কার্বন প্রকল্পে বছরে আয় কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুনতি অভয়ারণ্যে কার্বন প্রকল্পের মাধ্যমে বছরে আয় হবে প্রায় পৌনে তিন কোটি টাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত এ বনভূমির জন্য প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে আন্তর্জাতিক জলবায়ু তহবিল। বনভূমির কার্বন শোষণের বিপরীতে এ অর্থ পাওয়া যাবে। বনে গাছের সংখ্যা ও কার্বন শোষণের হার বাড়লে অনুদানের অর্থও বাড়বে। আগামী ৪৫ বছর পর্যন্ত এ অর্থ পাবে চুনতি অভয়ারণ্য। বর্তমানে প্রতিবছর বনের প্রতি হেক্টরে ৩ দশমিক ৬ মেট্রিকটন কার্বন শোষণ হয়। তবে ১৯ হাজার ১৭৭ একর আয়তনের এ বনভূমির সব অংশ বৃক্ষে আচ্ছাদিত থাকলে এর ১০ গুণ আয় হতো বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের (জিটিজেড) কর্মকর্তা পঞ্চানন ঢালী এবং আইপ্যাকের কর্মকর্তা শীতল কুমার নাথ জানান, এ বছরের জুন মাসেই শুরু হতে পারে চুনতির কার্বন প্রকল্প। তাঁরা জানান, অবাধে বৃক্ষনিধন না হলে, বনভূমির সব অংশে গাছপালা থাকলে বছরে ৩০ কোটি টাকা আয় হতো।চুনতি অভয়ারণ্যের সহকারী রেঞ্জ কর্মকর্তা কে এম মোর্শেদ হোসেন জানান, চুনতি অভয়ারণ্যে বর্তমানে প্রায় ১০-১২ লাখ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, অভয়ারণ্যের ৩০ ভাগ এলাকায় গাছপালা রয়েছে, অবৈধ দখল বা চাষাবাদের জমিতে পরিণত হয়েছে ৩০ ভাগ এবং বাকি ৪০ ভাগ বনভূমির জায়গা পরিত্যক্ত বা খালি রয়েছে।কার্বন প্রকল্প ঘিরে স্থানীয় জনগণের মধ্যে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এ প্রকল্পের সুফল বনসংলগ্ন দরিদ্র জনগণ পাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা। অবাধে বৃক্ষনিধন বন্ধ ও বন বিভাগের জায়গা দখলমুক্ত না হলে এ প্রকল্প থেকে আয় বাড়ানো যাবে না বলে তাঁরা মনে করেন। স্থানীয় বসিন্দা আনিস উদ্দৌলা বলেন, ‘চুনতি অভয়ারণ্যের প্রায় পাঁচ হাজার একর ভূমি অবৈধভাবে প্রভাবশালীরা দখল করে রেখেছে। বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে বনাঞ্চলের কাঠ পাচার হচ্ছে। এমনটা না হলে কার্বন প্রকল্পের মাধ্যমে আয় আরও বাড়ত।’ এ বিষয়ে জানতে চাইলে অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, প্রভাবশালীরা অবৈধভাবে অভয়ারণ্যের জায়গা দখল করে রেখেছে তা সত্য। তবে ঘুষের বিনিময়ে কাঠ পাচারের বিষয়টি অস্বীকার করেন তিনি।উল্লেখ্য, জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতির হাত থেকে প্রতিকার পেতে ক্ষতিগ্রস্ত দেশ থেকে দাবি উঠেছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের। এ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশ আর্থিক সহযোগিতা পাবে। চুনতি অভয়ারণ্য অর্থ পাচ্ছে এ তহবিল থেকে। বাংলাদেশে জিটিজেডসহ কয়েকটি বেসরকারি সংস্থা এ প্রকল্পে কাজ করছে। জানা যায়, বাংলাদেশের ২৭টি বনাঞ্চল ও জলাভূমিকে চিহ্নিত করে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন তহবিল থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সুন্দরবনে মজুদ রয়েছে ১৫ হাজার কোটি টাকার কার্বন।