
খানা-খন্দে ভরা দীঘিনালা সদর উপজেলা সড়ক সংস্কার করার জন্য দরপত্র আহ্বান করার পর কার্যাদেশও দিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ বছর মার্চ মাসের শুরুর দিকে কাজটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান এখনো সড়ক মেরামতের কাজই শুরু করেনি। এতে দুর্ভোগে বাড়ছে উপজেলার বাসিন্দাদের।
খাগড়াছড়ি সওজের উপসহকারী প্রকৌশলী মো. আবদুস সালাম জানান, দীঘিনালা থানা বাজারের ৫০০ মিটার দৈর্ঘ্যের সড়ক সংস্কারের জন্য সাত লাখ ৭৮৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৩ সালের ১৮ নভেম্বর দরপত্র আহ্বান করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রবিরণ চাকমা’ কাজটি পায়। কিন্তু প্রতিষ্ঠানটি গত চার মাসেও কাজ শুরু করেনি। এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি।
সরেজমিনে দেখা যায়, আধা কিলোমিটার সড়কটির হর্টিকালচার সেন্টার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা কৃষি কার্যালয়সহ বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। রাস্তার পিচঢালাই উঠে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। তৈরি হচ্ছে যানজট।
স্থানীয় বাসিন্দাদের অনেকে অভিযোগ করেন, দীঘিনালা থানা বাজারের এই সড়কটি ২০১২ সালে সংস্কার করা হয়েছিল। কিন্তু সংস্কারের এক মাসের মধ্যে সড়কটি আবার ভেঙে যায়। গত দুই বছরে আর কোনো সংস্কার করা হয়নি এ সড়কের। অটোরিকশাচালক মিলন কান্তি চাকমা বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন চার থেকে পাঁচ শ যানবাহন চলাচল করে। সড়কটির এখন যে অবস্থা, তাতে গাড়ি চালাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে।’
বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, উপজেলা সদরের এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের এই হাল লজ্জাজনক। চার মাস আগে কার্যাদেশ দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি। এ ব্যাপারে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে সওজ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা চার মাস আগেই সড়কটি সংস্কারের জন্য কার্যাদেশ দিয়েছি। এখনো সংস্কারকাজটি শেষ করার জন্য চিঠি দিয়ে তাগাদা দিচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি সংস্কার না করলে তাঁদের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে।’