাকার নিউমার্কেটে পাঁচজন আঁকিয়ে—সব্যসাচী মিস্ত্রী, মেহেদী হক, নাসরিন সুলতানা, শামীম আহমেদ ও সৈয়দ রাশাদ ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করলেন লাইভ স্কেচ বুকিং। (লাইভ স্কেচ বুকিং মানে হলো চোখের সামনে দেখা দৃশ্য খাতায় এঁকে ফেলা।) এই কাজটা মেহেদী হকরা একা একা করার চেষ্টা করেছিলেন আরও আগে থেকে। ‘লোকে কী ভাববে’, ‘কেমন যেন লাগে’—এসব ভাবতে ভাবতে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু দলবেঁধে যখন শুরু করলেন, তখন সব দ্বিধা কর্পূরের মতো মিলিয়ে গেল বাতাসে!
আর নতুন এক ঝলক বাতাস এসে উড়িয়ে দিল নতুন দিনের পাল। প্রথম প্রথম মেহেদী হকের এসএমএস পেয়ে আগ্রহী আঁকিয়েরা ছুটে আসতেন ঢাকার কোনো এক স্থানে। দলবেঁধে শুরু হতো আঁকাআঁকি। ভাগাভাগি হতো ভাবনা-চিন্তা। বড়রা ছোটদের ভুলভাল ধরিয়ে দিতেন, ছোটরা বলতেন নিজেদের নতুন চিন্তার কথা। তারপর আগ্রহীদের সংখ্যা যখন বেড়ে গেল, ফেসবুকে খোলা হলো আঁকান্তিস গ্রুপ। প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট বিষয় ও স্থান ঠিক করে সবাই জড়ো হতে লাগলেন। এবং একইভাবে চলতে থাকল কার্টুন আঁকার মকশো।
কার্টুন নিয়ে কার্টুন পিপল
সেই আঁকিবুকির ফল কী দাঁড়াল জানেন? আঁকান্তিস গ্রুপের শুরুর একজন সৈয়দ রাশাদ ইমাম। এ বছরের জুনে গোড়াপত্তন করেছেন ‘কার্টুন পিপল’ নামের আরেকটা দল। এই দলটাও কিশোর-তরুণদের নিয়ে পথে-ঘাটে কিংবা ঘরে বসে কার্টুন আঁকছে। আর সম্প্রতি ইউটিউবে চালু করেছে ইউটিউবভিত্তিক কার্টুন আঁকাআঁকি শেখার চ্যানেল ‘কার্টুন শো ঢাকা’। বাকিটা শুনুন সৈয়দ রাশাদ ইমামের মুখে, ‘“ড্র মাই লাইফ” নামের একটা প্রামাণ্যচিত্র হয়েছে আমার নিজের কার্টুনিস্ট-জীবন নিয়ে। কীভাবে আমি কার্টুনিস্ট হয়ে উঠলাম—এই গল্পটা প্রচারিত হওয়ার পর আমার ফেসবুক অ্যাকাউন্টের ইনবক্স হ্যাং হয়ে গেল!
