কার্ডে লেনদেন
‘একসঙ্গে অনেক টাকা বহন করা ঝুঁকিপূর্ণ, আবার কেনাকাটা কিংবা জরুরি মুহূর্তে টাকা প্রয়োজন—গ্রাহকদের এসব মুহূর্তে সাহায্য করার জন্য বিভিন্ন ব্যাংক দিচ্ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। এ শুধু এটিএম মেশিনই নয়, কেনাকাটা, রেস্তোরাঁয় খাওয়া, হাসপাতালে বিল দেওয়া, বিমানের টিকিট কেনা—এমন কোনো জায়গা নেই, যেখানে এ ধরনের কার্ড ব্যবহার করা যায় না। এগুলো ছাড়াও আরেক ধরনের কার্ড রয়েছে, যার নাম করপোরেট কার্ড। তবে যেকোনো ধরনের কার্ড ব্যবহারকারী হোক, তার বয়সসীমা ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।’ বলছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের কার্ড ডিভিশনের বিভাগীয় প্রধান মঈনুদ্দীন আহমেদ।জেনে নিনডেবিট কার্ড: যেকোনো ব্যাংকে হিসাব থাকতে হবে ডেবিট কার্ডধারী গ্রাহকের, যার মাধ্যমে তিনি টাকা তোলা বা জমা করতে পারবেন। এ কাডের্র মাধ্যমে নিজের টাকা নিজে ব্যবহার করতে পারেন গ্রাহক। তবে এর জন্য চার্জ হিসেবে বার্ষিক ফি দিতে হয়। ক্রেডিট কার্ড: এ কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংক থেকে কিছু শর্ত সাপেক্ষে নির্দিষ্ট অঙ্কের টাকা ঋণ নিয়ে সেটা খরচ করতে পারবেন গ্রাহক। যে মাসে টাকা খরচ করবেন, ওই মাসে ব্যাংক থেকে খরচের বিল পাঠানো হয়। সেটা ওই মাসেই পরিশোধ করতে হয়। যদি পুরো টাকা ওই মাসে পরিশোধ করতে পারেন, তাহলে ব্যাংককে কোনো সুদ দিতে হয় না। না পারলে মাসে সুদ দিতে হয়।আপনার আয় কত, মাসিক ঋণ পরিশোধের সামর্থ্য আছে কি না, তার ওপর ভিত্তি করে আপনাকে ক্রেডিট কার্ডের সীমা দেওয়া হবে। ক্রেডিট কার্ডে আপনি কত টাকা খরচ করছেন, এর ওপর ভিত্তি করে ১ দশমিক ৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ সুদ রাখা হয় ব্যাংকে।কার্ডের মেয়াদ পাঁচ বছর, তিন বছর ও সাত বছর থাকে। ব্যাংকের যেকোনো কাউন্টারে পেমেন্ট হতে পারে ক্রেডিট কার্ডের মাধ্যমে। আবার ইন্টারনেটের মাধ্যমে ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করা যেতে পারে। নির্দিষ্ট হিসাবে (অ্যাকাউন্টে) এ কার্ডের মাধ্যমে লেনদেন করা হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে অটো পেমেন্টও করা যায় আবার ইন্টারনেটের মাধ্যমে (যেসব ব্যাংকে এ ধরনের সুবিধা আছে) টাকা পরিশোধ করতে পারেন।এ ক্রেডিট কার্ড নিয়ে আপনি বাংলাদেশের বাইরে যেতে পারেন মাস্টার, ভিসা এসব বিভিন্ন ব্র্যান্ডের আন্তর্জাতিক কার্ড রয়েছে, যা পৃথিবীর যেকোনো দেশে আপনি ব্যবহার করতে পারেন। ভ্রমণ কোটা, আরএফসিডি (রেসিডেন্স ফরেইন কারেন্সি ডিপোজিট), এক্সপোর্টার কিউ (এক্সপোর্টার ডিপোজিট কোটা) এসব ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়।করপোরেট কার্ড: যেকোনো করপোরেট প্রতিষ্ঠান করপোরেট কার্ড দিয়ে দেশে-বিদেশে কেনাকাটা করে বিল ওই প্রতিষ্ঠানে জমা দিলে প্রতিষ্ঠান ব্যাংকে ওই পরিমাণ খরচের বিলের টাকা পরে পাঠিয়ে দেয়। সে ক্ষেত্রে অবশ্যই একজন গ্যারান্টার লাগে। কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলেকার্ড যদি কখনো হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তবে যে ব্যাংক থেকে কার্ড ইস্যু করা হয়, ওই ব্যাংকের কার্ড ডিভিশনে গিয়ে কিংবা ফোন করে জানালে ওই কার্ডটি ব্লক করে দেওয়া হবে। আর হারিয়ে যাওয়ার দু-তিন দিন পর কার্ডটি খুঁজে পেলে শুধু ওই সেন্টারে জানিয়ে দিলে পুনরায় ওই কার্ডটি চালু করা হবে। আর একেবারে হারিয়ে গেলে নতুন করে কার্ডের জন্য আবেদন করতে হবে। সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ফি দিতে হবে।কার্ড ব্যবহারের ক্ষেত্রে জেনে নিনবিভিন্ন ধরনের ব্যাংকে বিভিন্ন প্রকার কার্ড রয়েছে। আর কার্ডভেদে বিভিন্ন ব্যাংকের চার্জ কাটার ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ডে বছরে সাধারণত ৫০০ থেকে তিন হাজার টাকা এবং ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বছরে ৩০০ থেকে ৬০০ টাকা চার্জ কেটে রাখে।যে ব্যাংকে কার্ডটা ইস্যু করা হয়, সে ব্যাংকের ওপর নির্ভর করে কতবার ব্যাংক থেকে টাকা তোলা যায়। বেশির ভাগ ক্ষেত্রে ব্যাংক থেকে দিনে ন্যূনতম ৫০ হাজার টাকা পাঁচবারে তোলা যায়।