কার্পাস মহলে ফিরছে তুলার সুদিন
তুলা উৎপাদনের কারণে পার্বত্য চট্টগ্রামের পরিচিতি ছিল কার্পাস মহল হিসেবে। কিন্তু জুমখেতের উর্বতাশক্তি কমে যাওয়ায় তুলার উৎপাদনও কমেছে। তবে এবার বান্দরবানে সিবি-১২ জাতের তুলার পরীক্ষামূলক আবাদ সফল হওয়ায় আশান্বিত চাষিরা। জুমের প্রচলিত জাতের তুলনায় এই তুলার ফলন প্রায় আড়াই গুণ বেশি।
সিবি-১২ বা কটন বোর্ড-১২ জাতের তুলা সমতলে চাষ হয়। পাহাড়ে এই তুলার চাষ সফল হবে কি না, এমন সংশয় ছিল। এবার ফলন ভালো হওয়ায় সামনের বছর আরও অনেক চাষি এই জাতের তুলা চাষ করবেন বলে আশা করছেন পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের কর্মকর্তারা। সংস্থার উদ্যোগে এ বছর বান্দরবানের ৪০০ হেক্টর জমিতে সিবি-১২ জাতের তুলা চাষ হয়।
চিম্বুক পাহাড়ের ম্রেলংপাাড়া, যামিনীপাড়া, রামরিপাড়া, চিম্বুক বাগানপাড়া ও এম্পুপাড়ার গিয়ে দেখা গেছে, জুমখেতে সিবি-১২ জাতের তুলার ফলন এসেছে। এখানকার চাষিরা তুলার ভালো ফলন নিয়ে উচ্ছ্বসিত। জেলার রেনিক্ষ্যংপাড়ার করই ম্রো বলেন, বান্দরবানের পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্র থেকে পরীক্ষামূলক চাষের জন্য তাঁদের সিবি-১২ তুলার বীজ সরবরাহ করা হয়েছিল। কিন্তু ফলন নিয়ে সন্দেহ ছিল বলে অনেকে চাষ করেনি। যারা করেছে তারাও কম পরিমাণে করেছে। ক্রামাদিপাড়ার রেংঙিন ম্রো বলেন, প্রচলিত একটি পাহাড়ি তুলাগাছে ১০-১৫টির বেশি তুলার গুটি হয় না। কিন্তু সিবি-১২ তুলাগাছে ৩০-৩৫টি গুটি হয়।
পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নূর হোসেন চৌধুরী বলেন, পাহাড়ে সিবি-১২ জাতের তুলা চাষ করার জন্য কয়েক বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এবারে সর্বশেষ পরীক্ষামূলক চাষে অনেক ভালো ফলন পাওয়া গেছে। তিনি আরও বলেন, জুমে পাহাড়ি তুলা এপ্রিলের শেষে ও মে মাসে ধানের বীজের সঙ্গে বপন করা হয়। সিবি-১২ তুলার বীজও জুমচাষিদের সেই সময়ে সরবরাহ করা হয়েছে। ধান উঠে যাওয়ার পর তুলাগাছ বেড়ে ওঠে এবং বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুলাগাছে ফুল আসতে থাকে।
পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের গবেষক মংসানু মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রামে বহু আগে থেকে জুমচাষিরা জুমের ধান ও অন্যান্য ফসলের সঙ্গে তুলা চাষ করেছেন। কিন্তু এখন পাহাড়ে জমির উর্বরাশক্তি কমে যাওয়ায় সনাতানি পাহাড়ি তুলার উৎপাদনও কমে গেছে। অনেক জুমচাষি এখন আগের মতো জুমে তুলা চাষ করেনও না। এ অবস্থায় পার্বত্য চট্টগ্রাম বা কার্পাস মহলে আবারও কার্পাস চাষের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য অধিক ফলনশীল সিবি-১২ তুলা চাষে জুমিয়াদের উদ্বুদ্ধ করা হচ্ছে।