অসংখ্য কার্টুনপ্রিয় মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইল। তারা বলতে লাগল, কার্টুন বা আঁকাআঁকি নিয়ে তাঁদের ভালোবাসার কথা। ছোটবেলায় স্বপ্ন দেখত কিন্তু বড় হতে হতে কীভাবে সেই স্বপ্ন ভেঙে গেল—এসবই। তখন থেকেই চিন্তাটা মাথায় এল যে গৎবাঁধা পেশা অর্থাৎ চিকিৎসক-প্রকৌশলী হওয়ার ভাবনাটা ভেঙে দিতে হবে। কার্টুন এঁকেও যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, এই বিশ্বাসটা মানুষকে দিতে হবে।’
বিশ্বাস কীভাবে পাবে? ঢাকার কিশোর-তরুণেরা নাহয় আঁকান্তিস বা কার্টুন পিপলের সঙ্গে থেকে আঁকাআঁকি করল, ঢাকার বাইরে? এই উত্তরের জবাব দিতেই ‘কার্টুন শো ঢাকা’। ইউটিউবের এই চ্যানেলে আঁকিবুকি শেখাচ্ছেন সৈয়দ রাশাদ ইমাম। আবার খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েও আঁকান্তিসের সঙ্গে আছেন কার্টুনিস্ট আরাফাত করিম। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম এই তরুণের ভাষায়, ‘প্রাতিষ্ঠানিক চর্চা তো আছেই, সঙ্গে আঁকান্তিসে থেকে যে চর্চাটা করছি, সেটা দারুণ কাজে লাগছে। এখানে অন্যভাবে দেখার অবকাশ অনেক।’
অন্য রকম কিছু করার কথা বললেন মাহাতাব রশীদ ও সালমান সাকিব। দুজনই স্কুলপড়ুয়া। আঁকান্তিস ও কার্টুন পিপলের সঙ্গে যুক্ত আছেন প্রায় শুরু থেকেই। দুটি দল নিয়ে তাদের দুজনের বক্তব্য একই রকম, ‘স্কুলে আমরা গৎবাঁধা কিছু ছবি আঁকি। যেমন গ্রামের দৃশ্য, ফুল, পাখি, লতাপাতা ইত্যাদি। কিন্তু আঁকান্তিস ও কার্টুন পিপলে আমরা আমাদের ইচ্ছামতো আঁকতে পারি। নিজেদের চিন্তাভাবনাগুলো নিয়ে কাজ করার স্বাধীনতা আছে এখানে।’
কার্টুন যখন সম্ভাবনা
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে জনসংযোগ পড়ান নাঈমা আলম। ফ্রিল্যান্স অ্যানিমেটরও। শুরুতে চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন নিয়ে পড়াবেন। সেটা হয়ে ওঠেনি। তাই এখন নিয়মিত কার্টুন পিপলের কার্টুনিস্টদের নিয়ে যান তাঁর ক্যাম্পাসে। কর্মশালার মাধ্যমে উদ্বুদ্ধ করেন কার্টুনপ্রেমী শিক্ষার্থীদের। নাঈমা বললেন, ‘নিজে তো আঁকিই, আমরা চাই তরুণ প্রতিভানদের সুযোগ করে দিতে। কার্টুন, কমিক এবং অ্যানিমেশনে যে বিশাল সম্ভাবনা আছে, সেটা কাজে লাগাতে হবে।’
একই চিন্তা আঁকান্তিসেরও। মেহেদী হকের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন বলছিলেন বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবীবের কথা। বাংলাদেশে কার্টুন নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে একটা কিছু শুরু করার উৎসাহ দিচ্ছেন যিনি নিয়মিত। তার আগে বলে নেওয়া ভালো, যে তরুণেরা আঁকান্তিস বা কার্টুন পিপলের মতো উদ্যোগ নিয়েছেন, সবাই তাঁকে ‘বস’ বলেই মানেন। তাঁর কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশে কার্টুন, কমিক, অ্যানিমেশনের সম্ভাবনা কেমন? উত্তরে বললেন, ‘নিঃসন্দেহে অনেক অনেক ভালো। প্রকাশনা, বিজ্ঞাপন থেকে শুরু করে পুরো বিশ্বে আমরা আমাদের প্রতিভার প্রকাশ করতে পারছি। ফলে আর দশটা পেশার তুলনায় কার্টুনিস্ট পেশা পিছিয়ে নেই। এ ক্ষেত্রে আঁকান্তিস ও কার্টুন পিপল দারুণ ভূমিকা রাখছে। আর আঁকান্তিসের সঙ্গে আমি নিজেই নিয়মিত কর্মশালা করাচ্ছি। এটা চলতে থাকবে। আর একটা ভালো জায়গা পেলে আমরা দারুণ একটা প্রতিষ্ঠানও গড়ে তুলতে চাই।’
আঁকান্তিসের ফেসবুক গ্রুপ—https://goo.gl/S4lrer
কার্টুন পিপলের ইউটিউব চ্যানেল—https://goo.gl/gpyBpe
কার্টুন পিপলের ফেসবুক পেজ—https://goo.gl/dPXcrj