বাঘাইছড়ির ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কার্যাদেশ দেওয়ার দুই মাসেও নির্মাণকাজ শুরু হয়নি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কার্যাদেশ দেওয়ার দুই মাস পার হয়ে গেলেও এখনো কাজ শুরু করতে পারেনি ঠিকাদার। এতে জরাজীর্ণ বেড়ার ঘরে শ্রেণির কার্যক্রম চালাতে হচ্ছে শিক্ষকদের।
সাজেকের দুর্গম এলাকার এই বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন মাত্র দুজন। শিক্ষার্থীর সংখ্যা ৭৮। ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে আসে না বলে গ্রামবাসী জানায়।
বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালের মাঝামাঝি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ওই এলাকায় সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই। নির্মাণসামগ্রী পরিবহনের ব্যবস্থা না থাকায় বিদ্যালয়টি কাঠ দিয়ে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। গত এপ্রিল মাসে এ বিষয়ে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজ কাজটি পায়। গত ৩০ জুন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। বিদ্যালয় নির্মাণের ব্যয় ধরা হয় ১৭ লাখ ২৭ হাজার ৮০০ টাকা।
এলাকাবাসী জানান, ১৯৯২ সালে ঘূর্ণিঝড়ে বিদ্যালয়টি ভেঙে পড়ে। এরপর স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমে বাঁশের বেড়া দিয়ে তৈরি হয় বিদ্যালয়টি। প্রতি তিন বছর অন্তর নতুন বেড়া দিয়ে বিদ্যালয় ভবন সংস্কার করেন তাঁরা। ২০১৩ সালে এলজিইডি বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নিলে গ্রামবাসী আর সংস্কার করেননি। এ কারণে অল্প বৃষ্টি হলেই পানি পড়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। আকাশে মেঘ দেখলে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন শিক্ষকেরা।
বিদ্যালয়ের অভিভাবক বিহারী রঞ্জন চাকমা বলেন, ‘আমরা নব্বই দশকের পর থেকে বিদ্যালয়টি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে আসছি। সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি। নতুন ভবন নির্মাণের কথা শুনে চলতি বছর বিদ্যালয়টি মেরামত করিনি। এখন সামান্য বৃষ্টি হলেই ক্লাসরুমে পানি পড়ে।’
প্রধান শিক্ষক অপর্ণা চাকমা বলেন, ‘কিছুদিন আগে ঠিকাদার আমাকে মুঠোফোনে বলেছেন বিদ্যালয়ে যাবেন। কিন্তু তারপর আর কোনো যোগাযোগ করেননি। বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এখন আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি দিতে হয়।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজের মালিক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘বৃষ্টির জন্য কাজ শুরু করতে পারছি না। বর্ষা চলে গেলে শুকনো মৌসুম এলে বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু করা হবে।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, ‘গত ৩০ জুন কার্যাদেশ দেওয়া হয়েছে। ছয়নালছড়া এলাকায় কোনো সড়ক পথ না থাকায় নির্মাণসামগ্রী পরিবহন করা কষ্টসাধ্য। এ কারণে কাঠ দিয়ে বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। কাজ শুরুর জন্য ঠিকাদারকে নোটিশও দিয়েছি। বৃষ্টির জন্য ঠিকাদার কাজ শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন।’