

মিষ্টি সকাল। দুই কিষানির হাতে ধরা রাজশাহী বন্ধুমেলার ফেস্টুন। সকাল ঠিক নয়টা। তাঁরা এবার ফেস্টুন ছেড়ে দিলেন। একঝাঁক বেলুন সেটি নিয়ে উড়ে গেল। চোখের পলকে পদ্মা নদীর ওপর দিয়ে ওরা মিলিয়ে গেল নীল আকাশে। সঙ্গে সঙ্গে বেজে উঠল বন্ধুমেলার সুর। পায়ে পায়ে শিশির। ‘কার্তিকের রোদ আর জলে’ শুরু হেলা রাজশাহী শিল্পকলা একাডেমীতে বন্ধুমেলা।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রসাদপাড়া গ্রাম থেকে এসেছিলেন কিষানি মেহেরুন্নেসা আর আদাড়পাড়া গ্রাম থেকে এসেছিলেন মিনতি হেমব্রম। তাঁরাই জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করে মেলার উদ্বোধন করেন। এ সময় বন্ধুসভার পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভী বীর প্রতীক।
‘মর্যাদায় গড়ি সমতা’—এই স্লোগান সামনে রেখে প্রথম আলোর বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় গত ৩১ অক্টোবর সকাল সাড়ে নয়টায় শুরু হয় মেলার আলোচনা ও সাংস্কৃতিক পর্ব। কৃষি ও গৃহস্থালি কাজে নারীর অবদানের স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন সরদার, বেসরকারি সংস্থা মাত্রার ব্যবস্থাপক (যোগাযোগ) আরিফুল ইসলাম, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই কুমার সাহা, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষক মাহাবুব খান প্রমুখ।

মোস্তাফিজুর রহমানের দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এর পরে কঙ্কণ কুণ্ডু ও ভূমিকা আজাদ নাচেন ‘বকুল ফুল বকুল ফুল’ গানের সঙ্গে। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ বন্ধুসভার বন্ধু তানজিমুল আলম গাইলেন ‘তোমায় হৃদ মাঝারে রাখব...’। নুসরাত, রিভার ও লামিয়া পরিবেশন করেন ফিউশন ‘মাঝে মাঝে তব দেখা পাই...’। রাজশাহী মেডিকেল কলেজের বন্ধু ফারাহ তাসনীম পরিবেশন করেন আবৃত্তি এবং আশানুর ইসলাম নৃত্য পরিবেশন করেন ‘ফাগুনেরও মোহনায়’ গানের সঙ্গে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোবাশিরিনা মিতু পরিবেশন করেন আরেকটি আবৃত্তি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্যোতি প্রকাশ গাইলেন ‘ভালোবাসি যারে’। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কাজল ও ইতির ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানের সঙ্গে নৃত্য শেষ হওয়ার পরেই রাকিবুল ইসলাম গাইলেন ‘শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে’। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার নোভা ও অ্যানির গম্ভীরা নতুন মাত্রা যোগ করে অনুষ্ঠানে। দরুন কুমার গাইলেন ‘লোকে বলে লালন ফকির’। নাটোরের বন্ধু আল মামুন গাইলেন ‘বড় একা একা লাগে’।
ফাতেমা মিতুল পরিবেশন করেন ‘ধিন তানা ধিন তানা’ গান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিয়াঙ্কা বিশ্বাসের ‘একনজর না দেখলে বন্ধু’ গানের সঙ্গে চলে তারুণ্যের উচ্ছ্বাস। পুরোনো দিনের গান গেয়ে সবাইকে উদাস করে দেন রাজশাহী বন্ধুসভার বন্ধু রেজাউল করিম।

একনজরে
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী মহিলা কলেজ, রাজশাহী কলেজ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বাঘা, বাগমারা, গোদাগাড়ী, নাচোল, লালপুর ও রাজশাহী বন্ধুসভা
ছবি তুলেছেন: ওমর ফারুক, শহিদুল ইসলাম
মঞ্চ সজ্জা: রুবেল
আয়োজক: বন্ধুসভা রাজশাহী
সহযোগিতায়: মানুষের জন্য ফাউন্ডেশন, মাত্রা